'সব ম্যাচই কঠিন হবে'

তাঁর শারীরিক গড়ন, খেলার ধরন কিছুই যেন ঠিক ব্রাজিলের সঙ্গে যায় না। কিন্তু লুইস ফেলিপে স্কলারির দলে হাল্ক গুরুত্বপূর্ণ এক সদস্যই । ফিফা ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে জেনিত সেন্ট পিটার্সবার্গ ফরোয়ার্ড কথা বললেন ব্রাজিলের সম্ভাবনা নিয়ে...
l আপনি কি লক্ষ করেছেন আপনাকে নিয়ে ধারণাটা ব্রাজিলে বদলে গেছে? আপনার ব্যাপারে অনেকেরই সন্দেহ ছিল, কিন্তু আপনি সেলেসাওদের প্রথম একাদশে নিজেকে অবিচ্ছেদ্য করে তুলেছেন...
হাল্ক : হ্যাঁ, এটা স্বাভাবিক । ব্রাজিলে খুব বেশি লোক আমার সম্পর্কে জানত না। ২০১২ অলিম্পিক গেমসে ও ২০১৩ কনফেডারেশনস কাপে ব্রাজিলের জার্সি গায়ে চড়ানোর পরই অনেকে আমাকে চিনতে শুরু করেছে। এখন আমি দেখতে পাচ্ছি আমার স্বীকৃতিও আগের চেয়ে অনেক বেড়েছে। আমি এখন অনেক বেশি খুশি।
l গোল তো আপনি করেনই, কিন্তু আপনার প্রতি স্কলারির পক্ষপাতের অন্যতম কারণ দ্রুত নিজেদের অর্ধে ফিরে গিয়ে দলকে রক্ষণে সাহায্য করা...
হাল্ক: ঠিক। ফেলিপাও (লুইস ফেলিপে স্কলারি) ইউরোপিয়ান ফুটবলে অনেক সময় কাটিয়েছেন (চেলসি ও পর্তুগালের কোচ হিসেবে) । ফরোয়ার্ডদের রক্ষণে সাহায্য করার ব্যাপারে তিনি অনেক জোর দেন। এই ধারণাটা ব্রাজিলের চেয়ে ইউরোপেই বেশি পরিচিত। আমাদের জাতীয় দলে সবাইকেই এই ভূমিকাটা পালন করতে হয়, এমনকি সবার ওপরে যে খেলে, সেই সেন্ট্রাল স্ট্রাইকার ফ্রেডকেও। এফসি পোর্তোতে খেলার সময় থেকেই আমি এতে অভ্যস্ত। আমি মনে করি এটা বেশ কাজেও দেয়, যখন আমাদের কাছে বল থাকে না, তখন রক্ষণের কাজটা তো করতেই হবে!
l ব্রাজিলের ২০১৩ কনফেডারেশনস কাপজয়ী দলটির অনেকেই দলের আবহের বেশ প্রশংসা করেছেন। এটা কীভাবে হয়েছে?
হাল্ক: এই দলটা আসলেই দুর্দান্ত। অনেক আগে থেকেই সেলেসাওতে প্রতিভার ছড়াছড়ি, আমি যখন ডাক পাই তখন থেকে তো বটেই। কিন্তু এর পর আমাদের একটা ক্রান্তিকালের ভেতর দিয়ে যেতে হয়েছে। আমরা তখন নিজেদের শক্তিটা দেখাতে পেরেছি। ফলে যেটা হয়েছে, আমরা একটা নিরেট দল হিসেবে গড়ে উঠতে পেরেছি। কনফেডারেশনস কাপে সেটাই হয়েছে। আর এটার পেছনে কিন্তু ফেলিপাও-ই ছিলেন। এরপর দলে খুব বেশি পরিবর্তন আসেনি। আমরাও ধীরে ধীরে থিতু হতে পেরেছি। কোনো সমস্যাও হয়নি।
l স্কলারি কীভাবে পুরো দলকে এক সুতোয় গেঁথেছেন?
হাল্ক: তিনি যা বলেন তার জন্য না যতটা, তার চেয়ে অনেক বেশি তাঁর ধরনের জন্য। তিনি খেলোয়াড়দের এমনভাবে কাছে টেনে নেন সবাই মনে করে তারা যেন নিজের ঘরেই আছে। তিনি জানেন কার কাছ থেকে কতটুকু প্রত্যাশা করতে হয়, সে অভিজ্ঞই হোক আর নবীন। উদাহরণ হিসেবে বলি, তিনি আমাদের সবাইকে একসঙ্গে দুপুর ও রাতের খাবার খেতে বলেন। এবং শেষ না হওয়া পর্যন্ত সবাই একসঙ্গেই থাকে। এটা আমাদের অভ্যাসই হয়ে গেছে, আমাদের অনেক উপকারও হয়েছে এতে। এটা হয়তো আমাদের নৈমিত্তিক ব্যাপার, কিন্তু দলের ভেতরের বন্ধনটা অটুট রাখতে এটা ভীষণ সাহায্য করে। দলের সংহতি কী করে রক্ষা করতে হয়, অন্য যে কারও চেয়ে ফেলিপাও ভালো জানেন।
l ব্রাজিলের গ্রুপে যারা আছে, ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুনের অনেকের সঙ্গে তো আপনি খেলেছেন। কেমন লড়াই আশা করছেন আপনি?
হাল্ক: প্রথমেই যেটা বলতে হয়, সব ম্যাচই কঠিন হবে। তারা শুধু ভালো দল বলেই নয়, তারা ব্রাজিলের মাঠে ব্রাজিলের মুখোমুখি হবে ভেবেই বেশ রক্ষণাত্মক থাকতে পারে। তাই ফাঁকা পেলেই আমাদের সেটার পুরো ফায়দা নিতে হবে। কনফেডারেশনস কাপে এটাই হয়েছিল। প্রায় সব ম্যাচের শুরুতেই আমরা একটা গোল পেয়ে গিয়েছিলাম। যেটা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল । এটা আমাদের স্বাতন্ত্র্য আরও ভালো করে মতো চিনিয়েছে—ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের সঙ্গে প্রেসিং করে খেলা।
l শেষ প্রশ্ন, আপনার দৃষ্টিতে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল কারা?
হাল্ক: বিশ্বকাপে ঐতিহ্যগত বড় দলগুলো ছাড়া অন্য কারও ওপর ভরসা করা কঠিন, ইতিহাস তাই বলে। ব্রাজিল, স্পেন, জার্মানি, ইতালি, হল্যান্ড ও আর্জেন্টিনার নামই আপনাকে নিতে হবে। তারা সবাই দারুণ দল, ভালো করে সচরাচর। তবে এদের বাইরে, আমার মনে হয় উরুগুয়ে ও বেলজিয়াম এবার সবাইকে চমকে দিতে পারে।