ওয়ানডে দলে নিয়মিতই, কিন্তু ২০০৮ সালে দুটো ম্যাচ খেলেই বাদ পড়েছিলেন টেস্ট দল থেকে। দলে ফিরে ইংল্যান্ডের বিপক্ষে খেললেন দুটো টেস্টই, কাল পেয়ে গেছেন ক্যারিয়ারের প্রথম ফিফটিও। বাংলাদেশের রান চারশ পার করানোর অন্যতম নায়ক নাঈম ইসলাম, কথা বললেন জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ এবং ঢাকা টেস্ট নিয়ে... টেস্টে প্রথম ফিফটি করলেন, কেমন লাগছে?নাঈম: খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে দলের জন্য। আমার ইনিংসটা দলের রানটাকে চারশ পার করাতে সাহায্য করেছে, এ জন্য আরও ভালো লাগছে। দিনের খেলা যখন শুরু হলো, শফিউল ইসলামকে কী বলেছিলেন?নাঈম: খেলা শুরুর আগে শফিউলকে বলেছিলাম টিম ব্রেসনানকে একটু বেশি সতর্কতার সঙ্গে খেলতে, কারণ ব্রেসনান খুব ভালো বোলিং করছে। একমাত্র ওই মনে হয় একটু রিভার্স স্যুইং পাচ্ছিল। আর বলেছিলাম কনফিডেন্ট থাকতে। ও অবশ্য শুরু থেকেই আত্মবিশ্বাসী খেলাই খেলেছে। সোয়ান আসার পর বলেছিলাম ওকে নিচে নিচে খেলতে, বাতাসে না খেলতে। শফিউলের ব্যাটিং কেমন দেখলেন?নাঈম: দারুণ। খুবই ভালো ব্যাটিং করেছে। ওর ব্যাটিং আমাকেও আত্মবিশ্বাস জুগিয়েছে। ব্যাটিং নিয়ে কাজ করলে খুব ভালো অলরাউন্ডার হয়ে ওঠার সম্ভাবনা আছে ওর।আপনার নিজের ব্যাটিং নিয়ে বলুন, ঘরোয়া লিগে চার-পাঁচে ব্যাট করেন আর জাতীয় দলে করতে হয় লোয়ার অর্ডারে। নিজের ভবিষ্যত্ কীভাবে দেখছেন?নাঈম: দেখুন আমি টেস্টে কেবল কামব্যাক করলাম। এখনই তো আর আমার জন্য জায়গা রেডি হয়ে থাকবে না। নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। যে পজিশনেই ব্যাটিং করি না কেন, যদি ক্রমাগত রান পেয়ে যাই তাহলে প্রমোশন পাবই। রিয়াদও তো রান পেয়েছে বলেই উপরে উঠেছে। আমি শুধু রান করার কথাই ভাবছি।দলে ফিরে তো একটু চাপেও ছিলেন, একটু রান পাওয়ায় নিশ্চয়ই স্বস্তি পাচ্ছেন?নাঈম: এক ধরনের স্বস্তি তো আছেই। অন্তত একটা ফিফটি এখন নামের পাশে আছে। কিন্তু আরও বড় ইনিংস খেলতে চাই, আরও ধারাবাহিক রান করতে চাই।মাঝে মাঝে অনেক আক্রমণাত্মক ব্যাটিং করেন, কখনো কখনো আবার ধীরস্থির, জাতীয় দলে ঢোকার আগে কিন্তু আপনি খুব ঠান্ডা মাথার ব্যাটসম্যান ছিলেন...নাঈম: আসলে লোয়ার অর্ডারে ব্যাটিং করি, দলের প্রয়োজনেই মাঝে মাঝে বিগ শট খেলতে হয়। এ জন্য নিজের ব্যাটিং টেকনিকে পরিবর্তন আনতে হয়েছে। এতে কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করছি সব ধরনের পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার মতো ব্যাটসম্যান হয়ে উঠতে।রান তো কিছু পেলেন, এখন দল তো বল হাতেও কিছু চায়...নাঈম: আসলে আমি তো ডানহাতি স্পিনার, ওদের ডানহাতি ব্যাটসম্যান বেশি বলে সাকিব-রাজ্জাক ভাই বেশি বোলিং করেছে। আমার সুযোগ যখন আসবে, বল হাতেও নিশ্চয়ই কিছুটা অবদান রাখতে চেষ্টা করব।ম্যাচের ভবিষ্যত্ কীভাবে দেখছেন, কাল (আজ) লক্ষ্য কী আপনাদের?নাঈম: সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। আজ (গতকাল) যা ছিল, কালও (আজ) তাই, আমাদের লক্ষ্য যত বেশি সম্ভব মিতব্যয়ী বোলিং করা, ডট বল করা। এভাবে ওদের চাপে ফেলতে হবে, আর ওরা বেশিক্ষণ রান না করে থাকতে পারে না। কাজেই ভুল করবেই। দেখা যাক কী হয়।