'সবকিছুর ওপরে বিশ্বকাপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিনেদিন জিদান
জিনেদিন জিদান

ব্রাজিলকে পেলেই জিনেদিন জিদান নিজেকে তুলে নিতেন অন্য উচ্চতায়। ১৯৯৮, ২০০৬-এ সেটা দেখা গেছে। সামনের বিশ্বকাপটা ব্রাজিলে, সেখানে অবশ্য জিজু মাঠে নেই। তবে ফিফা ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে খুলে দিলেন স্মৃতির ঝাঁপি, কথা বললেন নিজের বিশ্বকাপ স্মৃতি, ফ্রান্সের সম্ভাবনাসহ অনেক কিছু নিয়েই...
ফিফা ডট কম: ২০০৬ বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে কোয়ার্টার ফাইনালে আপনি দারুণ খেলেছিলেন। সেটার ফুটেজ দেখলে কেমন লাগে?
জিনেদিন জিদান: খুবই ভালো। সত্যি বলতে কি নিজের ম্যাচগুলোর ভিডিও খুব একটা দেখা হয় না আমার, কিন্তু সুখের স্মৃতিগুলো তো দ্রুতই ফিরে ফিরে আসে। সেদিন মাঠে কিছু একটা জাদু ছিল, আমি ও আমার সতীর্থরা সেটা টের পাচ্ছিলাম। আমাদের আসলেই অসাধারণ কিছু খেলোয়াড় ছিল। সেই সময়টা আসলেই স্পেশাল ছিল।
 ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স কি ওটাই?
জিদান: অনেকেই তাই বলে। কিন্তু আমি অতটা নিশ্চিত নই। ওটা অবশ্যই আমার সেরাগুলোর একটা, কিন্তু সেরা বলতে আসলে কী বোঝায়? আমি মনে করি এমন আরও কিছু পারফরম্যান্সও ছিল, অন্তত আমার কাছে।
 এটা অস্বীকার করার উপায় নেই, ব্রাজিল আপনাকে সব সময় অনুপ্রাণিত করে। ২০০৬ বিশ্বকাপের সেই ম্যাচ তো বটেই, ১৯৯৮ ফাইনালেও সেটা দেখা গেছে। ব্রাজিলই কি আপনার সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ?
জিদান: এটা কিছুটা অদ্ভুত। ব্রাজিলকে আমি সব সময় ফুটবলের সেরা দেশ হিসেবেই দেখি। আমার ক্ষেত্রে তারা সব সময় আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। ওদের সঙ্গে নিজের খেলাটা আমি অন্য উচ্চতায় নিতে পেরেছি। আমার সতীর্থরাও সেটা পেরেছে। যখনই আমরা সেলেসাওদের সঙ্গে খেলেছি, আমাদের মনে হতো আমরা কিছু একটা করতে পারব। আমরা হয়তো আন্ডারডগ ছিলাম, কিন্তু সেটাই আমাদের সেরাটা বের করে এনেছিল।
 ওই দুই ম্যাচে বলতে গেলে একাই ব্রাজিলকে লজ্জায় ডুবিয়েছেন। যদিও ব্রাজিলিয়ানরা সেটা কখনোই মনে পুষে রাখেনি। ব্রাজিলের সঙ্গে একটু বেশিই স্বচ্ছন্দ বোধ করেন?
জিদান: আমার মনে হয় ‘লজ্জা’ শব্দটা একটু বেশি হয়ে যায়। আমরা জিতেছি। ব্যস, এটাই (হাসি)! কিন্তু এটা সত্যি, কেন ওরা আমার ওপর রাগটা পুষে রাখবে বলুন! যখনই আমি এখানে আসি, সবাই আমার অনেক প্রশংসা করে। অথচ তারা কিন্তু আমাকে ঢিলও মারতে পারত (হাসি)। মজার ব্যাপার হলো, মারিও জাগালো ১৯৯৮ সালে যখন ব্রাজিলের কোচ ছিলেন, তাঁর একটা কথা আমার হূদয় ছুঁয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন যদি ব্রাজিলের বাইরে একজনকে খেলাতে পারতেন, তাহলে তিনি আমাকেই বেছে নিতেন। ‘দ্য প্রফেসর’, জাগালোর কাছ থেকে এটা আমার জন্য বিশাল একটা প্রশংসা।
 একভাবে বলা যায়, ব্রাজিলিয়ান ফুটবলেই বাতাস পেয়েছে আপনার ফুটবল।
জিদান: অবশ্যই। যখন আমি ছোট ছিলাম, বন্ধুদের সঙ্গে আমরা বিশ্বকাপ-বিশ্বকাপ খেলতাম। সবাই খেলতে চাইত ব্রাজিলের হয়ে। এই দেশটা সব সময়ই আমার জীবনের একটা অংশ ছিল। এরপর আমার স্বপ্ন সত্যি হয়েছে, বিশ্বকাপে ওদের বিপক্ষে খেলতে পেরেছি। নিজেকে বলেছিলাম, ‘যাও, উপভোগ করো। খারাপ হলে আর কীই-বা হবে? এমনকি হারলেও কেউ তোমাকে দুষবে না। নিজের সেরাটা দাও, মজা করো। এবং যদি ব্রাজিলকে হারাতে পারো, এটা এমন কিছু একটা হবে যেটা ক্যারিয়ার শেষে তুমি মনে রাখতে পারবে।’
 ব্রাজিলিয়ান ফুটবল নিয়ে আপনার সবচেয়ে পুরোনো স্মৃতি?
