‘সমালোচকদের জবাব দিয়েছে স্পেন’
টানা দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে স্পেন। তবে চূড়ান্ত সাফল্য পাওয়ার আগ পর্যন্ত অনেক সমালোচনার শিকার হতে হয়েছে লা রোজাদের। কোচ দেল বস্কের রণকৌশলের সঙ্গে একমত পোষণ করেননি অনেকে। স্পেন তাদের সুন্দর ফুটবলের দর্শন বিসর্জন দিয়েছে এমন অভিযোগও করেছেন আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার। তবে স্পেন এসব সমালোচনার জবাব বেশ ভালোমতোই দিয়েছে বলে মনে করেন জাবি আলনসো। স্পেনকে নিয়ে এখন সবার অন্যভাবেই ভাবতে হবে বলে মন্তব্য করেছেন এই মিডফিল্ডার।এবারের ইউরো আসরে বেশ কড়াভাবেই সমালোচিত হয়েছিল স্পেনের খেলার ধরন। তারা আগেকার মতো সুন্দর ফুটবলের দিকে মনোযোগ দিচ্ছে না বলেই মন্তব্য করেছিলেন অনেক ফুটবল বোদ্ধা। তবে ফাইনালে তারা যেভাবে ইতালিকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে, তাতে নিশ্চিতভাবেই নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন স্প্যানিশ ফুটবলাররা। এর ফলে এখন সবার স্পেনকে নিয়ে একটু অন্যভাবেই ভাবতে হবে বলে মনে করছেন জাবি আলনসো। তিনি বলেছেন, ‘আমরা অনেক সমালোচনা শুনেছি, পত্রপত্রিকায় যেগুলো লেখা হয়েছে, সেসবও দেখেছি। এ রকমটা হয়েই থাকে। কিন্তু এখন নিশ্চয়ই সবাই অন্য ধরনের মতামতই দেবেন।’মতামত ইতিমধ্যে অনেকখানি পাল্টেও গেছে। ২০০৮ সালের পর তিনটি বড় শিরোপা জিতেছে স্পেন। দুবার ইউরো কাপ ও মাঝে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপ। চার বছরের মধ্যে এমন দুর্দান্ত পারফরমেন্সের পর অনেকেই বলতে শুরু করেছেন যে স্পেনের বর্তমান এই দলটাই সর্বকালের সেরা ফুটবল দল কি না। ভবিষ্যতেও স্পেনের সামনে যে ইতিহাস গড়ার সুযোগ আছে, সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন ফুটবলপ্রেমীরা। ২০১২ সালের ব্রাজিল বিশ্বকাপটাও জিততে পারলে ইউরোপের প্রথম দেশ হিসেবে দক্ষিণ আমেরিকার কোনো দেশে অনুষ্ঠিত বিশ্বকাপ জেতার অনন্য রেকর্ড গড়তে পারবে স্পেন। তবে এখনই অত দূরের কথা ভাবতে চাচ্ছেন না আলনসো। তিনি বলেছেন, ‘আমাদেরকে একের পর এক শিরোপা জিতেই যেতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা আমরা অনুভব করি না। কিন্তু আমরা বেশ ভালোমতোই জানি যে আমাদের ওপরে সমর্থকদের প্রত্যাশাটা কতখানি। তবে ভবিষ্যত্ নিয়ে ভাবার সময়টা এখনো আসেনি। সামনের মাসগুলোতে আমরা সেটা করতে পারব।’