জাতীয় লিগে ৫ ম্যাচে ২২ আর বিসিএলে ৪ ম্যাচে ৫ উইকেট। আহামরি কিছু নয়, কিন্তু পেসারদের এই সংকটকালে এটুকুই যথেষ্ট হয়েছে। ২০০৮ সালে অভিষেক সিরিজে দুটি টেস্ট খেলেই বাইরে চলে যাওয়া বাঁহাতি পেসার অবশেষে ফিরেছেন জাতীয় দলে। মুঠোফোনে কাল কথা হলো সাজেদুল ইসলামের সঙ্গে কতটা প্রত্যাশিত বা অপ্রত্যাশিত ছিল দলে ডাক পাওয়া?সাজেদুল ইসলাম: জিম্বাবুয়ে সফরেই ডাক পাব, এমন আশা করিনি। এবার জাতীয় লিগে ভালোই করেছি, ভেবেছিলাম এরপর ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেললে হয়তো সুযোগ আসবে। নির্বাচকদের ধন্যবাদ আমাকে নেওয়ার জন্য। সালাউদ্দিন ভাই (সিলেট রয়্যালসের কোচ) ও মুশফিককেও অনেক ধন্যবাদ, হুট করে ডেকে এনে বিপিএলের ওই ম্যাচটা (রেস টু ফাইনাল) খেলিয়েছেন। প্রথম খেলতে নেমেই প্রথম দুই বলে দুই উইকেট পেয়েছিলাম। আমার ধারণা, নির্বাচকেরা তখনই আমার কথা ভেবেছেন। এতজন পেসার চোটে, ভাগ্যটাই তো বড় ভূমিকা রেখেছে দলে ফেরায়?সাজেদুল: ভাগ্য কিন্তু সবার সঙ্গে থাকে না। পরিশ্রম করলে ভাগ্যকে পাওয়া যায়। আমি অনেক পরিশ্রম করেছি, এই মৌসুমে কিন্তু আস্তে আস্তে অনেক উন্নতি করেছি। আমি বলব, ভাগ্য আর পরিশ্রম—দুটো মিলিয়েই সুযোগ পেয়েছি। ক্যারিয়ারের শুরুতে সহজাত সুইং বোলার বলে আপনার একটা পরিচিতি ছিল। এত দিন লাগল কেন ফিরতে?সাজেদুল: মূল কারণ ইনজুরি। কোমরের ইনজুরির কারণে আড়াই বছর ঠিকমতো খেলতেই পারিনি। পুরোপুরি ফিট না হয়েই খেলেছি, আবার বাইরে চলে গেছি। পরে একাডেমির কোচ বায়োজিদ ভাই আমাকে নিয়ে অনেক কাজ করেছেন। অনেক কষ্টে ফিরতে পেরেছি। আড়ালে থাকার সময়টা কতটা কষ্টকর ছিল?সাজেদুল: সেটা বলে বোঝানো যাবে না। জাতীয় দল থেকে বাইরে, একসময় দেখলাম আমি কোথাও নেই। আর আমাদের এখানে তো খারাপ সময়ে কাউকে পাশে পাওয়া যায় না, সমর্থন পাওয়া যায় না। খুব কঠিন ছিল সময়টা। আপনার এত বাজে অভিজ্ঞতা হয়েছে, এখন এত ক্রিকেটার ইনজুরিতে। আমাদের ক্রিকেটারদের ইনজুরি ব্যবস্থাপনার ঘাটতি নিয়ে অনেক কথা হচ্ছে...সাজেদুল: ঘাটতি তো আছেই। শিক্ষার অভাব একটা বড় কারণ। আমরা জানি না কীভাবে নিজেকে ইনজুরি থেকে বাঁচতে হয় বা ইনজুরিতে পড়লে কী করতে হয়। আমি নিজেও যেমন ওই সময় বুঝতে পারিনি। নিজের যত্ন ঠিকমতো নিতে পারিনি। এ জন্য ভুগতে হয়েছে। সবাই তো আর মাশরাফি না! ওনার সহজাত প্রতিভা এমন যে বারবার ইনজুরিতে পড়েও ফিরে দারুণ বোলিং করে। কিন্তু আমাদের মতো ক্রিকেটারদের অনেক বেশি কষ্ট করা উচিত। দেশে এখন পেসারদের এত সংকট কেন বলে মনে হয়?সাজেদুল: আমার কিন্তু মনে হয় না পেসার-সংকট আছে। কিন্তু অভাব হলো পেসারদের যত্নের, দেখাশোনা করার। এই যেমন তালহা, ডলার, রবিনরা (মাহবুবুল আলম) একসময় খেলেছে জাতীয় দলে, তার মানে ওদের প্রতিভা-সামর্থ্য আছে। কিন্তু এখন দেখাশোনা করার কেউ নেই। ওরা অনুশীলনের জায়গাও পায় না। একসময় পেসার হান্ট হতো, রুবেল-শফিউলরা বেরিয়ে এসেছে ওখান থেকে। এখন হয় না। ইমরান স্যারের (সারোয়ার ইমরান) কোচিংয়ে আগে ক্যাম্প হতো। জাতীয় দল থেকে শুরু করে সব পর্যায়ের ১৫-২০ পেসার নিয়ে এমন ক্যাম্প সারা বছর হওয়া উচিত। তাহলে বিকল্পের অভাব হবে না। সেই অভিষেক সিরিজের সুখস্মৃতি কী?সাজেদুল: স্টিভেন ফ্লেমিংয়ের আউট (ডানেডিনে), ওর মতো বড় ব্যাটসম্যানকে আউট করেছিলাম দারুণ একটা আউটসুইংয়ে। আর মনে পড়ে আমার সঙ্গেই অভিষেক হয়েছিল তামিমের। আজ ও অনেক বড় ব্যাটসম্যান, ভালো লাগে ভাবতে।