জিদান: ১৯৮২ বিশ্বকাপ। তখন আমার বয়স ১০। সক্রেটিস, জিকো, হুলিও সিজারের সেই হলুদ জার্সি...এখনো মনে পড়ে। সেই দলে তারকার তো অভাব ছিল না।
 আপনার ওপর কোন ব্রাজিলিয়ানের প্রভাব সবচেয়ে বেশি ছিল?
জিদান: অনেকজনের নামই বলতে হয়। তবে একজনের কাঁধে কাঁধ ঘষার সুযোগ পেয়েছিলাম আমি, রিয়াল মাদ্রিদে আমি তার সঙ্গে খেলেছিলাম, রোনালদো। আমার কাছে সে-ই সেরা।
 ব্রাজিল নামটা শুনলে কেমন বোধ হয় আপনার?
জিদান: উদ্যাপন, আনন্দ, সুখ এবং হলুদ জার্সি! ক্লাস, বিনোদন। এসব আসলে সবাই জানে। আমার মনে হয় এটা অসাধারণ টুর্নামেন্ট হতে যাচ্ছে।
 বিশ্বকাপে তো ফ্রান্সও আছে। বাছাইপর্বটা কেমন দেখলেন?
জিদান: তারা উতরে গেছে, এটা ভালো খবর। ফ্রান্স এমন একটা দেশ, বিশ্বকাপে যাদের থাকতেই হবে। আর বাছাইয়ে যেটা হয়েছে সেটা এখন অতীত, যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা ব্রাজিলে আছি।
 আপনি কি মনে করেন সংগ্রাম করে বিশ্বকাপে যাওয়ায় পরের চ্যালেঞ্জগুলো জিততে সহজ হবে আপনাদের জন্য?
জিদান: অবশ্যই। বাছাইপর্ব কঠিন একটা পর্যায়। যখন আপনি এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে যাবেন তখন নিজেকে বলবেন, ‘আমরা পেরেছি!’ এরপর পুরোটাই নতুন একটা প্রতিযোগিতা। বাছাইয়ের পর টুর্নামেন্টের আরও ছয় মাস বাকি। তখনই আপনার প্রস্তুত থাকতে হবে, শারীরিক ও মানসিকভাবে। সেটা পুরোটাই আলাদা একটা ব্যাপার। আশা করি, জুন আসতে আসতে ওরা প্রস্তুত হয়ে যাবে।
 বিশ্বকাপে লা ব্লুজদের সম্ভাবনা কেমন?
জিদান: ভালো সম্ভাবনা আছে। তারা কতটুকু ভালো সেটা নিয়ে আমরা জল্পনা-কল্পনা করতে পারি, কিন্তু ছয় মাসের মধ্যেই তাদের সেরাটা দেওয়ার জন্য ও বড় কিছু পাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হতে হবে। আর ভালো খেলার জন্য ফ্রান্সের অনেক খেলোয়াড়ই আছে।
 বিশ্বকাপ জয়ের অনুভূতিটা কেমন? বিশেষ করে ব্যক্তিগত পর্যায়ে?
জিদান: সবকিছুর ওপরে বিশ্বকাপ। সবাই এখানে খেলার স্বপ্ন দেখে, পারে খুব কম জনই। যখন সেখানে যাবেন তখন স্বপ্ন থাকে সর্বোচ্চ, ফাইনালে যাওয়া, সেটা জেতার চেষ্টা করা। যখন এটা করতে পারবেন, তখন আপনার অনুভূতি হবে অন্য রকম। এটাই একজন ফুটবলারের সবচেয়ে বড় স্বপ্ন।