‘সময়টা আমি উপভোগ করছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 কি মনে হচ্ছে, মিস করছেন?মাইক হাসি: নাহ...সত্যিই না। বিশেষ করে টিভিতে খেলা দেখে যখন মনে হচ্ছে, ছেলেদের ওখানে ঘাম ছুটে যাচ্ছে! ঘরের সময়টা আমি উপভোগ করছি। আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা থেকে স্বাভাবিক জীবনে ফেরাটা আমার জন্য বেশ কঠিন হয়েছে, তবে অভ্যস্ত হতে শুরু করেছি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলে যাওয়াটাও ভালো লাগছে। পরের বছরের কথা অবশ্য এখনো ভাবিনি। একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেব। হুট করেই আপনার অবসর নেওয়া নিয়ে বিস্ময়ের ঝড় তুলেছে, আছে অনেক প্রশ্ন। আপনি নিজে তো পুরো অস্ট্রেলিয়ান গ্রীষ্ম ধরেই জানতেন, কিন্তু কিছু বলেননি! হাসি: কারও কাছে কোনো কিছু না বলার একটা কারণ আসলে আমি পুরো অস্ট্রেলিয়ান গ্রীষ্মটায় খেলতে চেয়েছিলাম। অস্ট্রেলিয়ার হয়ে প্রতিটি টেস্ট খেলাই আমি হূদয়ে সযত্নে লালন করি। আগেই জানিয়ে দিলে হয়তো তারা ভবিষ্যৎ ভাবা শুরু করত এবং শেষ দুটি টেস্টে আমাকে খেলার সুযোগ দিত না। খানিকটা স্বার্থপর ভাবনা বলতে পারেন, কিন্তু সত্যিই আমি তখনই শেষ করতে চেয়েছিলাম যখন নিজে চেয়েছি। আমি চাইনি তারা এসে আমাকে বলুক, ‘তুমি অবসরে যাচ্ছ, আমরা নতুন কাউকে নিচ্ছি।’ তবে মূল কারণ অবশ্যই আমি সিদ্ধান্তটা নিয়ে শতভাগ নিশ্চিত হতে চেয়েছি, দেখতে চেয়েছি পুরো গ্রীষ্ম কেমন বোধ করি। এখনকার তরুণ ব্যাটসম্যানরা সংক্ষিপ্ত সংস্করণে সব শট শিখেই প্রথম শ্রেণীর ক্রিকেট আসে। তরুণ ওপেনার হিসেবে আপনার শুরুটা ছিল প্রথাগত, পরে পাখা মেলেছেন। এটাই কি ভালো নয়?হাসি: নিঃসন্দেহে! যদি ডিফেন্স ভালো থাকে, টেকনিক নিখুঁত হয় আর ফ্রন্ট ও ব্যাকফুটে ভালো খেলাটা রপ্ত করা যায়, তাহলে সহজেই উন্নতি করা যায়। তরুণ বয়সে আমি চেষ্টা করতাম প্রতি শীতে একটি করে শট ভান্ডারে যোগ করতে। শুরুর সময় খুব বেশি শট ছিল না আমার হাতে...এক শীতে যেমন আমি কাট শট শেখা শুরু করলাম। লাখ লাখ কাট শট খেলে সেটা রপ্ত করলাম। ইংল্যান্ডে যাওয়ার পর আমার স্পিন খেলায় অনেক উন্নতি হলো। নর্দাম্পটনে খেলতাম, ওখানকার কন্ডিশন ছিল স্পিন উপযোগী। ওখানে আমি সুইপ-রিভার্স সুইপের মতো শটগুলো শিখলাম। গ্যাপে বল ঠেলে দ্রুত স্ট্রাইক বদলানোর কাজটাও আপনি ভালো পারতেন...হাসি: এটা এসেছে আসলে আমার শুরু থেকেই। হাতে শট ছিল না, গ্যাপে বল ঠেলেই তাই প্রাণপণে দৌড়াতাম। বিশেষ করে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে যখন ওপেন করতে থাকলাম, তখন প্রচুর রান করেছি আলতো খেলে, বল হালকা ঠেলে এবং ব্যাটের কানায় লেগে। অল্প বয়সেই শিখে গিয়েছিলাম প্রতিটি রানের জন্য প্রাণপণ দৌড়াতে হবে। অস্ট্রেলিয়ার হয়ে আপনার ক্যারিয়ারকে পরিষ্কার তিনটি পর্যায়ে ভাগ করা যায়—শুরুর মধুচন্দ্রিমা, বাস্তবতায় ফিরে আসা আর দারুণভাবে শেষ করা...