‘সাবধান, শচীন আসছে!’
২২ বছর পার হয়ে গেছে শচীন টেন্ডুলকারের ক্রিকেট ক্যারিয়ার। ৩৮ বছর বয়স্ক ক্রিকেটের এ জীবন্ত কিংবদন্তি খুব সম্ভবত এবারই শেষ ক্রিকেটীয় সফরে ইংল্যান্ড যাচ্ছেন। ওই দেশে নিজের বিদায়ী সফরটি স্মরণীয় করে রাখতে প্রত্যয়ের কোনো কমতি যে তাঁর মধ্যে থাকবে না, এটা নতুন করে বলার অবকাশ নেই। ক্রিকেটের এই ‘মাস্টার ব্লাস্টারের’ এ প্রত্যয়টিকেই ‘আশঙ্কা’র চোখে দেখছেন কয়েকজন সাবেক ইংলিশ অধিনায়ক। এ আশঙ্কা শচীন ঝড়ে ইংল্যান্ডের উড়ে যাওয়ার। তবে সে আশঙ্কায় রয়েছে টেন্ডুলকারের প্রতি সম্মান আর অনেকটাই সমীহ। ইংল্যান্ডকে শচীন টেন্ডুলকারের ব্যাপারে সাবধানই করে দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক গ্রাহাম গুচ, মাইকেল আথার্টন, নাসের হুসেইন ও মাইকেল ভন। এই চার সাবেকের মতে, শচীন সর্বশেষ দুই বছর তাঁর ক্যারিয়ারের সবচেয়ে ‘ভয়ংকর’ ফর্মে রয়েছেন। শচীনের ক্রিকেটীয় ক্ষমতার প্রতি সম্মান রেখেই তারা বলেছেন, এবারের সিরিজে ইংলিশদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হতে পারেন এই ব্যাটসম্যান।একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভন বলেছেন, সর্বশেষ দুই বছরে শচীন তার ক্যারিয়ারের সবচেয়ে ভয়ংকর ফর্মে রয়েছেন। তবে শচীনের একটি দুর্বলতা আবিষ্কার করে ভন কিছুটা সাহসই জুগিয়েছেন ইংলিশ বোলারদের। ‘ইংলিশ বোলাররা দু-একটা শর্ট বল দিয়ে শচীনকে পরীক্ষায় ফেলতে পারে।’আথার্টন অবাক হন একজন খেলোয়াড় কীভাবে পুরো ২২টি বছর ধরে একই ঢংয়ে খেলে যেতে পারেন। ‘শচীন নিজের টেকনিকের প্রতি খুবই আত্মবিশ্বাসী। অসাধারণ লাগে তাঁর এ ব্যাপারটা। সত্যিই শচীন ক্রিকেটের এক অসাধারণ প্রতিভা।’নাসের হুসেইন মনে করেন শচীন গত দুই বছরে নিজেকে অন্যভাবে আবিষ্কার করেছেন। তাঁর ঔদ্ধত্যও দারুণ পছন্দ সাবেক এই ইংলিশ অধিনায়কের।গ্রাহাম গুচ অনেক ছোটবেলায় ইংল্যান্ডের মাটিতে শচীনকে খেলতে দেখেছেন। ১৯৯০ সালে শচীনের প্রথম ইংলিশ সফরে তিনি ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। নিজের অভিজ্ঞতা থেকেই তিনি বলেছেন মাত্র ১৭ বছর বয়সে শচীনকে যে আত্মবিশ্বাস নিয়ে আমি ব্যাট করতে দেখেছিলাম, তা ওই বয়সের খুব কম খেলোয়াড়ের মধ্যেই দেখা যায়।নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিটি কিন্তু শচীন করেছিলেন এই ইংল্যান্ডের বিপক্ষেই। ১৯৯০ সালে মাত্র ১৭ বছর বয়সে! টাইমস অব ইন্ডিয়া।