‘সর্বকালের সেরা’ গোল রুনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত এক গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয় এনে দিয়েছিলেন ওয়েইন রুনি। সেই মৌসুমে রেকর্ড ১৯ বারের মতো শিরোপা জয়ের কৃতিত্বও অর্জন করেছিল রেড ডেভিলরা। এবার সেই অসাধারণ গোলটির জন্য অবিস্মরণীয় এক মর্যাদাও পেয়ে গেলেন এই ইংলিশ স্ট্রাইকার। তাঁর সেই গোলটি বিবেচিত হয়ে প্রিমিয়ার লিগের শেষ ২০টি মৌসুমের সেরা গোল হিসেবে।বিশ্বব্যাপী ফুটবল সমর্থকদের এক ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে এই ‘সর্বকালের সেরা গোল’। ২৬ শতাংশ ভোট পেয়ে এই বিরল মর্যাদা অর্জন করেছেন রুনি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেই ম্যাচের ৭৭ মিনিটে নানির ক্রস থেকে বাইসাইকেল কিক করে বল জালে জড়িয়েছিলেন এ সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার। ২০০২ সালে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ডেনিস বার্গক্যাম্পের গোলটি আছে দ্বিতীয় স্থানে। ডাচ এই স্ট্রাইকার গোলটি করেছিলেন আর্সেনালের জার্সি গায়ে। তৃতীয় স্থান পেয়েছে ২০০০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে থিয়েরি অঁরির করা গোলটি। আর্সেনালের পক্ষে সেই দুর্দান্ত গোলটি করেছিলেন অঁরি।ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ২০টি মৌসুমের মধ্যে সেরা গোলদাতার সম্মান অর্জন করার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়েইন রুনি। তিনি বলেছেন, ‘আমি প্রিমিয়ার লিগ দেখতে দেখতেই বেড়ে উঠেছি। আর সেই আসরের সেরা গোলদাতার সম্মান পাওয়াটা সত্যিই একটা দারুণ অনুভূতি। আমি ছোটবেলায় কিংবদন্তি ফুটবলারদের অনেক দুর্দান্ত গোল দেখেছি। আল্যান শিয়ারার, পাওলো ডি কানিও, ডেভিড বেকহাম, আরও অনেকে। তাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই বিরল মর্যাদাটা পাওয়া আমার জন্য অনেক কিছু। যেসব ভক্তরা আমার জন্য ভোট করেছেন তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি।’