হাসি: আমার শুরুটা যেভাবে হয়েছিল, স্বপ্নেও এর চেয়ে ভালো হতে পারত না (প্রথম ২০ টেস্টে ৮ সেঞ্চুরি, গড় ৮৪.৮০)। তবে সময় সময় তো ওই ধারাবাহিকতা ধরে রাখা যায় না। দায়িত্ব নিতে হয়, নিজের ওপর প্রত্যাশার চাপ বেড়ে যায়, ছোট ছোট ব্যাপারগুলো হঠাৎ করেই পক্ষে আসে না। জানতাম আমার ক্ষেত্রেও অমন কিছু হবে এবং হয়েছেও। তবে জানতাম যদি নিজের প্রতি সৎ থাকি, প্রস্তুতি ভালোভাবে নিই ও নির্ভার থাকি, তাহলে দুঃসময় কেটে যাবে। তা-ই হয়েছে। দলের নতুন মুখ থেকে সিনিয়র হয়ে ওঠা, অস্ট্রেলিয়ান ক্রিকেটের পালাবাদল—এসবের সঙ্গে কীভাবে মানিয়ে নিয়েছেন?হাসি: সত্যি বলতে আমি খুব ভাগ্যবান ছিলাম। যখন দলে এলাম, দলটা এমনই অসাধারণ ছিল যে আমার ভালো করা না করায় খুব বেশি কিছু আসত-যেত না। এত এত গ্রেট ক্রিকেটার তখন, ওয়ার্ন-ম্যাকগ্রা-পন্টিং-গিলক্রিস্ট...। আমি স্রেফ নির্ভার থেকে উপভোগ করেছি। প্রতিবারই মাঠে নামার সময় জানতাম আমরা টেস্ট জিতব, এই অনুভূতিটা ছিল অসাধারণ।’ ওয়ার্ন-ম্যাকগ্রাদের অবসরের পর সব কঠিন হয়ে গেল। আমি নিজের ওপর চাপ নিইনি। নিজের দৃষ্টিভঙ্গির বদল, সিনিয়র ক্রিকেটার হিসেবে দায়িত্ববোধ সহজাতভাবেই চলে এসেছে। ড্রেসিংরুমের পরিবর্তনটা, জয়টা ‘নিশ্চিত’ নয়, এসব কখন বুঝতে পারলেন?হাসি: সিডনিতে যেদিন ওয়ার্ন-ম্যাকগ্রা-ল্যাঙ্গাররা অবসর নিল। মনে আছে, সবার সঙ্গে বিয়ারে চুমুক দিতে দিতে আমরা বলছিলাম, ‘কঠিন সময়ের এই শুরু।’ এবং সত্যিই সেটা হয়েছে। বিশেষ করে অমন দুজন বোলারকে (ওয়ার্ন-ম্যাকগ্রা) হারানো...এমন বোলারদের তো বিকল্প পাওয়া যায় না! জন বুকাননের ব্যাপারে আপনার ভাবনা কী? জনপ্রিয় ধারণা হলো, দলটাই এমন ছিল যে কোচ যে কেউ হলেই অমন সফল হতেন...হাসি: আমি জন বুকাননের বড় ভক্ত ছিলাম। আমার ধারণা, তিনি জানতেন কীভাবে নানা মানসিকতার মানুষদের সামলাতে হয়। যাকে যেভাবে প্রয়োজন, সেভাবেই অনুপ্রাণিত করতে পারতেন। খুব ইতিবাচক ছিলেন, সব সময় অনুপ্রেরণা ও উৎসাহ দিতেন। আমার ওপর অগাধ আস্থা ছিল, আমার জন্য যেটা খুব প্রয়োজনীয়ও ছিল।  আপনার ক্রিকেট-জ্ঞান, ভাবনা—সবকিছুই বলে আপনার মাঝে লুকিয়ে আছে একজন পরামর্শক (মেন্টর) বা কোচ!হাসি: হয়তো। আমার পরিকল্পনা ছিল সম্ভব সবকিছুই চেষ্টা করা, এপর দেখা কোনটা ভালো লাগে। জাস্টিন ল্যাঙ্গার (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ) বলে, এমন কিছু করা উচিত যা ভেতরে তাগিদ সৃষ্টি করে, অনুপ্রাণিত করে। সেটা বিশ্বের সেরা ধারাভাষ্যকারই হোক বা সেরা কোচ বা তরুণদের পরামর্শক।