রীতিমতো অবিশ্বাস্য একটা ঘটনা! সান সিরোতে জিততে পারছিল না দুই মিলানের কোন দলই। প্রথম দুই ম্যাচে নিজেদের মাঠে জয়বঞ্চিত ছিল এসি মিলান। অতৃপ্তিটা ঘুচল তৃতীয় ম্যাচে, অবশেষে সান সিরোতে জয়ের মুখ দেখল এসি মিলান। ইতালির তরুণ স্ট্রাইকার এল শারাউইর ২ গোলে পরশু তারা ক্যালিয়ারিকে হারাল ২-০ গোলে। চোট কাটিয়ে এই ম্যাচে ফেরা রবিনহো দ্বিতীয়ার্ধে নামেন বদলি হিসেবে। তবে ম্যাচটা ষোলোআনা উপভোগ করতে পারেননি বিতর্কে জড়িয়ে নিষেধাজ্ঞায় থাকা মিলানের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ম্যাচটা দেখেছেন গ্যালারি থেকে! মিলানের দিনে হেসেছে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টারও। শিয়েভোর মাঠে তাদের হারিয়েছে ২-০ গোলে। আলভেরো পেরেইরার পাশাপাশি গোল করেছেন মিলান থেকে আসা স্ট্রাইকার আন্তোনিও কাসানোও। দিনটা স্মরণীয় হয়ে ছিল ফ্রান্সিসকো টট্টির জন্য। রোমার এই জীবন্ত কিংবদন্তি সাম্পদোরিয়ার বিপক্ষে গোল করে ছুঁয়ে ফেললেন সিরি ‘আ’র তৃতীয় সর্বোচ্চ গোলের মাইলফলক। সিরি ‘আ’তে তাঁর গোল হলো ২১৬টি। তবে টট্টির গোলেও জিততে পারেনি রোমা, ড্র করেছে ১-১ গোলে।এডিনসন কাভানিকে কিনতে নাপোলিকে এবার মোটা অঙ্কের টাকা সেধেছিল অনেক বড় ক্লাবই। কিন্তু তাঁকে না ছাড়ার সিদ্ধান্তটা যে দারুণ সুবিবেচনাপ্রসূত সেটা আবারও প্রমাণ করলেন উরুগুইয়ান স্ট্রাইকার। লাৎসিওকে নিজেদের মাঠে ৩-০ গোলে হারিয়েছে নাপোলি। কাভানি করেছেন হ্যাটট্রিক। ৫ গোল নিয়ে এ মুহূর্তে সিরি ‘আ’র সর্বোচ্চ গোলদাতা তিনিই। এই জয়ে জুভেন্টাসের সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও নাপোলি। দুই দলের গোল-ব্যবধানটাও অবশ্য একই। এএফপি।