দুই বছর আগে গঠিত হওয়ার পরও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলো (ডিএফএ) সক্রিয় নয়। তবে এর মধ্যেও যে দু-একটি ডিএফএ কাজকর্ম করেছে, তাদেরই একটি রাজবাড়ী ডিএফএ। রাজবাড়ী ডিএফএর সভাপতি মঞ্জুরুল আলম (দুলাল) জানাচ্ছেন কতটা কী করতে পেরেছেন, কী তাঁর উন্নয়ন-ভাবনা ডিএফএ ধারণাটা কেমন?মঞ্জুরুল আলম: ধারণাটা খুবই ভালো। যুগোপযোগী। তবে এটিকে সচল করতে হলে বাফুফেকেই সমর্থন দিতে হবে। কেমন সমর্থন চান?মঞ্জুরুল: অর্থনৈতিক, প্রশাসনিক—সব ধরনের। নির্দেশনা দিতে হবে। আমাদের কাজ পর্যবেক্ষণ করতে হবে। নতুন একটা সংস্থার যাত্রাপথে শতভাগ যোগ্যতাসম্পন্ন লোক তো আসতে পারে না। কতটা অর্থনৈতিক সাহায্য চান?মঞ্জুরুল: টাকাই আসল। বছরে অন্তত ১০ লাখ টাকার দরকার। জেলা ক্রীড়া সংস্থা সরকারের বার্ষিক বরাদ্দ পায় কয়েক লাখ টাকা, তাদের অবকাঠামো আছে; যেমন স্টেডিয়াম, কোথাও কোথাও সুইমিংপুল। ওখানে হাউজি চালিয়ে অনেক টাকা আয় করে। আর আমরা এ পর্যন্ত বাফুফে থেকে একটা বল পর্যন্ত পাইনি। বাফুফে বিভিন্ন টুর্নামেন্ট বা কর্মসূচির জন্য তো টাকা দেয়।মঞ্জুরুল: টাকা পেয়েছি, তবে কম। কোনোক্রমে টুর্নামেন্ট চালানো গেছে। কিন্তু অফিস ব্যবস্থাপনা, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের জন্য অনেক টাকা দরকার। যেমন ক্রিকেট বোর্ড ডিএসএকে যেকোনো টুর্নামেন্ট বা কর্মসূচিতে অনেক টাকা দেয়। যার জন্য ক্রিকেট অনেক এগিয়ে যাচ্ছে। ডিএসএর কারণে ডিএফএ কাজ করতে পারে না এমন শোনা যায়, আপনি একাধারে ডিএসএর সহসভাপতি হিসেবে কী মনে করেন?মঞ্জুরুল: দ্বন্দ্ব যে নেই তা নয়। আসলে ক্রীড়া অন্তঃপ্রাণ মানুষ থাকলে এটি কোনো সমস্যা নয়। তবে আমি মনে করি, জেলা প্রশাসককে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনোনীত না করে সত্যিকারের ক্রীড়াপ্রেমী সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিকে নির্বাচনের মাধ্যমে সভাপতি করার সময় এসে গেছে। ডিএফএ সভাপতি হিসেবে আপনি এই দুই বছরে কী করেছেন?মঞ্জুরুল: আমিই মনে হয় দেশের একমাত্র সভাপতি হিসেবে ডিএফএর নিজস্ব ভবন নির্মাণ করেছি। একটা আলাদা মাঠ করেছি। মেয়েদের আন্তজেলা, ছেলেদের অনূর্ধ্ব-১২ টুর্নামেন্ট করেছি, সিটিসেল স্কুল ফুটবল করেছি। ভবন বা মাঠের জায়গা কীভাবে জোগাড় করলেন?মঞ্জুরুল: দুটোই রেলওয়ের জায়গা। ভবনের জায়গা ইজারা নিয়েছি, মাঠটা বন্দোবস্ত নিয়েছি। লিগ করেছেন?মঞ্জুরুল: না, লিগ করতে পারিনি। পারিনি নিজেরা তৈরি ছিলাম না বলে। ক্লাবগুলোও তৈরি ছিল না। এখন আমরা প্রস্তুত। এবার লিগ করবই। ডিএফএর গঠন নিয়ে অনেক কথা শোনা যায়। অনেকে বলে বাফুফের নির্বাচনের জন্য যেনতেনভাবে ওগুলো করা হয়েছে।মঞ্জুরুল: না, আমি ওটা মানি না। বেশির ভাগ ডিএফএই সঠিক প্রক্রিয়ায় ভালো লোকদের নিয়ে হয়েছে। দু-একটি এদিক-ওদিক হতে পারে। সে তো সবক্ষেত্রেই দেখা যায়। তবে অযোগ্য লোকেরা দেখবেন এমনিতেই পেছনে পড়ে যাবে। আপনার নিজের সম্পর্কে কিছু জানতে চাই।মঞ্জুরুল: আমি ঢাকা লিগে দীর্ঘদিন আরামবাগ, রহমতগঞ্জ, অগ্রণী ব্যাংকে খেলেছি। এখন একটা স্থানীয় কলেজে অধ্যক্ষ হিসেবে আছি। তবে ফুটবল আমার রক্তে। বাফুফের সঙ্গে আপনাদের সম্পর্কটা আসলে কেমন?মঞ্জুরুল: বাফুফের সঙ্গে সম্পর্কটা শুধু কাগজে-কলমে। আত্মিক নয়। আমি বাফুফে সভাপতির কাছে অনুরোধ করব সম্পর্কটাকে আত্মিক করে তোলার। ডিএফএ নিয়ে আপনি কতদূর যেতে চান?মঞ্জুরুল: চার বছরের জন্য নির্বাচিত হয়ে দুই বছর তো পারই করে ফেললাম। তবে বাকি দুই বছরের মধ্যে আমি আমার ডিএফএকে বাফুফের কাছে মডেল হিসেবে দাঁড় করাতে চাই। কথা দিচ্ছি, এ বছরই জাতীয় পর্যায়ে অন্তত ৮ জন খেলোয়াড় জোগান দেব।