‘সাদা বিদ্যুৎ’ খুঁজছেন বর্শাফলক
প্রধান কোচ গ্যারি কারস্টেন এবং সহকারী কোচ রাসেল ডমিঙ্গো দায়িত্ব নেবেন ১ আগস্ট। তবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের অভিষেক হয়ে যাচ্ছে এর আগেই। তিন জাতি সিরিজ খেলতে এ সপ্তাহেই জিম্বাবুয়ে যাবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে ‘এ’ দলের সঙ্গে কাজ করে গা ঘামিয়ে নিচ্ছেন ডোনাল্ডও।দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হিসেবে তাঁর যে পরিকল্পনা, তাতে মূল দায়িত্বে যাওয়ার আগে এমন একটা সুযোগই বোধ হয় দরকার ছিল ডোনাল্ডের। তিনি এমন একটা বোলিং আক্রমণ গড়ে তুলতে চান যাঁরা কখনো পিছু হটবে না, হবে আক্রমণাত্মক এবং যাদের বোলিং বর্শার ফলার মতো ধারালো। তো সেই বর্শার ফলাগুলোর সন্ধান তো তরুণদের মধ্যেই করতে হবে!২০০৩ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে যাওয়া ‘সাদা বিদ্যুতে’র বিশ্বাস, যেসব বোলার বিপদে পিছু হটে না, ভবিষ্যৎ সাফল্যের চাবিটা তাদের হাতেই। ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড বলেছেন, ‘অনুশীলনের মাঠ থেকেই তৈরি করতে হবে আক্রমণাত্মক মানসিকতা। ওখানেই সবকিছু শুরু হতে হবে, যাতে অধিনায়ক মাঠে প্রবেশ করার সময়ই জানে দলের কার কাছ থেকে সে কী পেতে পারে।’ ডোনাল্ড চান, নেটেই তাঁর বোলাররা ম্যাচের আক্রমণাত্মক মানসিকতা ধারণ করবে, খেলোয়াড়ি জীবনে যেমনটা হয়ে উঠতেন তিনি নিজে।অবশ্য দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে আগুন নেই—এমন অভিযোগ কখনোই তোলা যাবে না। গত বিশ্বকাপের কথাই ধরুন। দক্ষিণ আফ্রিকাই একমাত্র দল যারা গ্রুপ পর্বের ছয় ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করতে পেরেছে। মরনে মরকেলের বাউন্সারের সঙ্গে ডেল স্টেইনের গতি আর সুইং টেস্ট ক্রিকেটেও তাদের দাঁড় করিয়েছে নতুন বলে সবচেয়ে ভয় ধরানো জুটি হিসেবে। ডোনাল্ড অবশ্য বলছেন, কাজ করার আছে তাদের নিয়েও।তবে সবকিছুর শুরুটাই তিনি করবেন ‘এ’ দল থেকে, ‘এটা “এ” দল থেকেই শুরু হবে। বার্তাটা এখানেই দিয়ে দিতে হবে, যাতে পরে ছেলেরা ভয় পেয়ে না যায়, আন্তর্জাতিক ক্রিকেটটাকে বুঝতে পারে।’ এর আগে ইংল্যান্ড, জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটের দল মাউন্টেনার্স ও সম্প্রতি নিউজিল্যান্ড দলের সঙ্গে কাজ করলেও দক্ষিণ আফ্রিকার কোনো দলের সঙ্গে এর আগে কাজ করনেনি ডোনাল্ড। তবে প্রথম সুযোগ পেয়েই দলের তরুণদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতার আবহ গড়ে তুলতে চান নতুন বোলিং কোচ, ‘আমি চাই, নিজের সময় কখন আসবে সেটার জন্য অপেক্ষা না করে তরুণেরা দলে জায়গার জন্য দাবি জানাক।’ ওয়েবসাইট।