‘সবুজ উদ্যানে’র অপেক্ষায় ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মৌসুমে এখনো পর্যন্ত একটিও শিরোপা জেতেননি রজার ফেদেরার। ভাবা যায়! র্যাংঙ্কিয়ের সাবেক এক নম্বর তারকার জন্য ব্যাপারটি অস্বস্তিকরই। টেনিসের সর্বকালের অন্যতম সেরা এই তারকা এখন অপেক্ষায় আছেন টেনিসের সবচেয়ে সম্ভ্রান্ত টুর্নামেন্ট উইম্বলডনের। তাঁর প্রিয় সবুজ ঘাসের। উইম্বলডন শুধু ফেদেরারের প্রিয় নয়, উইম্বলডনেরও প্রিয় ফেদেরার। এখানে যে শিরোপা জিতেছেন সাত-সাতবার!অনেকে তাঁর ক্যারিয়ারের অস্তাচল দেখছেন। এখন পর্যন্ত এই মৌসুমে খালি হাতে থাকাটাও সে ইঙ্গিতই বহন করে। কিন্তু গা ঝাড়া দিয়ে উঠতে চায় ‘বুড়ো বাঘ’। উইম্বলডনের প্রস্তুতিটা সেরে নিতে চান হল এটিপি টুর্নামেন্টে। হলের শিরোপা ফেদেরার জিতেছেন পাঁচবার। ২০০৩ সালে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন। একই বছর তিনি উইম্বলডনের সবুজ লনে জিতেছিলেন তাঁর ক্যারিয়ারের প্রথম শিরোপাটিও। এ বছরের শিরোপা-খরায় ফেদেরারের মনের পর্দায় উঁকি দিচ্ছে সেই স্মৃতি। এবারও ২০০৩ সালের মতো হল এটিপির শিরোপা জিতে তিনি তৈরি হয়ে যেতে চান উইম্বলডনের অষ্টম শিরোপাটির জন্য, ‘আমি আমার এই মৌসুমের প্রথম শিরোপাটি হাতে তুলতে চাই হলে। হলের শিরোপাটি আমাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।’ ফেদেরারের কাঙ্ক্ষিত আত্মবিশ্বাসটি যে উইম্বলডনের জন্য, তা মুখে না বললেও চলে।যে হল এটিপি নিয়ে এত প্রত্যাশা ফেদেরারের, সেখানেও কিন্তু শুরুটা মনমতো হয়নি সুইস তারকার। অবশ্য এককে নয়, দ্বৈতে। দ্বৈতে ফেদেরার ও তাঁর জার্মান সঙ্গী টমি হাসের জুটি প্রথম দিনই হেরে বিদায় নিয়েছে অস্ট্রিয়ার ইয়ুর্গেন মেলজার ও জার্মানির ফিলিপ পেটশনারের কাছে। ব্যাপারটি ফেদেরারের মনে খচখচানি তৈরি করলেও কৃতিত্ব তিনি দিতে চান মেলজার ও পেটশনারকে, ‘ওরা দারুণ খেলেছে। ম্যাচে ভুল করেনি বললেই চলে। ওদের সঙ্গে খেলাটা ছিল আনন্দের, তবে হারটা ছিল লজ্জার।’ অনেক দিন পর দ্বৈতে খেললেন। প্রায় দুই বছর পর। সর্বশেষ খেলেছিলেন ২০১১ সালের ইন্ডিয়ান ওয়েলসে। সেখানে তাঁর সঙ্গী ছিলেন স্বদেশি স্তানিসলাল ওয়ারিঙ্কা। এবারের ফ্রেঞ্চ ওপেনে সেমির আগেই বিদায় নিয়েছেন ফেদেরার। জো-উইলফ্রায়েড সোঙ্গার কাছে কোয়ার্টার ফাইনালে ফেদেরারের হারটা দর্শক-সমর্থকদের অবাক করলেও ব্যাপারটি নিয়ে একেবারেই ভাবতে চান না ফেদেরার নিজে। তাঁর মতে, প্যারিসে যা হয়েছে, সেটার প্রভাব হল ও উইম্বলডনে খুব একটা পড়বে না। একই সঙ্গে প্রত্যয়ও ঝরেছে তাঁর কণ্ঠে। এই মৌসুমের প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধটা যে অন্য রকম হবে, সেটা জানিয়ে দিয়েছেন বিশ্বের তিন নম্বর এই তারকা।২০০১ সালের ফেব্রুয়ারিতে মিলানে তিনি জিতেছিলেন জীবনের প্রথম এটিপি শিরোপাটি। এর পর থেকে ক্যারিয়ারে আর কখনোই একটি শিরোপার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়নি ৩১ বছর বয়সী এই তারকার। এর আগে একটি শিরোপার জন্য তাঁকে বছরের প্রথম পাঁচটি মাস অপেক্ষা করতে হয়েছিল ২০০৯ সালে। সেবার জানুয়ারি থেকে শিরোপা-খরায় কাটিয়ে মে মাসে এসে রাফায়েল নাদালকে হারিয়ে তিনি জিতেছিলেন মাদ্রিদ মাস্টার্সের শিরোপা। ওই একই বছর অবশ্য ফেদেরার ফ্রেঞ্চ ওপেনের শিরোপাও জিতেছিলেন প্রথমবারের মতো। একই সঙ্গে সেবার তিনি বাড়িতে নিয়ে গিয়েছিলেন উইম্বলডনের ষষ্ঠ শিরোপাটিও। এবার কি তিনি পারবেন উইম্বলডনের সবুজ উদ্যানে ঝড় তুলতে? ফেদেরার উন্মুখ হয়ে অপেক্ষা করছেন উইম্বলডনের। উইম্বলডনও নিশ্চয়ই অপেক্ষা করছে ফেদেরারের!