'সময়টাকে যদি থামিয়ে দিতে পারতাম...'

সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়, ক্যারিয়ার গোল্ডেন স্লাম (এক বছরে সবগুলো গ্র্যান্ড স্লাম ও অলিম্পিকে সোনা) জয়ের কীর্তি আছে শুধু তাঁরই। ক্যারিয়ারে ২২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন স্টেফি গ্রাফ। পরে জীবনসঙ্গিনী হয়েছেন আরেক টেনিস গ্রেট আন্দ্রে আগাসির। গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এই জার্মান কথা বলেছেন নিজের জীবনদর্শন, ভালো লাগা না-লাগা নিয়ে
আপনার সবচেয়ে খুশির মুহূর্ত?
স্টেফি গ্রাফ: বর্তমানেই আমার সুখ। আন্দ্রে ও বাচ্চাদের সঙ্গে এই সকাল, এই বিকেলটাই আমার জীবন।
আপনার কাছে সবচেয়ে বড় ভয়ের কারণ কী?
স্টেফি: আমরা যে পৃথিবীটা চেয়েছিলাম সেটা শিশুদের জন্য রেখে যেতে না-পারা।
কোন জীবিত মানুষকে আপনি সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন, কেন?
স্টেফি: যে মানুষটাকে আমি সবচেয়ে ভালো চিনি, আন্দ্রে (আগাসি)।
নিজের কোন দিকটা আপনাকে পীড়া দেয়?
স্টেফি: আমি একটু গদাই লশকরি চালে চলি।
আর মানুষের কোন দিকটা আপনাকে কষ্ট দেয়?
স্টেফি: বিবেচনাবোধের অভাব।
জীবনের সবচেয়ে লজ্জাজনক মুহূর্ত?
স্টেফি: যখন মাইক্রোফোনের সামনে দাঁড়াই...
স্থাবর সম্পত্তি বাদ দিলে আপনার কেনা সবচেয়ে দামি জিনিস কোনটা?
স্টেফি: ১৬ বছর বয়সে নিজের প্রথম পেশাদার ম্যাচে আন্দ্রে যে র্যাকেট দিয়ে খেলেছিল এবং ওর শেষ র্যাকেট, ক্যারিয়ারের শেষ র্যাকেটটা।
আপনার সবচেয়ে বড় সম্পদ?
স্টেফি: আমার স্মৃতি।
চাওয়ার থাকলে কোন ‘সুপার পাওয়ার’টা...
স্টেফি: যুদ্ধের বিভীষিকা যদি দূর করতে পারতাম। একই সঙ্গে যে জন্য যুদ্ধ হয় সেটাও বন্ধ করা।
আপনার সবচেয়ে প্রিয় বই?
স্টেফি: জে আর মোহরিঙ্গারের দ্য টেন্ডার বার । এই বইটা আন্দ্রে ওর স্মৃতিকথায় উল্লেখ করেছে।
আপনার সবচেয়ে প্রিয় বিষয়...
স্টেফি: মিষ্টি যেকোনো কিছুরই প্রতি আমি ভয়াবহ রকম দুর্বল।
নিজের উপস্থিতির কোন দিকটা নিয়ে আপনি বিরক্ত?
স্টেফি: কোত্থেকে শুরু করব?
আপনার জীবনের শ্রেষ্ঠ চুম্বন?
স্টেফি: জীবনের শুরু থেকে যাদেরটা পেয়ে আসছি...বাবা-মার, স্বামীর ও সন্তানদের চুমু। প্রতিটাই আমাকে বেঁচে থাকার প্রেরণা জোগায়।
আপনার স্বপ্নের নৈশভোজে কাকে আমন্ত্রণ জানাবেন?
স্টেফি: এই সময়ের পাঁচজন ফার্স্ট লেডিকে।
কোন শব্দ বা শব্দগুচ্ছ সবচেয়ে বেশি ব্যবহার করেন?
স্টেফি: ‘পরের প্রশ্ন’...
যদি অতীতটাকে বদলে দিতে চাইতেন, কোন জিনিসটা বদলাতেন?
স্টেফি: ভালো-মন্দ সবকিছু মিলিয়েই এই আমি এখানে এসেছি। সুতরাং ...
কখন আপনি শেষ কেঁদেছিলেন? কেন?
স্টেফি: গুয়াকামোল (একধরনের মসলাযুক্ত মেক্সিকান খাবার) ও ওয়াসাবি (জাপানি সবজি) খেয়ে।
রিল্যাক্স করেন কীভাবে?
স্টেফি: নির্জন ঘরে বসে থাকার চেয়ে ব্যস্ত জীবনেই আমি শান্তি খুঁজে পাই।
কোন জিনিসটা জীবনটাকে আরও সুন্দর করবে বলে মনে করেন?
স্টেফি: থামিয়ে রাখার একটা বাটন। যখন আমি বাচ্চাদের সঙ্গে মজার কিছু উপভোগ করি, সে সময়টাকে যদি থামিয়ে দিতে পারতাম।
রাত জাগার কারণ?
স্টেফি: আন্দ্রে, আমার বাচ্চারা, আমার ফাউন্ডেশন ও মাঝেমধ্যে কুকুরগুলো।
আপনাকে কীভাবে সবাই মনে রাখুক চান?
স্টেফি: সুখী, মমতাময়ী মা ও স্ত্রী হিসেবে।
জীবনের সবচেয়ে বড় শিক্ষা?
স্টেফি: নতুন একটা দিন মানে আপনি যে মানুষটা হতে চান সেটা হতে পারার নতুন একটা সুযোগ।
ঠিক এ মুহূর্তে কোথায় থাকতে চান?
স্টেফি: আন্দ্রে, বাচ্চা, বন্ধু ও পরিবারের সঙ্গে আমাদের রান্নাঘরের টেবিলে। এটা হুল্লোড়ে, আমুদে ও নির্ভাবনায় থাকার একটা জায়গা। এটা ছাড়া অন্য কোথাও আমি যেতে চাই না।