গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। আর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ তাঁর জন্য দলে ফেরার উপলক্ষ। ইংল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়ার সময়টা এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে লক্ষ্য নিয়ে কথা বলেছেন মোহাম্মদ আশরাফুল বিশ্বকাপের টি-টোয়েন্টি দলে ডাক পাওয়ার পর পিসিএলে খেলতে গেলেন। শুরুটা ভালো হলেও পরে তো আর সেটির রেশ থাকল না...মোহাম্মদ আশরাফুল: এ রকমই চলছে আমার। পিসিএলের প্রথম ম্যাচে ৩৭ করলাম, পরের ম্যাচে ৭। আসলে ইনিংস বড় করতে পারছি না। ইংল্যান্ডের সঙ্গে তিন দিনের প্রস্তুতি ম্যাচে খুব ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারলাম না। গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে আপনি ছিলেন অধিনায়ক। আর এবার যাচ্ছেন শুধুই একজন খেলোয়াড় হিসেবে। কেমন লাগছে?আশরাফুল: সে রকম আলাদা কোনো অনুভূতি হচ্ছে না। আমার কাছে দেশের হয়ে খেলাটাই বড়। একজন খেলোয়াড় হিসেবেই অবদান রাখার চেষ্টা করব, দলের লক্ষ্য পূরণের চেষ্টা করব। তবে অধিনায়কত্বের কথাটা যদি বলেন, প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব করাটা আমার কাছে রোমাঞ্চকর ছিল। একটা বিশ্বকাপে দলের নেতৃত্ব দিচ্ছি, ব্যাপারটা ভাবতেই কেমন লাগত। দলকে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলের গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে তুলে নেওয়াটাও ছিল দারুণ অনুভূতি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আপনার নিজের লক্ষ্য কী? প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে তো ২০ বলে ফিফটি করে কয়েক দিনের জন্য টুর্নামেন্টের দ্রুততম ফিফটির মালিক ছিলেন?আশরাফুল: আমি আগেও বলেছি, দলের লক্ষ্য পূরণ করতে সাহায্য করাটাই হবে আমার লক্ষ্য। এবার পাকিস্তান ও অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছি আমরা। দলের প্রথম লক্ষ্য তো অবশ্যই কোয়ার্টার ফাইনালে যাওয়া। আমিও দারুণ কিছু ইনিংস খেলতে চাই। ইংল্যান্ডের ২০০৩ সালের সফরেও দলের বাইরে ছিলেন, এবারও বাইরে থাকলেন। খুব খারাপ লেগেছে নিশ্চয়ই?আশরাফুল: খারাপ লাগবে না! কোনো ক্রিকেটারই কখনো মাঠের বাইরে থাকতে চায় না। আগের পারফরম্যান্স ভালো ছিল না বলে দলে থাকতে পারিনি। এটা আমার একটা দুঃখ যে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে খেলতে পারলাম না। তবে মনে হয়, আমি একটা ভুল সিদ্ধান্তও নিয়েছিলাম। কোন সিদ্ধান্ত?আশরাফুল: ওই যে নিউজিল্যান্ড থেকে এসেই জাতীয় লিগে খেলতে চলে গেলাম। আসলে শারীরিক ও মানসিক ক্লান্তি ঘোচাতে আমার মনে হয় বিশ্রাম নিলেই ভালো হতো। তাহলে কি জাতীয় দলে ফিরতে পারতেন বলে বিশ্বাস করেন?আশরাফুল: কী জানি, হয়তো ফিরতে পারতাম। তিন দিনের প্রস্তুতি ম্যাচটায় আরও ভালো করতে পারতাম। ইংল্যান্ড সিরিজের সময় আর এর পরের কিছুদিন কীভাবে কাটালেন?আশরাফুল: মূলত ঘুরেফিরেই কাটিয়েছি। ইংল্যান্ড থেকে আসা এক বড় ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম সিলেটে। আর বাড়িতেই ছিলাম। আমার বড় ভাইয়ের ছোট্ট মেয়ে তাবাসসুমের সঙ্গে সময় কাটিয়েছি, ওর সঙ্গে খেলেছি। বাড়ির কাজকর্ম করার সুযোগও তো পেয়েছেন...আশরাফুল: আমার আসলে কোনো কাজই করতে হয় না। আমার বাবা, ভাই বা বোন আমাকে কোনো কাজ করতে দেন না। প্র্যাকটিস-ট্র্যাকটিস করেননি?আশরাফুল: হ্যাঁ, প্র্যাকটিস করেছি। সোনারগাঁও হোটেলে জিম করেছি, সুইমিং করেছি। তার পরই তো পিসিএলে খেলতে গেলাম। এই যে পরশু থেকেই এনসিএল টি-টোয়েন্টির জন্য আবার প্র্যাকটিস শুরু করে দিলাম। আপনার পারফরম্যান্স যে আগের আশরাফুলের মতো হচ্ছে না, তার কারণ কী বলে হয় আপনার?আশরাফুল: আমার মনে হয়, খেলায় কোনো সমস্যা নেই আমার। মূল সমস্যা ফিটনেস। আমি মনে করি, আমার ফিটনেসে ঘাটতি আছে, ক্লান্তি অনুভব করছিলাম। ওটা কাটিয়ে উঠতে হবে।