চারদিকে টান টান উত্তেজনা। বিশ্বকাপ দল নিয়ে গত দুই দিনের ঘটনাপ্রবাহের ধারাবাহিকতায়ই এই উত্তেজনা। বিশ্বকাপ দল নিয়ে আরও একটি ‘নান্নু কাহিনি’ আবার না হয়—এই শঙ্কা সবার। মিরপুরের জিপি-বিসিবি একাডেমী ভবনে বিশ্বকাপ দল ঘোষণার জন্য আয়োজিত এই সংবাদ সম্মেলন ছিল খুব সম্ভবত বর্তমান নির্বাচক মণ্ডলীর সবচেয়ে কঠিন সংবাদ সম্মেলন। আর সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সব প্রশ্নই দারুণভাবে মোকাবিলা করলেন টেস্টপূর্ব বাংলাদেশ ক্রিকেটের অন্যতম মারকুটে ব্যাটসম্যান ও প্রধান নির্বাচক রফিকুল আলম।দুই দিন ধরেই বাতাসে উড়ে বেড়াচ্ছিল গুঞ্জনটা। নির্বাচকেরা একটি দল দিয়েছেন, বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির নাকি সেই দলটা পছন্দ হচ্ছে না। গতকাল দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় দৈনিকেই নির্বাচকদের পছন্দের দলটা প্রকাশিত হয়েছে। এই দল নিয়ে অপারেশনস কমিটির কয়েকজন সদস্যের জেরার মুখে পড়তে হয়েছে নির্বাচকদের—এমন কথাও প্রকাশিত হয়েছে পত্রিকায়। সব মিলিয়ে দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপের দল নিয়ে নানা শঙ্কা, গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল সবখানে।দল ঘোষণা করেই প্রধান নির্বাচক রফিকুল আলম জানালেন, বর্তমান প্রেক্ষাপটে এটি বাংলাদেশের সেরা দলই। এর পাশাপাশি তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দল নির্বাচনে কোনো ধরনের চাপ বা হস্তক্ষেপের শিকার তাঁর কমিটি হয়নি। রফিকুল আলম আরও জানালেন, কেবল এই দলের ক্ষেত্রেই নয়, প্রধান নির্বাচক হিসেবে কখনোই কোনো চাপ বা অযাচিত হস্তক্ষেপের মুখে তাঁকে পড়তে হয়নি। তবে দল নির্বাচনের সময় প্রধান কোচ, অধিনায়ক ও ক্রিকেট বোর্ড-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা তাঁদের কাজের মধ্যেই পড়ে বলে জানালেন রফিকুল আলম।রফিকুল আলম দলে মাশরাফিকে রাখতে না পারায় বারবারই দুঃখ প্রকাশ করলেন। তিনি মাশরাফিকে দেশের সেরা পেসার ও বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় আখ্যা দিয়ে বলেন, ‘মাশরাফিকে দলে নিতে পারলে আমিই সবচেয়ে খুশি হতাম। সে এই মুহূর্তে সত্যিকারের ফিটনেসের ধারে-কাছেও নেই। দলের কোচ, বোলিং কোচ ও ফিজিওর সঙ্গে আলাপ করে জেনেছি, ফেব্রুয়ারির শেষ থেকে সে পুরোমাত্রায় বল করতে পারবে।’তবে প্রধান নির্বাচক মাশরাফি সম্পর্কে একটা ফাঁক রেখেই দিলেন। বললেন, ‘সে বিশ্বকাপ দলে সুযোগ পেলেও পেতে পারে।’ তবে কীভাবে মাশরাফি সুযোগ পাবে, কার জায়গায় তিনি খেলবেন, সে ব্যাপারে পরিষ্কার করে অবশ্য তিনি কিছু বলতে পারলেন না।দলে মাত্র তিনজন পেসারের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। জবাবে রফিকুল আলম বলেন, ‘একটি নির্দিষ্ট পরিকল্পনা মাথায় নিয়ে আমরা বিশ্বকাপের জন্য দলটা গড়েছি। স্পিন বাংলাদেশ দলের শক্তির একটি দিক। তাই স্পিনের কথা চিন্তা করেই দলে পেসারের সংখ্যা কম।’ রফিকুল আলম দলে পেসার কম রাখার ব্যাপারে বিশ্বকাপে বাংলাদেশের খেলার সময়ে ঢাকা ও চট্টগ্রামের আবহাওয়ার কথাও উল্লেখ করেন।বাঁ হাতি স্পিনার মোহাম্মদ সোহরাওয়ার্দীর জায়গায় অলক কাপালি খেলতে পারতেন কি না, এমন এক প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, ‘সোহরাওয়ার্দী নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ দুটি সিরিজে দারুণ খেলেছে। তাই ওকে দলে নেওয়া হয়েছে। আর অলক গত দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেনি, তাই ওকে দলে নিয়ে ঝুঁকি নিতে চাইনি।’সবশেষে আশরাফুল সম্পর্কে রফিকুল আলম বলেন, ‘আশরাফুল একজন পারফর্মার। এই মৌসুমে ঘরোয়া ক্রিকেটেও সে খুবই ভালো খেলছে, আর ওর সঙ্গে দুটি বিশ্বকাপ ও তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা তো রয়েছেই।’