‘সর্বকালের সেরাদের পথে মেসি’
সর্বকালের সেরা ফুটবলার কে? পেলে না ম্যারাডোনা? এ প্রশ্নেই এত দিন বিভক্ত ছিল ফুটবল বিশ্ব। তবে এ বিতর্ক আর খুব বেশিদিন থাকবে না বলে মনে করছেন আর্জেন্টিনার কোচ সার্জিও বাতিস্তা। শিষ্য লিওনেল মেসি অচিরেই সর্বকালের সেরার আসনে বসতে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি।কিংস কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে একেবারেই নিষ্প্রভ ছিলেন মেসি। বার্সেলোনাও হেরেছিল ১-০ গোলের ব্যবধানে। কিন্তু চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দুর্দান্ত দুটি গোল করে সেই হারের প্রতিশোধ বেশ ভালো মতোই নিয়েছেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর। আর সেই ম্যাচে তাঁর দ্বিতীয় গোলটি ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার সেই অসাধারণ ড্রিবলিংয়ের কথা মনে করিয়ে দিয়েছে অনেককে। মেসির এই দুর্দান্ত পারফরমেন্সে খুবই খুশি আর্জেন্টিনার কোচ বাতিস্তা। তিনি বলেছেন, ‘আমরা সবাই মেসিকে খুব ভালো মতোই চিনি। সে সর্বকালের সেরা ফুটবলার হওয়ার পথে বেশ ভালো মতোই এগিয়ে যাচ্ছে। সে নিজেকেই প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছে। মেসি এখনই বিশ্বের সেরা ফুটবলার। বার্সেলোনার খেলা দেখার পর আমি নিজেকে বলেছি, জাভি আর মেসির মতো জুটি যে আছে সে জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ।’ রয়টার্স।