‘সাকিবের সিদ্ধান্ত ভুল ছিল’
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটি ভুল ছিল বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল। তিনি বলেন, টসে জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব যখন ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ব্যাট করতে পাঠাল, সেই ম্যাচে তখনই বাংলাদেশ হেরে গেছে।পাকিস্তানের দি নেশন পত্রিকায় লেখা এক কলামে তিনি উল্লেখ করেছেন, সাকিব টস জিতে ফিল্ডিং নিয়ে এক ধরনের ‘জুয়া’ খেলতে চেয়েছিলেন। কিন্তু, বাংলাদেশের নতুন বলের বোলাররা বাজে বোলিং করায় তাঁর সেই সিদ্ধান্তটি বুমেরাং হয়েছে।তিনি সাকিবের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি ভারতের ব্যাটিংয়ের প্রশংসা করে বলেছেন, ভারতীয় ব্যাটসম্যানেরা সত্যিকারের চ্যাম্পিয়নের মতোই ব্যাট করে সাকিবের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দিয়েছে।আমির সোহেল মনে করেন উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দলটি প্রচণ্ড চাপের মধ্যে ছিল। স্টেডিয়ামভর্তি দর্শক-সমর্থন, বিশ্বকাপের মতো বড় আসরের প্রথম ম্যাচের চাপ—সবকিছুই বাংলাদেশকে চাপের মধ্যে ফেলে দিয়েছিল।আমির সোহেল মনে করেন, এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশকে ‘উড়িয়ে’ দিয়ে ভারত প্রমাণ করে দিয়েছে যে তারা সত্যিকারের ফেবারিট। তিনি বলেন, ‘আমার তো মনে হয়, এখন প্রতিটি দলই ভারতের বিপক্ষে খেলতে নামলে “আপসেটের” অপেক্ষায় থাকবে।’তিনি বীরেন্দর শেবাগের ইনিংস সম্পর্কে বলেন, শচীন টেন্ডুলকার বাজেভাবে রান আউট হয়ে যাওয়ার পর সেটা শেবাগের ওপর চাপ হিসেবে দেখা দেয়নি। বরং তিনি সেটার সম্পূর্ণ দায়ভার নিজের ওপর নিয়ে দারুণ এক ইনিংস খেলে ক্ষতিটা পুষিয়ে দিয়েছে। তিনি জানেন, কখন স্ট্রাইক পরিবর্তন করতে হয়, কখন রানের গতি বাড়াতে হয়। সব মিলিয়ে শেবাগের অসাধারণ এই ইনিংসের কাছেই হার মানতে বাধ্য হয়েছে বাংলাদেশ। ওয়েবসাইট।