‘সময় এখন ইংলিশ আধিপত্যের’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটি থেকে অ্যাশেজ নিয়ে ফিরছে ইংল্যান্ড। ব্রিটিশ গণমাধ্যম ইংল্যান্ডের এই ‘অস্ট্রেলিয়া বিজয়’ নিয়ে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে। অনেক পত্র-পত্রিকাই ইংলিশদের এ সাফল্যকে অভিহিত করেছে, ক্রিকেটের এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে।কোন হোম সিরিজে অস্ট্রেলিয়া এর আগে কবে তিনটি টেস্টে ইনিংস পরাজয়ের শিকার হয়েছে, তা বের করতে পরিসংখ্যানবিদদের গলদঘর্ম হতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে ইংলিশ গণমাধ্যম একে দেখছে, ইংলিশ ক্রিকেট দলের এক অনন্য সাফল্য হিসেবেই। ‘ব্যাপারটি আগে ইংলিশ দলের ক্ষেত্রে হতো। পরাজয়ের পর পরাজয়। একেকটি পরাজয় আর আত্মগ্লানিকে সঙ্গী করে কারণ অনুসন্ধানে বসা। সময়ের পরিবর্তন হয়েছে। এবার অস্ট্রেলিয়ানদের আত্ম অনুসন্ধানের পালা। আমাদের রয়েছে একটি দুর্দান্ত ক্রিকেট দল, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি।’ ডেইলি মেইলের ভাষ্য।পত্রিকাটি আরও লিখেছে, ‘সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড নিজেদের সাফল্য-কীর্তির এক অসাধারণ স্মৃতিস্তম্ভ বানিয়ে এসেছে। এই স্মৃতিস্তম্ভ ইংলিশ ক্রিকেটের অনন্য এক বিজয়গাঁথাই নির্দেশ করবে।’সব শেষে পত্রিকাটিতে অস্ট্রেলীয় ক্রিকেটের প্রতি কৃত্রিম সমবেদনা জানিয়ে লেখা হয়েছে, ‘একটি ক্রিকেট সাম্রাজ্যের ভয়ংকর পতন এটি। সাম্রাজ্যটি এখন ব্রিটিশদের দখলে। পৃথিবীর নিয়মই এটি। একসময় একজন রাজা তো পরের দিনই সে পথের ভিখিরি।’ডেইলি মিররে নিজের লেখা কলামে ১৯৮৬ সালে শেষবারের মতো অস্ট্রেলিয়ার মাটি থেকে অ্যাশেজ নিয়ে আসা অধিনায়ক মাইক গ্যাটিং লিখেছেন, ‘এ মুহূর্তটির জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। তবে এবারের জয়টি ’৮৬-এর জয়ের চেয়ে অনেক বেশি আনন্দের। কারণ, ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে যে এই সিরিজে এতটা সহজে পরাজিত করবে, তা হয়তো ভাবেননি অনেকেই।’আরেক সাবেক ইংলিশ ক্রিকেটার ডেরেক প্রিঙ্গল ডেইলি টেলিগ্রাফে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়ান সাম্রাজ্যের পতন ঘটিয়ে আসা অসম্ভব আনন্দের। এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।’ রয়টার্স।