এশিয়ান কাপ বাছাই হকিতে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে ওঠার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। নিজেদের মাঠে সেই চ্যালেঞ্জ জিততে পারবে বাংলাদেশ? দলের প্রত্যাশা, নিজেদের প্রস্তুতি নিয়ে বলছেন অধিনায়ক মশিউর রহমান (বিপ্লব) দলের প্রস্তুতি কেমন?মশিউর রহমান: খুবই ভালো। আমরা টানা খেলা আর অনুশীলনের মধ্যে আছি। আমি খুবই আশাবাদী। সবাই ফিট আছে। টুর্নামেন্টটা জেতার জন্য দলের সবাই খুব উৎসাহী। আমরা শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাই। চ্যাম্পিয়ন হতেই হবে—এমন প্রত্যাশা কি চাপ হয়ে যাচ্ছে না?মশিউর: না, এটাকে চাপ বলব না। আসলে এটা আমাদের সম্মান ধরে রাখার ব্যাপার। এই টুর্নামেন্টে যেসব দল খেলছে, তাদের মধ্যে র্যাঙ্কিংয়ে আমরাই সবার ওপরে। তাই এই টুর্নামেন্টে আমাদের ভালো করাটাই উচিত। সে জন্য কোনো চাপ নিতে হবে না। কিন্তু নিজেদের মাঠে ফেবারিট হিসেবে খেলার একটা চাপ তো থাকেই...মশিউর: চাপ হিসেবে না ভাবলেই হলো। আমরা সেভাবে ভাবছি না। আমরা শিরোপা জিততে চাই। কোনো চাপ নিচ্ছি না। আজ তো থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ। থাইল্যান্ড কেমন দল?মশিউর: এখন বেশ উন্নতি করেছে। আমরা থাইল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছি ২০০৭ সালে। সেবার চেন্নাইতে ওদের ১৩-০ গোলে হারিয়েছিলাম। তবে এই ফল দিয়ে ওদের বিবেচনা করলে চলবে না। ওদের অনুশীলন দেখলাম। খেলার ধরন অনেক বদলেছে। পাকিস্তানি কোচের অধীনে অনেক উন্নতি করেছে। দল তো মাঝে ইউরোপ ঘুরে এল। ওই সফরের কোনো ইতিবাচক প্রভাব আছে দলে?মশিউর: তা তো আছেই। প্রতিটি প্রতিযোগিতামূলক ম্যাচের কিছু ভালো প্রভাব থাকে। শুধু ইউরোপ সফর কেন, আপনি দেখুন, গত বছর আগস্ট থেকে আমরা মোটামুটি খেলার মধ্যে আছি। সাফ গেমস, ক্লাব কাপ, রাশিয়ায় টুর্নামেন্ট; নানা খেলা চলছে। এতে আমাদের দলটা যেমন ইউনাইটেড হচ্ছে, তেমনই আমরা নিয়মিত খেলার সুফল পাচ্ছি। আশা করি, এই টুর্নামেন্টেও সেটা পাব। কিন্তু হকিতে তো দর্শক আসে না। খালি মাঠে খেলতে কেমন লাগে?মশিউর: খালি মাঠে খেলতে কার ভালো লাগে! মাঠে দর্শক আসবে, মজা করবে, আমাদের সাপোর্ট করবে; তা হলেই না মজা। ফাঁকা মাঠ কি আর ভালো লাগে? দর্শক মাঠে আসে না কেন?মশিউর: আমার মনে হয়, স্টেডিয়ামে যে খেলা হয়, সেটাই লোকজন ঠিকমতো জানে না। দেখেন, অনেক সময় গেট খুলে দিলে মাঠে পানি দেওয়া দেখতেও ভিড় জমে যায়। তাহলে খেলায় লোক আসবে না কেন! লোকজন তো জানতেই পারে না যে, ভেতরে খেলা হচ্ছে। অনেকে বলেন, দর্শক টানার মতো তারকা খেলোয়াড়ও নেই, সে রকম খেলাও হয় না...মশিউর: এটা মনে হয় ঠিক না। আসলে তারকা কিন্তু দর্শকই তৈরি করে। যে সময় খোলা মাঠে খেলা হতো, দর্শক আসত, তারাই পছন্দ করে মামুন স্যার, হারুন ভাই, কামাল ভাই, সাদেক ভাইদের তারকা বানিয়েছে। এখন দর্শক মাঠেই আসতে পারে না, তো খেলা পছন্দ করবে কী করে!