‘সমঝোতা’য় শেষ হচ্ছে হকির নাটক
শেষ পর্যন্ত নাটকের যবনিকা ঘটতে চলেছে। ফেডারেশনের কাছে দুঃখ প্রকাশ করে চিঠি দেবেন হকি খেলোয়াড়েরা। তাতেই তাঁরা আসন্ন দলবদলে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সম্প্রতি জাতীয় যুব হকির ফাইনাল পণ্ড করে দেন সাবেক ও বর্তমান জাতীয় দলের ২৫ জন খেলোয়াড়। ওই ঘটনায় প্রত্যেক খেলোয়াড়কে চিঠি দিয়ে ক্ষমা চাইতে বলে ফেডারেশন। না হলে দলবদল নয় বলে হুঁশিয়ারি দেওয়া হয়। ওই চিঠি অবশ্য খেলোয়াড়েরা গ্রহণ করেননি। তবে সমস্যাটা জিইয়ে রাখতে চাইছে না কোনো পক্ষই। কাল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন খেলোয়াড়েরা। সেখানেই হয়েছে সমঝোতা। এ ব্যাপারে হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক (প্রিন্স) জানিয়েছেন, ‘দুই পক্ষ ঐকমত্যে পৌঁছেছি। আমাদের ক্ষমা চাইতে এবং ওই দিনের ভূমিকা ব্যাখ্যা করতে বলা হয়েছিল, এখন এর কোনোটাই করতে হবে না। আমরা স্রেফ ফেডারেশন সভাপতির কাছে দুঃখ প্রকাশ করে একটা চিঠি দেব। ওতেই সব ঝামেলা মিটে যাবে।’ওদিকে কাল হকির লিগ কমিটির সভায় ঠিক হয়েছে আগামী ৩০ মে ক্লাব কাপ দিয়ে এক মৌসুম পর ঘরোয়া হকি মাঠে ফিরবে। ৬ অথবা ৭ জুন শুরু হবে লিগ। ২৬-২৮ ফেব্রুয়ারি পূর্বনির্ধারিত তারিখেই দলবদল হচ্ছে। এবার লিগে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার বিধান রাখা হচ্ছে না। গতবার পর্যন্ত এই নিয়ম ছিল।