‘সবাইকে মিস করছিলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশীয় গেমস শেষে দেশে ফিরে গিয়েছিলেন সাঁতার কোচ পার্ক তে গুন। গত শনিবার আবারও বাংলাদেশে এসে দায়িত্ব নেন। ইন্দো-বাংলা গেমসে অংশ নিতে কাল দল নিয়ে গেছেন কলকাতায়। সেবার অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এলেও এবার চুক্তি হয়েছে সাঁতার ফেডারেশনের সঙ্গে। কলকাতা যাওয়ার আগে ইন্দো-বাংলা গেমসের প্রস্তুতি এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলে গেলেন এই কোরীয় কোচ আবারও বাংলাদেশে ফিরে কেমন লাগছে?পার্ক তে গুন: (হেসে) খুবই ভালো লাগছে। দেশে গিয়ে সবাইকে মিস করছিলাম। আবারও ফিরতে পেরে, এ দেশের সাঁতার নিয়ে কাজ করার সুযোগ পেয়ে তাই খুব আনন্দ হচ্ছে।  ফেডারেশনের সঙ্গে কত দিনের চুক্তি হয়েছে?পার্ক: এক বছরের চুক্তি হয়েছে।  এবার তো ইন্দো-বাংলা গেমস নিয়ে প্রস্তুতি শুরু করলেন? সেখানে কেমন প্রত্যাশা?পার্ক: প্রত্যাশা আসলে খুব বেশি না। কেন?পার্ক: দেখুন, মাত্র ১৫-১৬ দিনের প্রস্তুতিতে কতটুকু উন্নতি হয় বলুন। এই কটা দিনে কতটুকুই বা কাজ করা যায়। আমি মাত্র এক দিন প্র্যাকটিস করাতে পেরেছি। তবে ইন্দো-বাংলা গেমসের জন্য আরও আগেই অনুশীলন শুরু করা উচিত ছিল। তার পরও আমি আশাবাদী যাতে ভালো ফল নিয়ে আসতে পারি। একটা প্রদেশের সঙ্গে একটা রাষ্ট্রের এই প্রতিযোগিতার মূল্যায়ন করবেন কীভাবে?পার্ক: আমি বলব, প্রতিযোগিতা সে যে কোনো পর্যায়েরই হোক না কেন সেটি অবশ্যই ভালো। এর একটা ইতিবাচক দিক অবশ্যই আছে। দেশে জাতীয় সাঁতারের বাইরে কবার কয়টা টুর্নামেন্ট আয়োজন করছে ফেডারেশন? সাঁতারুরা কতটুকু সময় প্রস্তুতির মধ্যে থাকতে পারছে? এ জন্য যত বেশি বেশি টুর্নামেন্ট হবে সাঁতারুদের জন্য ততই ভালো। ততই ওরা উন্নতি করতে পারবে। আরও বেশি শিখতে পারবে। শাহজাহান আলী রনি তো অসুস্থতার জন্য এসএ গেমসে ভালো করতে পারেননি, এবার কেমন করবেন বলে মনে হচ্ছে?পার্ক: হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে ও গেমসের আগে অসুস্থ হয়ে পড়েছিল। তবে এখন ও অনেক ভালো। নিয়মিত প্র্যাকটিস করছে। আশা করি কলকাতায় ও সোনা জিতবে।  দলে আর কোনো সমস্যা বা ইনজুরি আছে?পার্ক: নৌবাহিনীর সজীবুল ইসলাম (মিঠু) সামান্য অসুস্থ। আর বিকেএসপির সাগর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অনুশীলন করছে না।  আগামী অক্টোবরে তো কমনওয়েলথ গেমস আছে। সে ব্যাপারে কি কিছু ভাবছেন?পার্ক: কমনওয়েলথ গেমসের জন্য এখনই আমি কিছু বলতে পারছি না। এ ব্যাপারে ফেডারেশনই ভালো বলতে পারবে। তারা হয়তো এখনো কোনো পরিকল্পনা করেনি। এসএ গেমসে সাফল্য এনে দিতে পারেননি, তার পরও বাংলাদেশের সাঁতার এত উচ্ছ্বসিত কেন আপনাকে নিয়ে?পার্ক: (হেসে..) আমি জানি না। হতে পারে আমার কৌশল, শেখানোর পদ্ধতি, আধুনিক বিজ্ঞানভিত্তিক অনুশীলন, নতুন নতুন যন্ত্রপাতি দিয়ে সাঁতার প্র্যাকটিস... এসবই হয়তো তাদের ভালো লেগেছে। তাই আবারও আমার কথা তারা ভেবেছে। এ জন্য ফেডারেশনকে ধন্যবাদ দিচ্ছি আমি।