দুই দিন আগেও তাঁকে কে চিনত? আর এখন? ঘর থেকে দুই পা বের হলেই সবাই চিনে ফেলছে, ডেকে কথা বলছে। কেমন লাগছে এই নতুন জীবন? এসএ গেমস বক্সিংয়ে পুরুষদের ৬০ কেজি লাইট ওজন শ্রেণীতে সোনা জেতা বাংলাদেশের জুয়েল আহমেদ বলছেন সে কথাই সোনা জেতার পর তো দুই দিন কেটে গেল। কেমন লাগছে?জুয়েল আহমেদ: খুবই ভালো লাগছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। সেদিন কখন মনে হয়েছিল আপনি সোনা জিততে যাচ্ছেন?জুয়েল: শ্রীলঙ্কার খেলোয়াড় জয়াসুন্দারাকে সেমিফাইনালে হারানোর পরই মনে হচ্ছিল এবার মনে হয়ে সোনাটা জিতেই ফেলব। নিজেকে কি তারকা তারকা মনে হচ্ছে এখন?জুয়েল: হেসে। হ্যাঁ, একটু একটু। লোকজন তো চিনতে শুরু করেছে নিশ্চয়ই...জুয়েল: হ্যাঁ। তা চিনতে পারছে। আমি আজ (কাল) বিকেলে এক চায়ের দোকানে গিয়েছিলাম চা খেতে। তখন ওই চায়ের দোকানি আমাকে বলল, আপনাকে তো আমি টেলিভিশনে দেখেছি। আপনি বক্সিংয়ে সোনা জিতেছেন না? রাস্তায় বের হলে কেউ কিছু বলে কি না?জুয়েল: রাস্তায় বের হলে সবাই অন্যভাবে তাকায়। মনে হয় চেনার চেষ্টা করে। পত্রিকা আর টেলিভিশনে ছবি দেখেছে তো গত কয়েক দিন। এ জন্যই মনে হয় অনেকেই ওভাবে তাকায়। এখন তাহলে বিখ্যাত হয়ে গেলেন...জুয়েল: হা...হা...হা...। তাই নাকি? কেউ সংবর্ধনা দেওয়ার কথা বলছে কি?জুয়েল: আমার এলাকা রাজশাহী থেকে একটা গণসংবর্ধনা দেওয়া হবে। সেখানে তো উত্সব উত্সব ভাব। সবাই প্রস্তুত আমাকে স্বাগত জানানোর জন্য। আমি এ জন্যই রাজশাহী যাচ্ছি। ওখানে সোনা জেতার প্রতিক্রিয়া কেমন?জুয়েল: রাজশাহীতে তো সবাই খুব খুশি। টেলিভিশনে আমার খেলা দেখার পর থেকেই প্রচুর ফোন পাচ্ছি। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিত লোকজনের কাছ থেকে অনেক এসএমএস ও শুভেচ্ছা পাচ্ছি। রাজশাহীতে আরেকজন সাফজয়ী বক্সার মোশাররফ হোসেন আছেন। উনি কি আপনাকে কোনো শুভেচ্ছা জানিয়েছেন?জুয়েল: না। খেলার পরে ওনার সঙ্গে দেখা হয়নি। তা ছাড়া আলাদাভাবে ওনার সঙ্গে এখনো কোনো কথা হয়নি। রাজশাহীতে আপনার বাড়ি কোথায়?জুয়েল: শিরোইল কলোনি, রেলস্টেশনের পাশে। ফেডারেশন থেকে কি কোনো পুরস্কারের প্রতিশ্রুতি পেয়েছেন?জুয়েল: এখনো কিছু বলেনি। তবে শুনলাম, ফেডারেশন আমাদের ১ লাখ করে টাকা দেবে। দক্ষিণ এশিয়ার সেরা হলেন, পরের লক্ষ্য কী?জুয়েল: এসএ গেমসে সোনা জেতার পর প্রত্যাশা আরও বেড়ে গেছে। এখন আমি এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনা জিততে চাই। আপনার বক্সিংয়ে আসার গল্পটা বলবেন?জুয়েল: আমাদের বাড়ির সামনে একটা বক্সিং ক্লাব আছে। মডার্ন বক্সিং ক্লাব। সেখানে আমার কোচ শফিউল আজম একদিন আমাকে ডেকে বললেন, তুই বক্সিংয়ে আয়। অনেক উন্নতি করতে পারবি। আমিও ঢুকে পড়ি ক্লাব বক্সিং খেলায়। এখন তো বলতে পারেন বক্সিংই আমার ধ্যানজ্ঞান।