
৯টি গোল খাওয়া একজন গোলরক্ষকের মানসিক অবস্থা কেমন হতে পারে বলাই বাহুল্য। গোল হয়তো একটু বেশিই হয়ে গেছে, তবে পরশু এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে বাংলাদেশের ৯-০ গোলে হার একেবারে অপ্রত্যাশিত ছিল না। সেই অভিজ্ঞতার কথাই বললেন বাংলাদেশ দলের গোলরক্ষক সাবিনা আক্তার
l থাইল্যান্ডের কাছে ওভাবে হেরে আপনাদের সবারই মন খারাপ, জানি। তার পরও যদি একটু বলেন ওই রাতের কথা...
সাবিনা আক্তার: কী আর বলব! আমরা এত বেশি গোল খাব ভাবিনি। কিন্তু হয়ে গেছে। আসলে কিছু করার ছিল না। থাইল্যান্ড অনেক শক্তিশালী দল। এশিয়া কাপে ১৯৮৩ সালে একবার চ্যাম্পিয়ন হয়েছিল। তার পরও আমাদের আশা ছিল, যতটা সম্ভব ভালো করব। পারলাম না, ভীষণ কষ্ট পেয়েছি।
l রাতে কি ঘুম হয়েছিল? নাকি সারা রাত শুধু মনের পর্দায় গোল খাওয়ার দৃশ্যগুলো ভেসেছে?
সাবিনা: ঘুম একদমই হয়নি। চোখ বন্ধ করলেই দেখেছি, ওরা বল নিয়ে আসছে আর গোল করছে। একজন গোলরক্ষকের জন্য এটা ভালো অভিজ্ঞতা নয়। আর যেন এমন রাত জীবনে না আসে সেই প্রার্থনাই করি।
l আপনার বিপক্ষে এর আগে এত বেশি গোল হয়েছে কখনো?
সাবিনা: আমি যশোরের মেয়ে, জাতীয় দলে খেলছি ৪-৫ বছর ধরে (বাংলাদেশে দলে তাঁর উচ্চতাই সবচেয়ে বেশি, ৫ ফুট ৭ ইঞ্চি)। আগে সর্বোচ্চ ৪-৫ গোল খেয়েছি। অবশ্য আগে আমরা দক্ষিণ এশিয়ার দলগুলোর সঙ্গেই কেবল খেলেছি। এবারই প্রথম খেললাম এই অঞ্চলের বাইরের কোনো দলের সঙ্গে।
l বারবার জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়েছে আপনাকে। তখন আসলে কেমন লাগছিল?
সাবিনা: বারবার জাল থেকে বল কুড়াতে কার ভালো লাগে বলেন! আমার তো খুবই খারাপ লাগছিল। কিন্তু ওরা এমনভাবে অ্যাটাক করছিল, আমরা আসলে ওদের কৌশল বুঝতে পারিনি। আমাদের স্যার (কোচ) যেভাবে খেলতে বলেছিলেন, সেভাবেও খেলা সম্ভব হয়নি। আমি নিজে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।
l বিরতির আগে ছিল ৪ গোল। বিরতির সময় আপনাদের মধ্যে কী কথা হয়েছিল?
সাবিনা: আমাদের মধ্যে কথা হয়েছে, গোল আর বেশি খাওয়া যাবে না। বল ঠেকাতে হবে। কিন্তু দেখেন, ওরা এত ফাস্ট, কে কোন দিক থেকে আসছে বোঝা যায় না। আমি কটা ঠেকাব বলেন! ওরা তো সাঁড়াশি আক্রমণ করেছে। এই ধরনের ম্যাচ আগে খেললে আমরা হয়তো এত ঘাবড়ে যেতাম না। সত্যি কথা বলি, ১২ মিনিটে ৩টা গোল খেয়ে যাওয়ায় আমরা মানসিকভাবে ঘাবড়ে যাই।
l একের পর এক যখন গোল হচ্ছিল, মাঠে সতীর্থরা কী ধরনের নির্দেশনা দিয়েছে আপনাকে?
সাবিনা: সবাই বলেছে, সাবিনা এত গোল হচ্ছে কেন? গোল আটকাও। চেষ্টা করো। আমি কী করেছি আপনারা তো দেখেছেন। আমি বল মেরে ক্লিয়ার করি, সঙ্গে সঙ্গে দেখা গেল বল চলে এসেছে বক্সে। আমার জায়গায় অন্য কোনো গোলকিপার থাকলেও সে এটা সামাল দিতে পারত না। আসলে থাইল্যান্ডের সঙ্গে আমাদের খেলার সুযোগ পাওয়াই অনেক বড় ব্যাপার। ওরা অনেক উঁচু মানের দল।
l আজ (কাল) সারা দিন নিশ্চয়ই থাইল্যান্ড ম্যাচটাই ঘুরেফিরে মনের মধ্যে এসেছে। দিনটা কেমন কাটল?
সাবিনা: ওই রকম একটা দুঃস্মৃতি ভুলে যেতে চায় সবাই। কিন্তু ভুলে যেতে চাইলেই এত তাড়াতাড়ি সম্ভব নয়। তার পরও ইরানের সঙ্গে আমরা নতুন করে উজ্জীবিত হয়ে মাঠে নামব। ইনশাআল্লাহ, এ ম্যাচে ভালো করব। আপনাদের দোয়া চাই।