‘সাকিবরা আরও এগিয়ে যাক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সব সময় নিজের ঘরের ভালোবাসাই পেয়েছেন। বাংলাদেশও তাঁর হূদয়ের একটা বড় অংশে জুড়ে থাকে সব সময়। বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেটের হিতাকাঙ্ক্ষী তিনি অনেক দিন থেকেই। সেই বাংলাদেশ যখন ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে বিশ্বক্রিকেটের মানচিত্রে, সৌরভ গাঙ্গুলীর গর্ব তো হবেই!গর্ব হচ্ছে, আবার কষ্টও পাচ্ছেন। এত কাছে এসেও এশিয়া কাপের মতো মর্যাদাসম্পন্ন একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ! নিজের সেই ভালো লাগা, কষ্ট পাওয়ার অনুভূতির কথা ভারতের সাবেক অধিনায়ক লিখেছেন তাঁর দেশের একটি দৈনিকে নিজের লেখা কলামে। শুরুতেই সৌরভের কলম থেকে ঝরেছে বাংলাদেশের জন্য সহানুভূতি, ‘ট্রফির এত কাছে এসেও কত দূরে থেকে গেল বাংলাদেশ! মাত্র দুই রানে এশিয়া কাপ ফাইনাল হারার দুঃখটা নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটারদের তাড়া করবে। জেতার এত কাছে এসে হারটা যে ওরা মেনে নিতে পারেনি সেটা বেশির ভাগ ক্রিকেটারের কান্না দেখেই বোঝা যাচ্ছিল।’তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলাটাও বাংলাদেশের জন্য বড় জয় বলে মানছেন সৌরভ। এ জন্য পিঠ চাপড়ে দিয়ে পরাজয়ের একটা ব্যাখ্যাও দিয়েছেন ‘দাদা’, ‘আগের ম্যাচগুলোয় ভারত আর শ্রীলঙ্কার বিপক্ষে বড় রান তাড়া করে জেতার পর এই হারটা মেনে নেওয়া কঠিনই। তবে ওরা অসাধারণ লড়েছে। ফাইনালে ওদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ, এ রকম বড় ফাইনাল খেলার অভিজ্ঞতা ওদের নেই। ঘরের মাঠে দর্শকদের প্রত্যাশার প্রচণ্ড চাপ নিয়ে খেলতেও অভ্যস্ত নয় সাকিবরা।’টুর্নামেন্ট থেকে বাংলাদেশের অনেক প্রাপ্তিও দেখছেন তিনি, ‘এশিয়ার বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশ যেভাবে লড়েছে, সেটা ভবিষ্যতে ওদের সাহায্য করবে। এই টুর্নামেন্ট থেকে অনেক ইতিবাচক জিনিস পেল বাংলাদেশ। গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত খেলেছে ওরা। ভারত আর শ্রীলঙ্কাকে হারানো তো আছেই, পাকিস্তানকেও প্রায় হারিয়ে দিচ্ছিল।’আলাদা করে দারুণ প্রশংসা করেছেন সাকিবের, ‘ফাইনালে বাংলাদেশের নায়ক অবশ্যই সাকিব। দুর্দান্ত বল তো করলই, যতক্ষণ ক্রিজে ছিল ততক্ষণ মনে হচ্ছিল বাংলাদেশের জেতার ভালো সুযোগ আছে। ওর উইকেটটাই ম্যাচে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিল। সাকিব আর কিছুক্ষণ ক্রিজে থাকলে রানের গতি আটকে যেত না; তরুণ নাসিরকেও পরামর্শ দিতে পারত। আমি মনেপ্রাণে আশা করব, এই টুর্নামেন্ট থেকে ইতিবাচক দিকগুলো নিতে পারবে বাংলাদেশ। আশা করব, এই টুর্নামেন্টটাই ক্রিকেটবিশ্বে বাংলাদেশের আরও এগিয়ে যাওয়ার ভিত গড়ে দেবে।’ ওয়েবসাইট।