‘সর্বকালের অন্যতম সেরা অস্ট্রেলীয় ক্রিকেটার’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিকি পন্টিংয়ের বিদায় যেন একটি বিশেষ অধ্যায়ের পরিসমাপ্তি। অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে দুটো বিশ্বকাপ ও ৪১টি টেস্ট ম্যাচ জেতানো এই ক্রিকেটার ইতিহাসে জায়গা করে নিয়েছেন তাঁর অসাধারণ প্রতিভা দিয়েই। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৩৬৬ রানের সংগ্রাহককে ক্রিকেট মনে রাখবে আরও বহু বছর। পন্টিংয়ের বিদায়ের লগ্নে তাই ক্রিকেট অস্ট্রেলিয়াও তাদের দীর্ঘদিনের সেনানীকে দিয়েছে প্রাপ্য মর্যাদা। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, রিকি পন্টিং অস্ট্রেলিয়ার পক্ষে খেলা সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার।ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ওয়ালি এডওয়ার্ডস বলেছেন, রিকি পন্টিংয়ের অবসরের ঘোষণা একটি স্বাভাবিক প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় তিনি তরুণ বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা শুরু করেছিলেন, অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা করে নিয়েছিলেন, ৪২তম টেস্ট অধিনায়ক হয়েছেন, এটিও সেই প্রক্রিয়ারই অংশ।তিনি বলেন, রিকি যে সিদ্ধান্তটি নিয়েছে তাকে আমরা সম্মান জানাই। সে নিঃসন্দেহে তাঁর ,তাঁর পরিবার ও দলের ভালোর কথা চিন্তা করেই এই সিদ্ধান্তটি নিয়েছে। এডওয়ার্ডসের মতে, রিকি পন্টিং সবসময়ই সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে। তাঁকে আমরা খোলাখুলি চরিত্রের একজন হিসেবেই জানি।এডওয়ার্ডস বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তাঁর সতেরো বছরের ক্রিকেট ক্যারিয়ারের সকল অর্জনের জন্য তাঁকে অভিনন্দন জানাই।ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, রিকি পন্টিং এক অসাধারণ ক্রিকেটারের নাম। তিনি অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ সতেরোটি বছর কাটিয়েছেন। দেশের ক্রিকেটে তাঁর অবদান বলে বোঝানোর মতো নয়।’তিনি বলেন, রিকি পন্টিংকে আমি সবসময়ই শ্রদ্ধা করি। তাঁর প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়েছে তাঁর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর থেকে। আমি ওই সময় থেকে দেখছি একজন অসাধারণ টিমম্যানকে।’ সাদারল্যান্ড বলেন, আমি খুব করেই চাই খেলা ছেড়ে দেওয়ার পরেও পন্টিং অস্ট্রেলীয় ক্রিকেটে সঙ্গেই নিজেকে জড়িয়ে ফেলুক। সংগঠক কিংবা কোচ হিসেবে সে অস্ট্রেলীয় ক্রিকেটে আরও অবদান রাখুক। সাদারল্যান্ড পন্টিংকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবেও আখ্যায়িত করেন। সূত্র: ইএসপিএন।