‘সম্ভবত ক্যালিসই সেরা’
উপমহাদেশের মন্থর উইকেটে হরভজন সিং সব সময়ই বিপজ্জনক। হয়ে উঠতে পারেন এই বিশ্বকাপের নায়কও! সম্প্রতি ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বোলিং কৌশল নিয়ে কথা বলেছেন ভারতীয় এই অফস্পিনার... আপনি পাওয়ার প্লেতে উইকেট নিতে গেলে ব্যাটসম্যানরা কি আপনার ওপর চড়াও হবে না?হরভজন সিং: এ সময় বোলাররা আঁটসাট বোলিং করতে চাইলেও ব্যাটসম্যানরা চড়াও হয়ে খেলে। বড় শট না খেলেও ওভারপ্রতি আট-নয় রান তুলে ফেলে। এটা এড়ানোর জন্য আমি এমন পরিকল্পনা করি, যাতে ব্যাটসম্যানরা ফিল্ডারের দিকেই বল পাঠায়। এভাবে অন্তত ব্যাটসম্যানকে আউট করার একটা সম্ভাবনা থাকে। আর আপনি সফল হলে পরের ব্যাটসম্যান এসেই পেটাতে পারে না। তাহলে প্রথম পাওয়ার প্লেতে বোলিং করা কি সুবিধাজনক?হরভজন: না, এ সময় চাপটা সর্বক্ষণই বোলারদের ওপর থাকে। কারণ, ভালো না মেরেও ছক্কা না হোক চার পেতে পারে ব্যাটসম্যান। দুই পাওয়ার প্লের মধ্যে কি পার্থক্য আছে? না থাকলে ব্যাটিং পাওয়ার প্লের সময় দলগুলো উইকেট হারায় কেন?হরভজন: কোনো পার্থক্য নেই। ভুল সময়ে পাওয়ার প্লে নেওয়ার কারণেই দলগুলো উইকেট হারায়। দেখা গেল, একটা দল ৩৫ ওভারে ৪ উইকেট হারানোর পর ৪০তম ওভারে পাওয়ার প্লে নিল। এখন আর একটা উইকেট পড়লেও আপনি বুঝতে পারবেন না পরের ওভারগুলো দেখেশুনে খেলবেন না মেরে খেলবেন। তাহলে ব্যাটিং পাওয়ার প্লে নেওয়ার ভালো সময় কোনটি?হরভজন: হাতে উইকেট থাকতেই নেওয়া ভালো। ২৫ ওভার শেষে স্কোর যদি ২ উইকেটে ১৫০ হয়, আমি হলে তখনই পাওয়ার প্লে নিয়ে নিতাম। এই পরিস্থিতিতে আপনি কীভাবে ব্যাটসম্যানকে আটকে রাখেন?হরভজন: একমাত্র উপায় তাদের আউট করা। আপনাকে ফিল্ডিং অনুসারে বল করতে হবে। আপনি সম্প্রতি বলেছেন টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের পায়ের দিকে তাকান। কেন?হরভজন: ব্যাটসম্যানদের পায়ের দিকে না তাকিয়ে বল করলে তারা আপনাকে পেয়ে বসবে। আপনাকে দেখতে হবে ব্যাটসম্যান এগিয়ে আসছে, না এলে তার গ্রিপ কেমন, মোট কথা আপনাকে লক্ষটা আন্দাজ করতে হবে। অনেক ব্যাটসম্যানই হিট করার আগে গ্রিপ বদলায়। সাধারণত তারা ব্যাটের হ্যান্ডেলের গোড়ার দিকে হাতকে নিয়ে আসে, যাতে সর্বোচ্চ শক্তিতে ব্যাট করা যায়। আপনি ভারতের নিষ্প্রাণ পিচের সমালোচনা করেছিলেন। এই পিচে কীভাবে বল করেন?হরভজন: এ জন্য পরিকল্পনা নিয়ে এগোতে হয়। আপনাকে বুঝতে হবে ব্যাটসম্যান সাধারণত কোথায় শট খেলে। সেই অনুযায়ী অ্যাঙ্গেলে পরিবর্তন আনতে হবে। গতি, লাইন ও লেংথে হেরফের করতে হবে। তাকে বাধ্য করতে হবে ভিন্ন কিছু করতে। আপনার কাছে কঠিন ব্যাটসম্যান কারা, সহজই বা কারা?হরভজন: আমি যত ব্যাটসম্যানের মুখোমুখি হয়েছি, তাঁদের মধ্যে ক্যালিসই সম্ভবত সেরা। স্পিন কীভাবে সামলাতে হয়, সেই টেকনিক তাঁর জানা। সে সিঙ্গেল নিতে পারে, সহজেই বাউন্ডারি মারতে পারে। আর যদি আপনি প্রথম ১৫ ওভারের কথা বলেন, তাহলে ক্রিস গেইল বোলারদের কাছে ভয়ংকর। আমার ভাগ্য ভালো যে শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগের বিপক্ষে আমাকে বোলিং করতে হয়নি। সাঙ্গাকারা, জয়াবর্ধনে খুব সাবধানী ব্যাটসম্যান। এখন আমি গ্রায়েম স্মিথকে বল করে মজা পাচ্ছি। সে আমাকে স্বাচ্ছন্দ্যে খেলতে পারছে না। সে আমাকে মারার চেষ্টা করে, তবে শেষে আমারই জয় হচ্ছে।