ক্লাব কাপ হকিতে আবাহনীর জার্সি গায়ে পরশু ৬ গোল করেছেন আসাদুজ্জামান (চন্দন)। ৫টিই ছিল পেনাল্টি কর্নারে। তাহলে কী আরেকজন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ পেয়ে গেল বাংলাদেশের হকি? উত্তরটা শুধু হ্যাঁ-বোধকই করতে চান না, মামুনুর রহমানকে (চয়ন) সরিয়ে জাতীয় দলে এখন থেকে সব পেনাল্টি কর্নার নিতে চান এই ডিফেন্ডার— এক ম্যাচে ছয় গোল, আগে কখনো করেছেন?আসাদুজ্জামান: না। আগে সর্বোচ্চ গোল ছিল ৩টি। গত লিগে মেরিনার্সের হয়ে করেছিলাম। তিনটিই ছিল পেনাল্টি কর্নারে। এবার পাঁচ গোল করলেন পেনাল্টি কর্নার থেকে, আপনি তো এখন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ।আসাদুজ্জামান: তা বলতে পারেন। আমি নিজেকে পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আত্মবিশ্বাস কোত্থেকে পেলেন?আসাদুজ্জামান: আত্মবিশ্বাস আমাকে দিয়েছেন পিটার (জাতীয় দলের কোচ পিটার গেরহার্ড)। তিনি অনুশীলনে আমার ফিজিক দেখে বললেন, ‘হেই ম্যান, তুমি পেনাল্টি কর্নার নাও না কেন? ঠিক ওই সময়ই আমি এক গোলকিপারকে দাঁড় করিয়ে খুব ভালো একটা পেনাল্টি কর্নার নিয়েছিলাম। আপনি কি আগে পেনাল্টি কর্নার নিতেন? আসাদুজ্জামান: আগে টুকটাক মারতাম। মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। চয়ন (মামুনুর) ভালো পেনাল্টি কর্নার নিতে শুরু করায় ভাবলাম, ‘ও ছোট ভাই...ভালো মারছে মারুক।’ এবার পিটার এসেই আমাকে নতুন করে ভাবিয়েছেন। জাতীয় দলে ৫-৬ বছর ধরে খেলছি, গোল ৫-৬টা হবে। জাতীয় দলে তাহলে মামুনুরকে সরিয়ে আপনি পেনাল্টি কর্নার নিতে চান?আসাদুজ্জামান: জাতীয় দলে এখন থেকে আমিই পেনাল্টি কর্নার নিতে চাই। যোগ্যতার প্রমাণ দিতে এবার আমি ক্লাব কাপে সর্বোচ্চ গোলদাতা হতে চাই। সব গোলই করতে চাই পেনাল্টি কর্নার থেকে। পেনাল্টি কর্নারে ভালো হতে কী গুণ থাকা দরকার?আসাদুজ্জামান: এটা শক্তি আর অনুশীলনের ব্যাপার। কোমরে জোর বেশি লাগে। বাহুতে শক্তি দরকার। শরীরটা ঘুরিয়ে মারতে হয় অনেক সময়। অনুমান ক্ষমতা এবং বিচক্ষণতাও খুব জরুরি। আপনি বিশেষ কী করেন?আসাদুজ্জামান: এসএ গেমসের পর আমি প্রতিদিন ১০০-১৫০ বার বল হিট করতাম পোস্টে। এখনো সকাল-বিকেল মাঠে ডিয়ের ওপর ২০টা বল সাজিয়ে তারপর মারতে থাকি। পোস্টের দুই কোনায় দুটি চিহ্ন দিয়ে রাখি, যেখান দিয়ে বল ঢোকাতে হবে...। প্রতিটি বল কোনা দিয়ে যেতে হবে, ওটাই থাকে লক্ষ্য। আপনি তো ক্রীড়া পরিবারের। পারিবারিক সহযোগিতা নিশ্চয়ই পান।আসাদুজ্জামান: আমার আব্বা আমজাদ আলী বিকেএসপির বক্সিং কোচ। আমরা ওখানেই থাাকি। আমার তিন বোনই খেলোয়াড়। ব্যাডমিন্টন খেলোয়াড় নূরী তো বেশ পরিচিতই। বিকেএসপিতে আমার বাসায় ১৯-২০টা বল আছে, ওখানে থাকলে বল নিয়ে সকাল-বিকেল পেনাল্টি কর্নার প্র্যাকটিস করি। জাতীয় দলের হয়ে ইউরোপ সফরে গিয়েছেন। ওই সফরটাও নিশ্চয়ই কাজে এসেছে?আসাদুজ্জামান: ভীষণ কাজে এসেছে। জার্মানির ডুইসবার্গে রেদেলবার্গ ক্লাবে খেলতাম। ওই ক্লাবের কোচ মার্ক আমাকে কিছু টেকনিক শিখিয়েছেন। কোমরে পাওয়ার আনার জন্য বিশেষ ধরনের বল দিয়ে অনুশীলন করাতেন। আপনি তো ড্র্যাগ ফ্লিক নেন। হিট আর ড্র্যাগ ফ্লিকের মধ্যে পার্থক্য কী?আসাদুজ্জামান: হিট করলে গোলরক্ষক শুয়ে পড়লে গোল হবে না। কিন্তু ড্র্যাগ ফ্লিক গোলরক্ষক বুঝতে পারেন না। হিটে ৫০-৫০ গোল, ড্র্যাগে গোলের নিশ্চয়তা ৭৫ ভাগ। ড্র্যাগ টেনে মারতে হয়। আধুনিক হকিতে ড্র্যাগই বেশি চলছে। ড্র্যাগ ফ্লিকের জন্য বিখ্যাত হয়ে আছেন পাকিস্তানের সোহেল আব্বাস। হিটের জন্য বোভেল্যান্ডার...আসাদুজ্জামান: ববির খেলা দেখেছি টিভিতে। আর মালয়েশিয়ায় গত এশিয়া কাপে সোহেল আব্বাসের সঙ্গে খেলেছি। তিনি আমাকে একটা কথাই বলেছেন, অনুশীলনই হচ্ছে শেষ কথা। যত অনুশীলন, ততই ভালো পেনাল্টি কর্নার।