‘সবাই আমাকে বলত ম্যারাডোনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল খেলেছেন দক্ষিণ আফ্রিকার বয়সভিত্তিক দলে, জাতীয় দলে খেলেছেন হকি। শেষ পর্যন্ত বেছে নিয়েছেন ক্রিকেটকে। মার্ক বাউচার নামের এক ‘চ্যাম্পিয়নের’ কারণে যদিও ৩টির বেশি টেস্ট খেলা হয়নি, তার পরও ‘এ’ দলের অধিনায়ক হিসেবে বাংলাদেশে আসা উইকেটকিপার-ব্যাটসম্যান থামি সোলেকিলে স্বপ্ন দেখেন বাউচারের অবসরের পর জাতীয় দলে ফেরার... প্রথম দিনের খেলায় কতটুকু সন্তুষ্ট?থামি সোলেকিলে: সত্যি বলতে খুব বেশি নয়। আমাদের লক্ষ্য ছিল ওদের তিন শর মধ্যে আটকে রাখা। আমাদের বোলাররা ধারাবাহিকভাবে ভালো বোলিং করতে পারেনি। তবে ৩ উইকেটে দুই শ থেকে ওদের ৩৪৬ রানে আটকে রাখতে পেরে সন্তুষ্ট। দেখা যাক কাল (আজ) উইকেট কেমন থাকে। এই প্রথম অধিনায়ক হলেন?সোলেকিলে: ঠিক তা নয়। আমার ফ্র্যাঞ্চাইজ কেপ কোবরার হয়ে অধিনায়কত্ব করেছি, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের হয়েও করেছি। এই সফরে আপনাদের লক্ষ্য কী?সোলেকিলে: ‘এ’ দলগুলোর সফরে আসলে খুব বেশি দলীয় লক্ষ্য থাকে না, অভিজ্ঞতা অর্জনই এখানে বড়। বেশ কিছু তরুণ ক্রিকেটার নিয়ে আমরা স্রেফ ভালো খেলতে চাই। আর ব্যক্তিগত লক্ষ্য? বাউচারের ক্যারিয়ার তো শেষ দিকে, ফেরার আশা নিশ্চয়ই করছেন?সোলেকিলে: বাস্তবতাটা আমি বুঝি। বাউচার মানে অন্য কিছু, আমার আদর্শও সে। ও অবসর না নেওয়া পর্যন্ত দলে ফেরা সম্ভব নয়। তবে দলে ফেরার স্বপ্ন তো দেখিই, এ জন্যই এখনো খেলছি। হয়তো আর দুই-তিন বছর খেলেই বাউচার অবসর নেবে। আমি ভালো খেলে যেতে চাই, লাইনে থাকতে চাই। যখন প্রয়োজন পড়বে তখন যেন আমার দিকেই তাকায় নির্বাচকেরা। তবে লড়াইয়ে আমি একাই নই, আরও দু-তিনজন আছে। ২০০৪ সালে আপনার টেস্ট অভিষেক তো এই বাউচারের বদলেই। এটা নিয়ে তখন বেশ বিতর্কও হয়েছিল...সোলেকিলে: তখন যা হয়েছিল, সেটা নিয়ে এখন আর কথা বলতে চাই না। ওটা এখন অতীত। কিন্তু ৩টি টেস্ট খেলেও সুযোগটা কাজে লাগাতে না পেরে আফসোস নিশ্চয়ই আছে?সোলেকিলে: ওই সময় আমি আসলে এখনকার মতো এতটা পরিপক্ব ছিলাম না। হ্যাঁ, হয়তো আরও বেশি টেস্ট খেলতে পারতাম। কিন্তু সেটা নিয়ে ভেবে লাভ নেই। সুযোগ আবার আসবে। আপনি তো জাতীয় হকি দলেও খেলেছেন?সোলেকিলে: হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার হয়ে আমি ৭টি আন্তর্জাতিক হকি ম্যাচ খেলেছি। ১৮ বছর বয়স ছিল তখন। পরে ক্রিকেটকেই সিরিয়াসলি নিলাম। তবে আমার ছোট ভাই লিঙ্গুলে হকি খেলে, দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত ৬৫টি ম্যাচ খেলেছে। যত দূর জানি, অভিষেক ম্যাচে গোলও করেছিলেন?সোলেকিলে: হকিতে আমার একটা বিশ্ব রেকর্ড আছে। অভিষেক ম্যাচে প্রথম টাচেই আমি গোল করেছিলাম। আমার জানামতে, এখন পর্যন্ত এই কীর্তি আর কারও নেই। ক্যারিয়ারের এই পর্যায়ে দাঁড়িয়ে কি মনে হয় হকি খেললেই ভালো হতো?সোলেকিলে: আমার ধারণা, ফুটবলার হলে বেশি ভালো করতাম। তার মানে আপনি ফুটবলও খেলতেন?সোলেকিলে: অনূর্ধ্ব-১৫ ও ১৭ পেশাদার লিগে খেলেছি। খুব ভালো খেলতাম, সে সময় আমাকে সবাই ‘ম্যারা’ বলে ডাকত। ম্যারা মানে ম্যারাডোনা। পরে হকিতে চলে গেলাম। এর পর মনে হলো ক্রিকেটটাই খেলি। কিন্তু সত্যি বলতে ফুটবলেই সবচেয়ে ভালো ছিলাম। এর পর হকি, সবশেষে ক্রিকেট। সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যবশত যেটাই বলি না কেন, বেছে নিলাম ক্রিকেট। দক্ষিণ আফ্রিকায় সামনেই বিশ্বকাপ, হয়তো আপনি থাকতেন এই দলে। ‘জীবনের অঙ্ক মেলাতে ভুল করেছি’—এই আফসোস হয় না?সোলেকিলে: উম...আফসোস ঠিক নেই। ক্রিকেটটাও আমি উপভোগ করছি। তবে আবার যদি সবকিছু শুরু থেকে শুরু করতে বলা হতো, তাহলে হয়তো ফুটবলকেই বেছে নিতাম।