দক্ষিণ এশীয় গেমস থেকে সোনা জিতিয়েছেন আবদুর রহিম। কিন্তু গৌরবের নায়ক এই বক্সারকে এখনো কজনই বা চেনে! গেমস শেষে গিয়েছিলেন গ্রামের বাড়ি যশোর, সেখান থেকে কাল ঢাকায় ফেরার পথে কেউ তাঁর একটা অটোগ্রাফ চাইল না, কেউ আগ্রহভরে তাকালও না। আবদুর রহিম নিজে অবশ্য বললেন, এখন তাঁকে অনেকেই চেনে, জীবনটা তাঁর বদলে গেছে অনেক দক্ষিণ এশীয় গেমসের পরের জীবনটা কেমন লাগছে?আবদুর রহিম: জীবনে অনেক পরিবর্তন এসেছে বুঝতে পারছি। এই বাসের মধ্যে আমাকে কেউ না চিনতে পারলেও গ্রামের বাড়িতে গিয়ে বুঝেছি, এসএ গেমসে আমার জয়টা কত বড় (হাসি)! কীভাবে বুঝলেন?রহিম: আমি বাড়িতে (যশোর থেকে ৭ মাইল দূরের নওদা) যাওয়ার পর মা-বাবা তো আমাকে জড়িয়ে ধরলেন, তাদের চোখে পানি দেখলাম। আর দেখি অজস্র লোক। সবাই রীতিমতো উল্লাস করছে। এই হইহল্লা ছাড়া আর কিছু ছিল না? রহিম: হ্যাঁ ছিল, পরের দিন তো সবাই আমার গলায় ফুলের মালা পরিয়ে ঢাকঢোল বাজিয়ে ট্রাকে করে পুরো যশোর শহর ঘুরিয়ে এনেছে। চারদিকে এত সংবর্ধনার ভিড়। কোনো সংবর্ধনা পাননি?রহিম: গ্রামে একটা সংবর্ধনা পেয়েছি। তবে আমাদের এমপি সাহেব (খালেদুর রহমান টিটো) মনে হয় বড় আকারে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ করছেন। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব তেমনই বললেন। এলাকার লোকজন কি আগে জানত, আপনি একজন বক্সার যে এত বড় সম্মান বয়ে আনতে পারে?রহিম: সবাই তো আর জানত না। তবে এখন সবাই বুঝেছে। সবাই আমাকে নিয়ে গর্বিত। কাদের আনন্দ দেখে নিজে সবচেয়ে আনন্দিত হয়েছেন?রহিম: আমার বাবা-মার, বিশেষ করে আমার বাবার। বাবা আমাকে তো বাতিল বলে ধরে নিয়েছিলেন। উনি আমাকে বিকেএসপিতে ভর্তি করিয়েছিলেন। আমি এসএসসি পরীক্ষা শেষ না করেই চলে এসেছি। তারপর গত বছর বিশ্ব বক্সিংয়ে অংশ নিতে ইতালি গেলাম। ফিরে এলে কী রাগ—কেন ফিরে এলাম, এ দেশে বক্সিং করে কী হবে—এসব প্রশ্ন। তবে এখন বুঝতে পারছেন, দেশের গর্বের চেয়ে বড় কিছু নেই। ওদেশে থাকলে টাকা হয়তো কামাতাম, কিন্তু এই সম্মান পেতাম না। এখন তো কিছু অর্থ পুরস্কারও পাবেন?রহিম: হ্যাঁ, এখন কিছু টাকা পাব। প্রধানমন্ত্রী ঘোষিত ৫ লাখ টাকা পাওয়ার আশায় আছি। শুনেছি প্রধানমন্ত্রীর পুরস্কারের পর ফেডারেশনও পুরস্কার দেবে। আবার সেনাবাহিনী থেকেও কিছু পেতে পারি। আপনি তো সেনাবাহিনীতে ছোটখাটো একটা চাকরি করেন, আর কিছু আশা করেন না?রহিম: আশা তো করেইছিলাম। আমাদের সেনাবাহিনী এখন আমাদের সুযোগ-সুবিধার দিকে খুব খেয়াল করে। এই তো যেদিন সোনা জিতলাম, মনে হয় তার চার-পাঁচ দিন পরই আমার পদোন্নতি হয়ে গেল। এখন আমি ল্যান্স করপোরাল। হঠাত্ আপনার হাতে বেশ কিছু টাকা আসবে। এই টাকা দিয়ে কী করবেন?রহিম: আমরা তো গরিব। বাবা স্বাস্থ্য বিভাগে চতুর্থ শ্রেণীর কর্মচারী। তিনি ভীষণ অসুস্থও, একসঙ্গে ক্যানসার, কিডনি রোগে ভুগছেন। এই টাকা অন্য কোনো কাজে লাগানোর সুযোগ নেই। সংসারের পেছনেই ব্যয় করতে হবে। এমনও তো হতে পারে, সরকার আরও সুযোগ-সুবিধা দিল আপনাদের মতো ক্রীড়া-নায়কদের...রহিম: তা দিলে তো ভালোই। তবে আমার কাজ আমি করে যাব। নিয়মিত অনুশীলন করব, আরও সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব। দেশের জন্য কিছু করতে পারার মতো আনন্দ আর নেই। সামনে কী পরিকল্পনা?রহিম: আগামী মাসেই দিল্লিতে কমনওয়েলথ বক্সিং। ওখানেও ভালো করতে চাই। ২২ ফেব্রুয়ারি থেকেই অনুশীলন শুরু করে দিচ্ছি।