
গত বছর বয়সভিত্তিক সাঁতারে জিতেছিল মাত্র ২টি সোনা। এবার ১৫-১৭ বছর বালিকা বিভাগে ২টি রেকর্ডসহ ৮টি সোনা, ৩টি রুপা ও ১টি ব্রোঞ্জ জিতেছে মরিয়ম খাতুন। এমন সাফল্যে নিজেই বিস্মিত বগুড়ার কিশোরী
পদকগুলো নিয়ে বারবার এভাবে দেখছ কেন?
|মরিয়ম খাতুন: আমার এখনো বিশ্বাস হচ্ছে না এতগুলো পদক জিতেছি। পুকুরে সাঁতার কেটে এসে এখানে রেকর্ড গড়ে সোনা জিতেছি। সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে। আনন্দে আজ রাতে ঘুম হবে না (হাসি)। কোচ মাসুদ রানার জন্যই আমার এই সাফল্য। ওনার কারণে এবার এতগুলো পদক পেলাম।
বগুড়ায় কোথায় অনুশীলন করো?
মরিয়ম: আমরা বগুড়ার পৌরপার্ক পুকুরে অনুশীলন করি। পুকুরে কোনো লেন নেই, স্টার্টিং ব্লক নেই। টার্নিং করতে পারি না ঠিকমতো। পুকুরে সাপ-ব্যাঙ ভর্তি। একবার তো আমাকে সাপে কামড়ে দিয়েছিল। খুব ভয় পেয়েছিলাম। এরপর সবাই আমাকে হাসপাতালে নিয়ে যায়। জানেন, পানিতে নামতে না পারলে মোটেই ভালো লাগে না আমার। তাই সাপের কামড় খেয়েও সাঁতারটা ছাড়িনি।
সাপের কামড় খেয়েও সেই পুকুরেই অনুশীলন করো?
মরিয়ম: আমাদের তো অনুশীলনের আর জায়গা নেই। তাই ওখানেই বাধ্য হয়ে অনুশীলন করি। কিন্তু এই পুকুরে ছেলেরা গোসল করে। তার পরও আমাদের পানিতে নামতে হয়। আমি সাঁতার কাটি বলে আমার গ্রামের লোকেরা হাসাহাসি করে। বলে, তুমি শহরে গিয়ে কী কাজ করো? আমার সাঁতারের পোশাক দেখে বাজে কথা বলে অনেকে। এসব কষ্ট মনে চেপে রেখেই সাঁতরাই।
সাঁতারের পাশাপাশি নাকি বগুড়া শহরে দোকানদারিও করো?
মরিয়ম: হ্যাঁ। আমার কোচ মাসুদ রানার বাড়িতে থাকি। শহরের গোহাইল রোডে ওনার একটা জ্বালানি তেলের দোকান আছে। সেখানে আমি হিসাব লিখি। তবে স্কুল থাকলে আমাকে দোকানে বসতে হয় না।
জাতীয় শিশু একাডেমি প্রতিযোগিতায় নাকি একবার সোনা জিতেছিলে?
মরিয়ম: সেটা ২০০৯ সালে। এরপর বয়স বেড়ে যাওয়ার কারণে আর সেখানে খেলার সুযোগ পাইনি।
এবার তুমি মেয়েদের সেরা হয়েছ। সেনাবাহিনী ও নৌবাহিনী নিশ্চয়ই তোমাকে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে?
মরিয়ম: আমাকে নেওয়ার জন্য সবাই আগ্রহ দেখাচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। তবে যারা আমাকে বেশি সুযোগ-সুবিধা দেবে সেই দলের হয়েই খেলব।
তোমার পরিবারের কথা বলো?
মরিয়ম: আমার বাবা কৃষক। মা গৃহিণী। আমি ছোটবেলায় পানিতে নামলে উঠতে চাইতাম না। তাই বাবা আমাকে বলতেন, তুই সাঁতারে ভালো করবি। তারপর বাবাই কোচের হাতে তুলে দেন আমাকে।
গত বছর বগুড়া সুইমিং সেন্টারের হয়ে খেললেও এবার কেন কুষ্টিয়ার সাগরখালীর হয়ে খেলছ?
মরিয়ম: আমরা দুই বছর ধরেই বগুড়া সুইমিং সেন্টারের হয়ে খেলেছি। সোনা জিতলে তিন হাজার টাকা আর রুপা জিতলে দুই হাজার করে টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু একবারও প্রতিশ্রুত টাকাগুলো পাইনি। তাই এবার কোচ ওই ক্লাবে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
সবে তো তোমার শুরু। নিজেকে কোথায় দেখতে চাও?
মরিয়ম: এই সাফল্য ধরে রাখতে চাই। দেশের সেরা সাঁতারু হতে চাই আমি।