‘সাকিব দায়িত্ব ভালোভাবে পালন করেছে’
স্টুয়ার্ট লর সঙ্গে সংবাদমাধ্যমের কথাবার্তায় অনেকটা জুড়েই থাকল সাকিবের অধিনায়কত্ব। বিসিবি সাকিবের অধিনায়কত্বে অনেক ঘাটতি খুঁজে পেলেও কোচের কিন্তু তেমন কিছু মনে হয়নি... সাকিব-তামিমকে অব্যাহতি দেওয়ার খবর শোনার পর প্রতিক্রিয়া কেমন ছিল?স্টুয়ার্ট ল: আমার জন্য খবরটা বিস্ময় হয়েই এসেছিল। নিজের অনুভূতি পুরোপুরি বলা মুশকিল। আমার জন্য খবরটা বড় বিস্ময় ছিল। তবে আবারও বলছি, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। আমাদের সেটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। জিম্বাবুয়ে সফরে কি কোনো আভাস পেয়েছিলেন?ল: অনেক কথাবার্তা, আলোচনা হচ্ছিল। নির্দিষ্ট করে কখনোই বলা হয়নি, কী করা উচিত। হাইপোথেটিক্যাল আলোচনা হচ্ছিল, চোটের কারণে সাকিব অধিনায়ক না থাকলে কে অধিনায়ক হবে, এসব নিয়ে আলোচনা ছিল। কিন্তু এই সিদ্ধান্ত পুরোপুরি বিস্ময়কর। অধিনায়ক সাকিবকে কীভাবে মূল্যায়ন করবেন?ল: অধিনায়ক হওয়ার পর ওর পারফরম্যান্স আরও ভালো হয়েছে, ভালো ক্রিকেটারদের ক্ষেত্রেই কেবল এমনটা হয়ে থাকে। রেকর্ড-পরিসংখ্যানই ওর পক্ষে কথা বলবে। অধিনায়কত্ব মানেই ভীষণ চাপ, বিশেষ করে বাংলাদেশের অধিনায়ক হওয়াটাকে তো আমি বলব বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ‘প্রেশার কুকার’। কিন্তু অধিনায়কত্ব ওর পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি। সাকিব দায়িত্ব ভালোভাবে পালন করেছে। সাকিবের জন্য কোনো পরামর্শ...ল: সাকিবের জন্য পরামর্শ...স্রেফ উপভোগ করো। চাপমুক্তিটা পুরোপুরি উপভোগ করে আরও ভালো খেলার চেষ্টা করো। কে জানে, এই সিদ্ধান্ত ওর জন্য ইতিবাচকও হতে পারে। নতুন অধিনায়ক আসছেন, আপনার জন্য বলা যায় আবারও নতুন শুরু...ল: তা সেভাবে দেখতে পারেন। সাকিবের সঙ্গে জুটিতে আমরা দুজনই শিখছিলাম, আরও অনেক কিছু শেখার ছিল। এখন আবার শুরু করতে হবে...এভাবেই দেখতে পারেন। ক্রিকেটে আসলে মাঠে নামার পর দলটা অধিনায়কের, সব সিদ্ধান্ত সে-ই নেয়। মাঠের বাইরে সিদ্ধান্ত হয় আলোচনা করে। নতুন অধিনায়কের ক্ষেত্রেও তা-ই হবে। সাকিবের মতো একজন দলে থাকায় তার বরং সুবিধাই হবে। নতুন অধিনায়ক কে হতে পারেন বলে মনে করেন?ল: যে কেউ অধিনায়ক হতে পারে। ভালো ক্রিকেটার অনেক আছে, ভালো ক্রিকেট মাইন্ড আছে। দেশ ও খেলার জন্য আবেগ আছে। অন্তত ছয়জন আছে বেছে নেওয়ার জন্য।