‘সামনে তাকানো উচিত’
পাশেই অন্য একটা মাঠ থেকে খবর এল, মিয়ানমানকে ৩-০ গোলে হারিয়েছে তাজিকিস্তান। বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় গোলের ব্যবধানে জিততে হতো। কিন্তু বাংলাদেশ জিততেই পারল না, উল্টো তাদের সঙ্গী হলো তিন গোলে হারের লজ্জা। সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ সাইফুল বারীর কথায় ঝরে পড়ল রাজ্যের হতাশা, ‘সেমিতে যেতে না পেরে আমরা খুবই হতাশ। আমরা ভাবতেই পারিনি যে এভাবে বিদায় নিতে হবে।’এরপর উচ্চারণ করলেন সেই চিরন্তন বাণী, ‘ফুটবলে এটা হতেই পারে। রক্ষণের কিছু ভুলে আমরা গোল খেয়েছি। সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের ফল অন্য রকমও হতে পারত।’যা হয়নি তা নিয়ে কথা বলে শুধু সান্ত্বনাই খোঁজা যায়। তবে বাংলাদেশ দলের রক্ষণ এত ভঙ্গুর ছিল কেন, সেই প্রশ্নই ঘুরেফিরে এল সংবাদ সম্মেলনে। সাইফুলের কাছে আসলে এর কোনো ব্যাখ্যা নেই। কী বলবেন তিনি?‘প্রথম গোলের সময় লেফটব্যাক ওয়ালির উচিত ছিল বল ক্লিয়ার করা’—এটুকু বলার পরই অবধারিত প্রশ্নের মুখোমুখি হলেন। নিয়মিত ডিফেন্ডার মামুন মিয়াকে বসিয়ে রেখে স্ট্রাইকার নাসিরউদ্দিনকে কেন নামিয়ে দেওয়া হলো রক্ষণে? যার যেটা কাজ নয়, তিনি তো সেটা পারবেন না! সাইফুল বিতর্কে যেতে চাইলেন না, ‘নাসিরউদ্দিনকে রক্ষণে খেলানোর সিদ্ধান্ত আমার। আমি ভেবেছি রেজাউল না থাকায় তার জায়গায় সেই সেরা পছন্দ। মিন্টু শেখের সঙ্গে সে খেলতে পারবে। হয়তো দেশে রজনী, সুজনরা ছিল, কিন্তু আমাদের তো সামনে তাকাতে হবে।’বাংলাদেশ দল ১৫টি কর্নার পেয়ে একটিও কাজে লাগাতে পারেনি...স্থানীয় এক সাংবাদিক বিষয়টা তুললে বাংলাদেশ কোচ বললেন, ‘সেট পিচে আমাদের কিছু পরিকল্পনা ছিল। কিন্তু এনামুলকে তুলে নিতে হওয়ায় আমাদের ওই পরিকল্পনা কাজে আসেনি। তবে এটাও ভুলে গেলে চলবে না, দশজন নিয়ে খেলা কঠিন ছিল আমাদের জন্য।’যোগ করলেন আরও, ‘তার পরও সুযোগ এসেছে, প্রথমার্ধে জাহিদ হোসেনের তৈরি করা দুটি সুযোগ কাজে লাগাতে পারলে ২-২ হতে পারত। দ্বিতীয়ার্ধেও সুযোগ এসেছে। সমস্যা হলো, আমরা মিস করেছি।’টুর্নামেন্ট থেকে বাংলাদেশ কী পেল? ‘তাজিকিস্তানের সঙ্গে ভালো ফুটবল খেলেছি আমরা। মিয়ানমারের কাছে হারলেও ভালো খেলেছি। আজ হলো না। তবে অনেক কিছু শিখলাম আমরা। যাই হোক, এখন আমাদের সামনে তাকানো উচিত।’বাংলাদেশের বিপক্ষে এত বড় জয় আগে কখনো পায়নি শ্রীলঙ্কা। দু দলের আগের ১১ ম্যাচে ৮ হারের বিপরীতে জিতেছে মাত্র দুটি (২০০০ সালে ১-০, ২০০৮ সালে ১-০)। এমন জয়ের পর সংবাদ সম্মেলনে আসা শ্রীলঙ্কান কোচ এম আমানউল্লাহ যে উত্ফুল্ল থাকবেন, সেটি জানাই ছিল।‘প্রথম ম্যাচে দশ জন নিয়ে খেলায় আমরা দাঁড়াতে পারিনি মিয়ানমারের সামনে। দ্বিতীয় ম্যাচে অনেক সুযোগ নষ্ট হওয়ায় হেরে গেছি। আজ তৃতীয় ম্যাচে আমি খেলোয়াড়দের বলেছিলাম, তোমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করো। তারা দিতে পেরেছে, আমরা ফল পেয়েছি’—সাবেক এই স্ট্রাইকার বলে যান এক নিঃশ্বাসে।তাঁর পরের বলা কথার সারসংক্ষেপ, ‘আগের দুই ম্যাচ রক্ষণাত্মক ছিলাম আমরা। আজ আক্রমণাত্মক খেলেছি। বাংলাদেশ চেয়েছিল বেশি গোলে আমাদের হারাতে। আমরাও চেষ্টা করেছিলাম বাংলাদেশকে বেশি গোলে হারাতে যাতে ৩ পয়েন্ট নিয়েও গোল-গড়ে যেতে পারি সেমিফাইনালে। বিরতির সময় জানলাম এক গোলে এগিয়ে তাজিকিস্তান। যাই হোক, দেশকে একটা জয় উপহার দিতে পারলাম আমরা।’বাংলাদেশ কী উপহার দিল? একরাশ হতাশা। নিজেরা যে আশার ভেলা বানিয়েছে, সেটি নিজেরাই ডুবিয়েছে। জাহিদ হাসানের (এমিলি) কাছে এর ব্যাখ্যাটা এমন, ‘কী যে হলো। আমরা আসলে ভালো খেলতে পারিনি। তাই হেরে গেছি।’অধিনায়ক আমিনুলের ব্যাখ্যাটা জানা গেল না। মাঠে পাওয়া আঘাত তাঁকে শেষ পর্যন্ত নিয়ে গেছে হাসপাতাল পর্যন্ত। তাও ভালো, তাঁকে কষ্ট করে কিছু বলতে হয়নি। বলার যে আসলে কিছু নেই!