‘সমালোচকেরা আমায় ক্রিকেট শেখায়নি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাঁকে খুব কমই প্রকাশ করতে দেখা যায়। কিন্তু তাঁরও তো ধৈর্যের সীমা আছে। মৃদুভাষী বিনয়ী বলে পরিচিত শচীন টেন্ডুলকার তাই ঝাঁজাল ভাষাতেই জবাব দিলেন সমালোচকদের। ‘আমার সমালোচকেরা আমাকে ক্রিকেট শেখায়নি’ মন্তব্য করে এক শটি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক বলেছেন, তিনি কখন অবসর নেবেন সেই দিনক্ষণ অন্তত সমালোচকদের ঠিক করে দেওয়ার অধিকার নেই।ওপেন নামের একটি সাময়িকীকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে বেশ খোলাখুলিই কথা বলেছেন। বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট শুরুর দিনটিতে যে রোমাঞ্চ অনুভব করতেন, এখনো তা অনুভব করেন, ‘জাতীয় সংগীত যখন বাজে সে সময় সতীর্থদের পাশাপাশি দাঁড়ালে এখনো আমার শরীরে কাঁটা দেয়। ব্যাট হাতে নিয়ে উইকেটে নামার সময় এখনো সেই উত্তেজনাই কাজ করে।’আগামী এপ্রিলে ৩৯ পূর্ণ করে ৪০-এ পা রাখবেন। বয়সটার দিকেই এক ধরনের সমালোচকের চোখ পড়ছে বেশি। এ কারণে তাদের চোখের আড়াল হচ্ছে গত কয়েক বছরে ধারাবাহিকভাবে টেন্ডুলকারের ভালো পারফরম্যান্স। ২০০৮ থেকে ২০১১—এই চার বছরে টেস্টে তাঁর ব্যাটিং-গড় ছিল যথাক্রমে ৪৮.৩১, ৬৭.৬২, ৭৮.১০ এবং ৪৭.২৫। এর মধ্যে ২০১০ সালে টেস্টে রান করেছেন ১৫৬২, রান তোলার দিক দিয়ে যেটি তাঁর ক্যারিয়ার-সেরা বছর। এ বছর ওয়ানডেতে ব্যাটিং-গড়টা টেন্ডুলকারীয় নয় (৩১.৫০), তা না হলে ওয়ানডেতেও রান করে চলেছেন ধারাবাহিকভাবে। অবশ্য ওয়ানডে কমিয়ে দিয়ে টেস্টেই বেশি মনোযোগ দিচ্ছেন। এবং ক্রিকেটের অভিজাত ঘরানায় টেন্ডুলকারের ধ্রুপদি ব্যাট অক্ষম নয়। ফলে শুধু বয়সের দোহাই দিয়ে তাঁকে অবসর নিতে বলা অন্যায়ই।টেন্ডুলকার বলেছেন, ‘সমালোচকেরা প্রশ্ন তুলতেই পারে, তবে তারা নিজেরাই তার উত্তর দিতে পারবে না। দুঃসময়ে তো আর তারা আমার পাশে ছিল না। ফলে কী ভাবছি এবং আমার মনের ভেতর কী কী চলছে—সেটা বোঝার সাধ্যও তাদের নেই।’শততম আন্তর্জাতিক সেঞ্চুরিটির দেখা পেয়েছেন এক বছরের অপেক্ষায়। টেন্ডুলকার এই সময়টাকে কঠিন ছিল বলে স্বীকারও করেছেন, ‘হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। শততম সেঞ্চুরিটা পাওয়াই ছিল সবচেয়ে কঠিন। জানি না কেন এমন হয়েছে। হয়তো একটা কারণ, এ নিয়ে পুরো দেশ আচ্ছন্ন হয়ে গিয়েছিল। হতে পারে এ নিয়ে ওঠা সব কথাবার্তা এড়িয়ে যেতে পারছিলাম না, অবচেতন মনে তার প্রভাব পড়েছিল। হয়তো ঈশ্বরও আমার কঠিন পরীক্ষা নিতে চেয়েছেন।’অনেকেই ভেবেছিলেন, বিশ্বকাপ জিতেই অবসর নিতে চান টেন্ডুলকার। কিন্তু তা হয়নি। টেন্ডুলকার ব্যাখ্যা দিলেন, ‘আমার অনেক বন্ধুও প্রশ্ন করেছিল, কেন বিশ্বকাপ জেতার পর অবসর নিচ্ছি না। এটা হতো দুর্দান্ত এক বিদায়। চারদিক আবেগে থইথই ছিল, অবসর নেওয়ার পক্ষে সেটাই ছিল সবচেয়ে উপযুক্ত সময়। তবে সত্যি বলতে কি, অবসরের ভাবনাটি আমার মাথায়ই আসেনি। বিশ্বকাপ ভারতের ব্যাপার, সেটিকে ব্যক্তিগত উপলক্ষ বানানোর কোনো অধিকার আমার নেই। আমার অবসরের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। বিশ্বকাপের পরপরই অবসরের ঘোষণা দিলে আমাদের এই বিশাল জয় থেকে মনোযোগটা সরে গিয়ে আমার ওপর পড়ত।’এখনো অভিধানে ‘অবসর’ শব্দটা আসেনি, ‘আমি ক্রিকেট এখনো দারুণ উপভোগ করছি। যত দিন করব, খেলে যাব। সংবাদমাধ্যমের কাছে এটি গোপন করব না। তাদের জানিয়েই করব। কারণ তারা গত ২৪ বছর আমার সঙ্গেই ছিল। ক্রিকেটটা আগের মতোই উপভোগ করছি, অবসর নিয়ে তাই ভাবছি না।’ ওয়েবসাইট।