‘সামর্থ্য আছে বলেই তো তারা টেস্ট খেলছে’
ইনজুরিতে পড়েছিলেন তিনি, আর অনুপস্থিতিতে দায়িত্ব পেয়ে পুরো সিরিজের আবহটাই বদলে দিয়েছেন বীরেন্দর শেবাগ। তবে ইনজুরি থেকে ফিরে অভিজ্ঞ নাবিকের মতোই আবার হাল ধরেছেন। কাল মহেন্দ্র সিং ধোনির কণ্ঠে ছিল না শেবাগের মতো ঝাঁঝ, বরং ছিল বাংলাদেশের জন্য উত্সাহ আর নিজ দলের সাফল্য কামনা। চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের শুরুতেও তিনটি ফলাফলই সম্ভব ছিল। বাংলাদেশের এই পারফরম্যান্স কি আপনাকে অবাক করেছে?মহেন্দ্র সিং ধোনি: সত্যি বলতে আমার মনে হয় না, তিনটি ফলাফলই সম্ভব ছিল। সম্ভব ছিল একটি ফলই, ভারতের জয়। তবে বাংলাদেশ অবশ্যই ভালো করেছে। ওরা ভালো বোলিং করেছে, ফাস্ট বোলাররা ভালো করেছে। আর একটা আন্তর্জাতিক দল হিসেবে তাদের তো ভালো খেলারই কথা। শক্তিশালী দলের সঙ্গে হোক আর দুর্বল দলের সঙ্গে, ভালো খেলতেই হবে। ওরা ভালো খেলেছে। যেকোনো দলের জন্যই তো উদ্বোধনী জুটি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো গম্ভীর-শেবাগের ব্যাপারে আপনার ধারণা কী?ধোনি: উদ্বোধনী জুটি সব সময়ই গুরুত্বপূর্ণ, আর উপমহাদেশে তো আরও বেশি। গৌতি-বীরু যেভাবে খেলে তা সত্যিই দারুণ। ডানহাতি-বাঁহাতি হওয়ায় ওরা বাড়তি সুবিধাও পায়। আর দুজন দুজনকে সাহায্য করে। শুধু চার-ছয় নয়, প্রচুর সিঙ্গেলসও নেয়। শেবাগ যদি টিকে যায় তাহলে গৌতমের কাজটাও অনেক সহজ হয়ে যায়, চাপ কমে যায়। ওরা দুজনই গ্রেট। ক্রিকেটে তুলনা জিনিসটা সব সময়ই হয়ে আসছে, কিন্তু আমি মনে করি ওরা সর্বকালের সেরা জুটিগুলোর একটি। এটা তো সিরিজ নির্ধারণী টেস্ট, কী ভাবছেন?ধোনি: প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আর এটা দুই ম্যাচের টেস্ট সিরিজ, প্রতি টেস্টের আলাদা গুরুত্ব থাকবেই। এটা ভালো মাঠ, ভালো ভেন্যু, আমরা আগেও খেলেছি। আশা করি, আগামী পাঁচ দিন ভালো একটা টেস্ট ম্যাচ হবে। চট্টগ্রামে আপনার বোলারদের পারফরম্যান্স কীভাবে দেখছেন?ধোনি: টেস্টের প্রথম দিনে কন্ডিশন বোলিংয়ের জন্য সবচেয়ে আদর্শ ছিল। এর পর উইকেট আস্তে আস্তে মন্থর হয়ে গেছে। আমাদের বোলাররা খারাপ করেনি। জহির খান দুর্দান্ত বোলিং করেছে, ইশান্ত ফর্মে ফিরেছে, শ্রীশান্ত দুর্ভাগ্যজনকভাবে ইনজুরিতে পড়েছে, তবে অমিত মিশ্রও ভালো কলেছে। সব মিলিয়ে আমি বোলিং নিয়ে সন্তুষ্টই। আপনার কি মনে হয় বাংলাদেশের বোলারদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে?