'সবচেয়ে কঠিন বিশ্বকাপ'

শুরুতেই বড় কোনো বাধার মুখোমুখি হতে হবে না। বাছাইপর্ব পেরিয়ে আসা কোনো দলের বিপক্ষে ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে ক্যানবেরায়। ২০১৫ বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশ দল এ রকম আরও একটা সহজ প্রতিপক্ষ পেলেও বাকি চার প্রতিপক্ষই প্রবল পরাক্রমশালী—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।
ওয়েলিংটনে গতকাল হয়ে যাওয়া বিশ্বকাপের গ্রুপিং দেখে তাই বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম মেনে নিচ্ছেন, ‘এটাই সম্ভবত আমাদের জন্য সবচেয়ে কঠিন বিশ্বকাপ হবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের জন্য কন্ডিশনটা উপযুক্ত। শ্রীলঙ্কারও ওখানে খেলার অনেক অভিজ্ঞতা আছে। আমরা কতটা ভালো প্রস্তুতি নিতে পারি, সেটিই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’
তার পরও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপ যেন বাড়তি রোমাঞ্চের হাতছানি দিচ্ছে বাংলাদেশ অধিনায়ককে, ‘ব্রিসবেন, মেলবোর্ন এবং অ্যাডিলেডে প্রথমবারের মতো খেলার সুযোগ আসবে, সে জন্যই বেশি ভালো লাগছে। নিউজিল্যান্ডও চমৎকার, আমার ভালো লাগে দেশটা। সর্বশেষ সফরে হ্যামিল্টনে আমাদের ভালো পারফরম্যান্স ছিল, সেখানকার আবহাওয়াতেও আমরা সহজে মানিয়ে নিতে পারি।’
বাংলাদেশ দল শক্ত গ্রুপে পড়েছে সন্দেহ নেই। তবে মুশফিকের মতো এ নিয়ে অতটা চিন্তিত নন জাতীয় দলের কোচ শেন জার্গেনসেন, ‘দুটো কারণে আমি একদমই চিন্তিত নই। যে মাঠগুলোতে আমরা খেলব, কন্ডিশনের কারণে সেগুলো আমাদের সাহায্যই করবে। অ্যাডিলেড, ক্যানবেরা, মেলবোর্ন এবং নিউজিল্যান্ডের দুটি মাঠও। তা ছাড়া আমাদের গ্রুপে বাছাই পর্ব থেকেও দুটি দল আসবে।’ বাংলাদেশের জন্য গ্রুপে সবচেয়ে শক্ত প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকেই মানতে হবে। গ্যাবার এই ম্যাচটাকে চ্যালেঞ্জিং বলছেন কোচও, ‘গ্যাবাই শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমাদের। তবে আমি আত্মবিশ্বাসী, ওই ম্যাচের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করে তোলার মতো অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের আছে।’
নিজে অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ার মাঠঘাট তাই ভালো চেনা শেন জার্গেনসেনের। সে অভিজ্ঞতা থেকেই কোচ মনে করছেন, এক ব্রিসবেন ছাড়া অন্য কোনো মাঠের উইকেটই বাংলাদেশ দলের জন্য ভয়ের কারণ হবে না। কোথাও কোথাও তো স্পিনারদের জন্য কিছু টার্নও আশা করছেন তিনি। খেলোয়াড়দের আশ্বস্ত করলেন, ‘এ মাঠগুলো সম্পর্কে আমার আর কোরির (ফিল্ডিং কোচ কোরি রিচার্ডস) খুব ভালো ধারণা আছে।’
শক্ত গ্রুপে পড়লেও বরাবরের মতো ২০১৫ বিশ্বকাপেও বাংলাদেশ দলের প্রাথমিক লক্ষ্য থাকবে দ্বিতীয় রাউন্ডে যাওয়া। কোচ স্বপ্ন দেখাচ্ছেন এখনই, ‘দ্বিতীয় রাউন্ডে গেলে আমরা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠব। বিশ্বকাপে এরপর যেকোনো কিছুই সম্ভব।’ একবার জয়রথ ছোটাতে পারলে জার্গেনসেনের কাছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও বাধা হবে না, ‘এটা বিশ্বকাপ। র্যাঙ্কিংয়ের ওপরের দিকে থাকা কিছু দলকেও টেনে নামাতে হবে আমাদের। তাহলে বিশ্বকাপের দুই স্বাগতিকই নয় কেন?’