'সাপ'ধান!

লুইস লোসার ‘অ্যানাকোন্ডা’ ছবিটার কথা মনে আছে? ভয়ংকরদর্শন জলদানবের রোমাঞ্চকর সব দৃশ্য—মনে হলেই হূত্কম্পন যায় বেড়ে! সিনেমা তো সিনেমাই, তা কখনো বাস্তব হয় নাকি! যদি বিশ্বকাপ দেখতে গিয়ে ভীতিজাগানিয়া সেই অ্যানাকোন্ডার দেখা মেলে চোখের সামনে, তবে কেমন হবে ভাবা যায়! শুধু কি অ্যানাকোন্ডা? দেখা মিলতে পারে অন্তত ৬৫ প্রজাতির বিষধর সাপের! ইংল্যান্ড সমর্থকদের উদ্দেশে তাই সাপ থেকে সাবধান থাকার সতর্কবাণী দিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েডগুলো।
১৪ জুন আমাজন রাজ্যের মানাউস শহরে অনুষ্ঠেয় বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে ইংল্যান্ড নামবে ইতালির বিপক্ষে। সমর্থকদের উদ্দেশে এরই মধ্যে ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যামজোনিয়া (আইএনপিএ) ইংরেজি ও পর্তুগিজ ভাষায় একটি সহায়ক নির্দেশিকা প্রকাশ করেছে। সেখানে ৬৫ প্রজাতির সাপের তথ্য উল্লেখ করা হয়েছে। তবে সমর্থকদের কিছু স্বস্তিদায়ক তথ্যও উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। যেমন ‘ব্রাজিলে কয়েক প্রজাতি সাপ আছে যেগুলো খুবই বিষধর, জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। তবে অধিকাংশই ক্ষতিকর নয়, নিরীহগোচের।’ এখনো পর্যন্ত পুরো আমাজন অঞ্চলে ১৫০ প্রজাতির সাপ রেকর্ড করা হয়েছে। উল্লেখ করা প্রয়োজন, সমর্থকদের একটি সাপ থেকে ‘অতিসতর্ক’ থাকতে বলা হয়েছে। বোঝা যাচ্ছে, কোনটির কথা বলা হচ্ছে। ঠিক ধরেছেন, সবুজ অ্যানাকোন্ডা। যেটি নাকি আস্ত একটা কুমির অনায়াসে চালান করে দিতে পারে উদরে!
অনেক দিন ধরেই মানাউসে বাস করছেন অস্ট্রেলিয়া বংশোদ্ভূত ৩৪ বছর বয়সী উইলিয়াম ম্যাগনুসোন। সেখানে তিনি কাজ করেন গাইড হিসেবে। তাঁর ব্রাজিলিয়ান স্ত্রী আলবের্তিনা লিমাও একই পেশায় জড়িত। ম্যাগনুসোনকে এএফপি জিজ্ঞেস করেছিল, কখনো সাপে কামড়েছে কি না। জবাবে বলেছিলেন, ‘একবার একটি সাপ আমাকে কামড়েছিল। একজনকে দেখিয়েছিলাম কীভাবে ওটা ধরতে হয়।’
তবে ফ্রাগা নামের আরেকজন মানাউসবাসী জানালেন, ‘মানুষকে বলব, সত্যিকারের হুমকিকেই ভয় পাওয়া উচিত।’ ‘সত্যিকারের হুমকি’ কী? ফ্রাগ বললেন, ‘হামলা বা আক্রমণ, সড়ক দুর্ঘটনা, বিক্ষোভ।’ ভুল বলেননি। কেননা, এগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে মানুষই জড়িত, সাপ নয়। আর ব্রাজিলে এ সমস্যাগুলো সাপের চেয়ে বেশি শঙ্কাজাগানিয়া। এএফপি।