ধোনি: আছে বলেই তো ওরা টেস্ট ক্রিকেট খেলছে, তাই না? কোনো দলকেই আপনার হালকাভাবে নেওয়া উচিত নয়। এটা তো স্রেফ ১০টা ভালো বলের ব্যাপার। ১০টা ভালো বল জায়গামতো হলে আর ব্যাটসম্যানরা একটু মনোযোগ হারালেই তো শেষ। বোলার কে এটা কোনো ব্যাপার না, বলটা কেমন হলো সেটাই গুরুত্বপূর্ণ। তো একটা দলের ২০ উইকেট না নেওয়ার তো কোনো কারণ দেখছি না। ভালো বোলিং করলে অবশ্যই পারবে ওরা। গৌতম গম্ভীর তো ডন ব্র্যাডম্যানের টানা ৬ সেঞ্চুরির রেকর্ড ছোঁয়ার সামনে দাঁড়িয়ে...ধোনি: গৌতি ম্যাচের পর ম্যাচ ভালো খেলেই যাচ্ছে, নিয়মিত রান করছে। আশা করি, এই ম্যাচের দুই ইনিংসে ও আরও একটা সেঞ্চুরি পাবে। তাহলে এটা শুধু ওর জন্য নয়, দলের বাকি সবার জন্যও হবে দারুণ এক গর্বের ব্যাপার। দলের ইনজুরি সমস্যার সর্বশেষ অবস্থাটা কী?ধোনি: ভাজ্জি (হরভজন সিং) সুস্থ, আজকে দলের সঙ্গে সবকিছুই অনুশীলন করেছে, তার মানে প্রায় পুরোপুরি ফিট। আর লক্ষ্মণ ফিট নন। আমার জানামতে এই তো...। লক্ষ্মণের জায়গায় কে খেলবেন?ধোনি: এভাবে বলা শুরু করলে তো আস্তে আস্তে পুরো একাদশটাই জেনে যাবেন! কাল পর্যন্ত অপেক্ষা করুন। সেরা একাদশের ব্যাপারে কিছু ঠিক করেছেন?ধোনি: আমরা তো কখনোই এভাবে সেরা একাদশ ঘোষণা করি না। সন্ধ্যায় বসব, তারপর ঠিক করব। ম্যাচের দিনই জানতে পারবেন। খুব মনোযোগ দিয়ে অনেকক্ষণ ধরে উইকেট দেখছিলেন, কেমন মনে হলো?ধোনি: উইকেটের এখন যে চেহারা, ম্যাচ শুরুর সময় তা তো থাকবে না। শুরুতে একটু ময়েশ্চার থাকতে পারে। এখানে যথেষ্ট গরম, তাপমাত্রাও বেশি। ওয়ানডেতে এই উইকেটে স্পিনাররা অনেক সাহায্য পেয়েছে। দেখা যাক, ম্যাচ শুরুর সময় উইকেট কেমন থাকে। আপনি কি বিশ্বাস করেন, বাংলাদেশ টেস্টে আপনাদের হারাতে পারে?ধোনি: পারে বলেই তো তারা টেস্ট খেলছে! না পারার তো কোনো কারণ দেখি না! দল যেমনই হোক, সবাই জয়ের কথাই ভাবে, জয়ের জন্য খেলে। হারার জন্য কেউ খেলে না। আমরাও তো অনেক দলের কাছে হারি। তবে এটা টেস্ট ক্রিকেট, পাঁচ দিন ধরে নিয়মিত ভালো খেলে যেতে হবে। ছাড়া ছাড়াভাবে ভালো খেললে জেতা সম্ভব নয়। আর বাংলাদেশের জন্য আমাদের হারানো হবে বড় একটা চ্যালেঞ্জ। ক্রিকেটে সবকিছুই সম্ভব, তবে টেস্টে আমাদের হারাতে হলে বাংলাদেশকে সত্যিই অনেক ভালো খেলতে হবে। এই টেস্টে ভারত কি আরও বড় ব্যবধানে জিততে পারবে?ধোনি: ব্যবধানটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো জেতা। আমরা ব্যবধান নিয়ে ভাবছি না।