‘সাধু’র বিশ্বজয়
আন্দ্রেস ইনিয়েস্তা গোল করে দৌড় দিলেন। ডাচ গোলরক্ষক হতভম্ব হয়ে বসে রইলেন। মাঠের উল্টো পাশে পোস্টের নিচে দুই হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লেন ‘সাধু’। প্রাপ্তির চরম শিখরে উঠে আর নিজেকে সামলাতে পারলেন না ‘সেইন্ট’ ইকার ক্যাসিয়াস। আনন্দ অশ্রু বিসর্জন আজ শুধু ক্যাসিয়াসকেই মানায়। বাল্যকালে ফুটবলের সঙ্গে সম্পর্কের বাঁধন তৈরি করেছেন। দুই দশক ধরে সেই ফুটবল তাঁকে দুহাত ভরে দিয়েছে আর দিয়েছে। বাকি ছিল শুধু এভারেস্টের চূড়ায় ওঠা। দল নিয়ে পৃথিবীর সবাইকে ছাড়িয়ে উঠলেন নেতা হিসেবে। আর ব্যক্তিগতভাবে পেলেন পেশাদারি জীবনের সেরা পাওয়া—বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার। অধিনায়ক হিসেবে স্পেনের জন্য প্রথম শিরোপাটা নিয়ে দেশে ফিরতে পারছেন, এই আনন্দই ষোলো আনা হওয়ার কথা ছিল। সঙ্গে অধুনা ‘গোল্ডেন গ্লাভ’ নামে পরিচিত সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়ে যেন বাকহারা ক্যাসিয়াস, ‘আমার জন্য এটা একটা বিরাট সম্মানের ব্যাপার, বিরাট তৃপ্তির ব্যাপার। এই পুরস্কারটার দিকে আমি সারা জীবন চেয়ে থেকেছি, কিন্তু পাওয়ার আশা করিনি।’টুর্নামেন্টের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে একটু এলোমেলো হয়ে একটা গোল হজম করেছিলেন, ম্যাচও হেরেছিলেন। সে সময় স্প্যানিশরা ক্যাসিয়াস এবং তাঁর প্রেমিকা সারা কারবোনেরোর মুণ্ডুপাত করেছেন। এর পর থেকে আর ক্যাসিয়াসের কেশাগ্র স্পর্শ করার সুযোগ মেলেনি। চিলির বিপক্ষে ডিফেন্ডার জেরার্ড পিকের পায়ে লেগে বল একবার স্পেনের জালে জড়িয়েছে, সে জন্য ক্যাসিয়াসকে দোষ দেওয়াটা অন্যায়ই হবে। তার পর থেকে এই বিশ্বকাপেই ৪৪৩ মিনিট ধরে গোল হজম করেননি ক্যাসিয়াস। বিশ্বকাপের রেকর্ড থেকে আর ৭৪ মিনিট দূরে ক্যাসিয়াস।উচ্ছ্বাস তিনি করতেই পারেন। কিন্তু উচ্ছ্বাসটা প্রকাশ করেই আবার একটু সংযত হয়ে গেলেন ক্যাসিয়াস। বললেন, ‘একজন গোলরক্ষকের কাজই হলো প্রতিপক্ষকে গোল করতে না দেওয়া, কীভাবে কাজটা করা হলো সেটা ব্যাপার না। আর আমি যে কাজটা করেছি, এটা ডিফেন্সের সঙ্গে মিলে একটা টিমওয়ার্ক করে করেছি। তাই কৃতিত্বটা সবারই প্রাপ্য।’ সেই ১৯৯০ সালে, ৯ বছর বয়সে রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন। রিয়ালের ‘সি’, ‘বি’ দল হয়ে মাত্র ১৬ বছর বয়সেই মূল দলে ডাক পেয়েছেন। তার পর থেকে রিয়াল মাদ্রিদের প্রতীকে পরিণত হয়ে গেছেন ইকার ক্যাসিয়াস। প্রতীক হয়ে গেছেন স্পেন দলেরও। ২০০০ সালে জাতীয় দলে অভিষেক ১৯ বছর বয়সে। তার পর থেকে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত খেলে ফেললেন ১১১টি ম্যাচ। দীর্ঘ এই ক্যারিয়ারে ব্যক্তিগত ও দলীয় অর্জন অনেক। রিয়াল মাদ্রিদের হয়ে চারবার স্প্যানিশ লিগ, দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। জাতীয় দলের অধিনায়ক হিসেবে ২০০৮ সালেই জিতেছেন ইউরো।২০০৮-০৯ মৌসুমেই ফিফা ও ফিপ্রোর বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন। কিন্তু গোলপোস্টের নিচে বিশ্বস্ততার জন্য ‘সেইন্ট’ ডাকনাম পেয়ে যাওয়া ক্যাসিয়াসের এমন অর্জন তো এর আগে হয়নি!খেলোয়াড় হিসেবে, অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের আনন্দ আছে। আছে সেরা গোলরক্ষক হওয়ার আনন্দ। সেই সঙ্গে একটা রেকর্ড ছুঁয়ে ফেলারও আনন্দ আছে ক্যাসিয়াসের। ইতিহাসের তৃতীয় গোলরক্ষক-অধিনায়ক হিসেবে জিতলেন বিশ্বকাপ। সর্বশেষ ১৯৮২ সালে ইতালির গোলরক্ষক দিনো জফ বিশ্বকাপ জিতেছিলেন অধিনায়ক হিসেবে। ২০০২ সালে রেকর্ডটার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন অলিভার কান। কিন্তু ফাইনালে হেরে সেটি আর ছোঁয়া হয়নি তাঁর। তবে ক্যাসিয়াসের কাছে সবচেয়ে বড় পাওয়া ‘স্প্যানিশ ফুটবলের ঐতিহাসিক এক মুহূর্ত’। ইতিহাস গড়া দলের এই নেতা বলছেন, এখনো তিনি এই জয় বিশ্বাস করতে পারছেন না, ‘ছোটবেলা থেকে এই স্বপ্ন দেখেছি। ব্রাজিল, ফ্রান্স, ইতালিকে জিততে দেখেছি। টেলিভিশন আর ভিডিও গেমে এমন ঘটনা দেখেছি। এই দৃশ্য সর্বত্র দেখেছি, কিন্তু নিজেকে এখানে কল্পনা করতে পারিনি। বিশ্বাস করুন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না।’বিশ্বাস যে করতেই হবে ক্যাসিয়াস! রয়টার্স, এএফপি, ওয়েবসাইট।