জাতীয় দলের অনেক খেলোয়াড়ের দল রাজশাহীতে ২০০৪-০৫ মৌসুমে ঢুকে নিয়মিত তো খেলছেনই, দলের নির্ভরযোগ্য খেলোয়াড়ও তিনি। ব্যাটিংয়ে আস্থার প্রতীক, বল হাতেও কার্যকরী। কাল তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে রাজশাহী ম্যাচ জেতার পর ফরহাদ হোসেন কথা বললেন প্রথম আলোর সঙ্গে আপনার সেঞ্চুরিতে দল জিতল, কেমন লাগছে?ফরহাদ হোসেন: খুবই ভালো লাগছে। সেঞ্চুরি করেছি, সেই সঙ্গে দলও জিতেছে। এর আনন্দই আলাদা। এটি নিয়ে কটি সেঞ্চুরি হলো জাতীয় লিগে?ফরহাদ: এর আগে একটি সেঞ্চুরি করেছি। গত বছর সিলেটের বিপক্ষে করেছিলাম সেটি। এবার তো শুরু থেকেই রান পাচ্ছেন...ফরহাদ: এর আগেও জাতীয় লিগে রান পেয়েছি। কিন্তু ভালো রানের ইনিংসগুলোকে সেঞ্চুরিতে পরিণত করতে পারতাম না। ৮০-৯০ রান করেই আউট হয়ে যেতাম। এবার শুরু থেকেই টার্গেট ছিল বড় স্কোর করব। আমার বিশ্বাস ছিল, উইকেটে টিকে থাকলেই রান হবে। আপনি ক্রিকেটে কীভাবে এলেন?ফরহাদ: ছোটবেলা থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতাম। ১৯৯৮ সালে রাজশাহীর ক্রিকেট কোচ নাজমুল আহসান সাদ আমাকে ক্রিকেটে নিয়ে আসেন। তবে আমার ক্রিকেটার হওয়ার পেছনে একটা গল্প আছে। সেটা কেমন?ফরহাদ: একবার ক্রিকেট প্র্যাকটিস করার জন্য আমার এক ফুফাতো ভাইয়ের কাছ থেকে একটা ট্রাউজার চেয়ে এনেছিলাম। কিন্তু সপ্তাহ দুয়েক যেতে না-যেতেই আমার ফুফু ওই ট্রাউজারটা নিয়ে যায়। ওটা পরেই যেহেতু নিয়মিত প্র্যাকটিসে যেতাম, তাই ট্রাউজারটা নিয়ে গেলে আমার খুব খারাপ লেগেছিল। বাসায় লুকিয়ে লুকিয়ে কেঁদেছিলাম। তারপর?ফরহাদ: এর পর আমার বড় ভাই কোত্থেকে যেন টাকা জোগাড় করে রাজশাহী রেলস্টেশন থেকে একটা ট্রাউজার কিনে দেন। কিন্তু আমার ফুফু ওই ট্রাউজারটা নিয়ে গিয়েছিল বলে আমার ভেতরে এক ধরনের জিদ তৈরি হয়। আমি তো ক্রিকেট খেলার জন্যই ট্রাউজারটা নিয়েছিলাম। কিন্তু উনি সেটা নিয়ে গেলেন। এরপর ঠিক করি যেভাবেই হোক, ভালো একটা পর্যায়ে ক্রিকেট খেলতেই হবে আমাকে। এখন ইনশাআল্লাহ অনেক কেডস আর ট্রাউজার পাই। ওই ফুফাতো ভাই আমার কাছ থেকে এখন প্রায়ই ট্রাউজার আর কেডস নিয়ে যায়। আপনার পরিবারে কে কে আছে?ফরহাদ: আমার বাবা-মা আছেন। আমরা চার ভাই। কোনো বোন নেই। আমার বাবার একটা সেলুন ছিল। কিন্তু এখন আর উনি কাজ করেন না। তাঁর কিডনির অপারেশন করার পর এখন বাড়িতেই থাকেন। নিশ্চয়ই জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন... ফরহাদ: জাতীয় দলে খেলার স্বপ্ন কার না থাকে বলুন? আশা করি একদিন দেশের হয়ে খেলব। লিগ শেষে নিজেকে কোথায় দেখতে চান?ফরহাদ: এবারের লিগে সবচেয়ে বেশি রান করতে চাই। আপনাদের দলে তো দুজন ফরহাদ। এটা নিয়ে কি কোনো সমস্যা হয় না দলে? কোনো মজার গল্প আছে এটা নিয়ে?ফরহাদ: রাজশাহী দলে দুজন ফরহাদ বলে প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয় আমাদের। ফরহাদ রেজাকে অনেকেই চেনে। কখনো আমি যদি ভালো রান করি বা সেঞ্চুরি করি তাহলে দেখা যায় ভুলে ওর ছবি ছাপা হয় পত্রিকায়। এটা নিয়ে অনেকে হাসাহাসিও করে। আমি ভালো খেললে অনেকেই ওকে ফোন করে বলে, ভালোই তো খেলেছ।