‘সমস্যামুক্ত’ সিরিজের আশা আকরামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু চূড়ান্ত। আগামী ২২ ডিসেম্বর ভারতের মাটিতে পা দেবে পাকিস্তান ক্রিকেট দল। এরপর মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ।এই সিরিজের পথে অবশ্য বাধ সেধেছে ভারতের কয়েকটি উগ্র হিন্দুত্ববাদী দল। শিবসেনা ও বিশ্ব হিন্দু পরিষদের দাবি, ২০০৮ সালের মুম্বাইয়ে সংঘটিত হামলার দায়ীদের বিচার পাকিস্তান সরকার যত দিন না করবে, তত দিন দ্বিপক্ষীয় সিরিজ ফিরিয়ে আনা যাবে না। সফর বাতিলের দাবির সঙ্গে প্রতিবাদ কর্মসূচির ঘোষণাও দিয়েছে তারা। তবে পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরামের আশা, কোনো সমস্যা ছাড়াই শেষ হবে এই সিরিজ। বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।‘সিরিজটা দেখতে তর সইছে না আমার। আমি আত্মবিশ্বাসী, পাকিস্তান দলের নিরাপত্তার জন্য ভারত সরকার সব ধরনের পদক্ষেপই নেবে। কারণ, এই সিরিজটার দিকে গোটা বিশ্ব তাকিয়ে আছে।’ আজ মঙ্গলবার বলেছেন ওয়াসিম আকরাম।শিব সেনাদের নিয়ে আকরামের অবশ্য তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ১৯৯৯ সালে তাঁর নেতৃত্বে পাকিস্তান দলের ভারত সফরের সময় দিল্লি স্টেডিয়ামের পিচে গর্ত খুঁড়েছিল শিব সেনারা। এ কারণে প্রথম টেস্ট দিল্লি থেকে চেন্নাইয়ে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে এবার বাজে কিছু ঘটবে না বলেই আশাবাদ আকরামের, ‘হুমকির মধ্যেও আমরা ভারত সফর করেছিলাম। ভারতীয়দের নিরাপত্তার ওপর পূর্ণ আস্থা ছিল আমাদের। ওই সফরটা ভালোভাবেই শেষ হয়েছিল। আশা করছি, কোনো সমস্যা ছাড়াই যেন সফরটা শেষ হয়, এটা নিশ্চিত করবে ভারত।’ভারত-পাকিস্তানের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজটি অনুষ্ঠিত হয় ২০০৭ সালে। পরের বছরের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানি মদদপুষ্ট সন্ত্রাসীদের অভিযুক্ত করে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ বন্ধ রাখে ভারত। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় ১৬৬ জন লোক নিহত হয়।পাকিস্তানের আসন্ন ভারত সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচে পিসিবির আমন্ত্রিত দুইজন করে সাবেক ক্রিকেটার মাঠে উপস্থিত থাকবেন।