'সর্বোচ্চ রান করতে চেয়েছিলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোসাদ্দেক হোসেন
মোসাদ্দেক হোসেন

আবাহনীর মতো ক্লাবে খেলে এবার অভিষেক হলো ঢাকা প্রিমিয়ার লিগে। আগের ম্যাচে ৩৯ করার পর কাল করলেন সেঞ্চুরি। অনূর্ধ্ব-১৯ দলের হয়েও গত কিছুদিনে সবচেয়ে উজ্জ্বল তিনিই। ১৭ বছর বয়সী প্রতিভাবান ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন কথা বললেন তাঁর সাম্প্রতিক ফর্ম, বেড়ে ওঠা আর স্বপ্ন নিয়ে
 নিজের সেঞ্চুরির আনন্দ, না দলের হার কোনটি বেশি?
মোসাদ্দেক হোসেন: সেঞ্চুরি করে ভালো লাগছে অনেক। ঢাকা প্রিমিয়ার লিগের মতো একটা লিগে দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করলাম, আনন্দটা তাই অনেক বেশি। তবে দল জিতলে আরও বেশি ভালো লাগত।
 প্রথমবার ঢাকা প্রিমিয়ার লিগে এসেই খেলছেন আবাহনীর মতো একটা ক্লাবে, কেমন লাগছে?
মোসাদ্দেক: এই ভালো লাগার তুলনা নেই। ছোট থেকেই তো স্বপ্ন দেখতাম আবাহনী-মোহামেডানের মতো নামকরা ও বড় ক্লাবগুলোতে খেলার। তবে ক্যারিয়ারের শুরুতেই এত বড় ক্লাবে খেলতে পারব, কখনোই ভাবিনি। আবাহনী আমাকে নিয়েছে, নিয়মিত খেলার সুযোগ পাচ্ছি। আল্লাহর রহমতে ভালোও করছি। এটা ধরে রাখতে চাই।
 প্রথম ম্যাচে ৩৯ করেছিলেন, আজ (গতকাল) ১০০...প্রথমবার খেলতে এসেই নজরকাড়া কিছু করা বা এমন কোনো নির্দিষ্ট লক্ষ্য আছে?
মোসাদ্দেক: লক্ষ্য ছিল লিগের সর্বোচ্চ রান করা। এমন একটা লিগে সর্বোচ্চ রান করলে সবারই নজর কাড়া যাবে। তবে পুরো লিগ তো খেলতে পারব না। অনূর্ধ্ব-১৯ ওয়েস্ট ইন্ডিজ সফর আছে সামনেই, চার-পাঁচটা ম্যাচ হয়তো খেলতে পারব। এখন আমার লক্ষ্য, যে কয়টা ম্যাচই খেলি, ওই সময় অন্তত সবচেয়ে বেশি রান করা।
 অনূর্ধ্ব-১৯ দলের হয়েও তো ভালোই খেলছেন, ইংল্যান্ডে সেঞ্চুরি করেছেন কদিন আগে। এপ্রিলে সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। কথা শুনে মনে হচ্ছে আপনার আত্মবিশ্বাসও দারুণ!
মোসাদ্দেক: আসলে আমি অনেক পরিশ্রম করছি। অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে অনেক খেটেছি, অনেক কিছু শিখেছি। দিনে দিনে উন্নতি নিজেও টের পাচ্ছি। পরিশ্রমে ফাঁকি দিইনি বলেই এমন ধারাবাহিক রান করতে পারছি।

 আপনার বেড়ে ওঠার কথা বলুন। ক্রিকেটের হাতেখড়ি থেকে শুরু করে এই আবাহনী পর্যন্ত আসা...
মোসাদ্দেক: শুরু তো সেই ছোট্টবেলা থেকেই, মনেও নেই ঠিক কবে। ময়মনসিংহ শহরের কাচিঝুলিতে থাকি আমরা। স্থানীয় কোচ হাবিবুল ইসলাম অলকের কাছে সিরিয়াসলি ক্রিকেট শেখা শুরু। ময়মনসিংহে একবার অনূর্ধ্ব-১৩ ক্যাম্প হলো। ওখানে নির্বাচিত হলাম, এরপর জাতীয় পর্যায়েও নির্বাচিত হলাম। অনূর্ধ্ব-১৫, ১৭, ১৯। খেললাম প্রথম বিভাগে। গত বছর প্রথম বিভাগে কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে রান করেছি সাড়ে পাঁচ শ, উইকেট নিয়েছিলাম ২৬টি। এই তো, এবার আবাহনী।
 টুকটাক অফ স্পিনও করছেন নিয়মিতই...
মোসাদ্দেক: প্রিমিয়ার লিগে ততটা বোলিংয়ের সুযোগ আসছে না। তবে বয়সভিত্তিক পর্যায়ে ও প্রথম বিভাগে নিয়মিতই বোলিং করেছি। অলরাউন্ডার হয়ে ওঠাই আমার লক্ষ্য। তবে ব্যাটিংটাকেই বেশি গুরুত্ব দিচ্ছি।
 ক্রিকেট নিয়ে স্বপ্নের সীমানা কত দূর?
মোসাদ্দেক: পেশাদার ক্রিকেট যখন খেলছি, মূল লক্ষ্য তো অবশ্যই জাতীয় দলে খেলা। তবে আরও বড় লক্ষ্য আছে, জাতীয় দলে খেলতে চাই দীর্ঘদিন। অন্তত টানা ১০ বছর তো খেলতে চাই-ই।
 অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন কিছুদিন আগে। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন না?
মোসাদ্দেক: এখনই আসলে অত দূর ভাবতে চাই না। আপাতত শুধু ভালো খেলে যেতে চাই, রান করে যেতে চাই।
 প্রিয় ব্যাটসম্যান কে?
মোসাদ্দেক: দেশে নাসির হোসেন, দেশের বাইরে বিরাট কোহলি। নাসির ভাইয়ের মতোই আমি মিডলঅর্ডার ব্যাটসম্যান ও অফ স্পিনার। ওই দুজনই খুব পজিটিভ, টেনশন ছাড়া ব্যাটিং করেন। এটা আমার খুব ভালো লাগে।