‘সামান্য’ চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিশ্বকাপে আপনি কী দেখতে চান? কোনো দলের পাঁড় সমর্থক হলে উত্তর তো ঠোঁটের ডগায় এসেই আছে—কেন, প্রিয় দলের জয়। ঠিক আছে, ঠিক আছে, তা তো চাইবেনই। এর বাইরে?একটা তালিকা করে ফেলি। দেখুন, আপনার চাওয়ার সঙ্গে মেলে কি না—১. সুন্দর ফুটবল।২. চোখ ধাঁধানো ব্যক্তিগত নৈপুণ্য।৩. নাটকীয়তাময় সব ম্যাচ।এ পর্যন্ত না মেলার কোনো কারণ নেই। এসব তো ফুটবলামোদীদের সর্বজনীন চাওয়া। বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের মধ্যে যে রেষারেষি, তাতে অনুমান করছি, অনেকে আরেকটি ‘চাওয়া’ও যোগ করে দেবেন। অন্য দলের পরাজয়!চাইতেই পারেন। আপনার ব্যক্তিগত চাওয়া না-চাওয়ায় নাক না গলানোই উচিত। তবে এটাও একটু ভেবে দেখবেন, ‘শত্রুপক্ষ’ তাড়াতাড়ি ঝরে গেলে বিশ্বকাপের মজাটা আর তেমন থাকবে কি না!এবার আমার একটা ব্যক্তিগত চাওয়ার কথা জানাই। অঘটন অনেক দেখেছি। এবার বিশ্বকাপে স্মরণীয় একটা কামব্যাক দেখতে চাই। সেটি কী রকম? ধরুন, এক দল ২৫ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে গিয়ে ৩-৫ গোলে হারল! অথবা ১৯ মিনিটে তিন গোলে এগিয়ে যাওয়া দল ম্যাচ শেষে দেখল, তারা ৫-৭ গোলে হেরে বসে আছে! কিংবা ৬৮ মিনিট পর্যন্ত এক দল ৪-১ গোলে এগিয়ে থাকার পর সেই ম্যাচ ৪-৪ ড্র হয়ে গেলে কেমন মজা হবে, একবার ভাবুন!কি, চাওয়াটাকে বাস্তবতাবিবর্জিত বলে মনে হচ্ছে? হতে পারে। তবে ওপরে যে তিনটি উদাহরণ দিলাম, তার একটিও কিন্তু কল্পিত নয়। সত্যি সত্যিই তা ঘটেছে এবং বিশ্বকাপেই।প্রথমটি ১৯৬৬ বিশ্বকাপে উত্তর কোরিয়া-পর্তুগাল বিখ্যাত সেই ম্যাচ। সেই বিশ্বকাপেই ইতালিকে হারিয়ে কোরিয়ানদের বিষম চমক। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে মনে হচ্ছিল তাদের পরবর্তী শিকার। তা হতে দিলেন না পর্তুগালকে ‘মোজাম্বিকের উপহার’ ইউসেবিও। তিন গোলের জবাবে পাঁচ গোল দিল পর্তুগিজরা। ইউসেবিও একাই করলেন চার গোল, তিনটিই অবশ্য পেনাল্টি থেকে। ওই ম্যাচের একটা ফুটেজ দেখেছিলাম। একটা দৃশ্যই মনে গেঁথে আছে। একটার পর একটা গোল করছেন ইউসেবিও, আর বল বগলদাবা করে ছুটে যাচ্ছেন মাঝবৃত্তের দিকে।১৯ মিনিটে তিন গোল খেয়েও ৭-৫ গোলে জয়ের ক্ল্যাসিকটি ১৯৫৪ বিশ্বকাপে। সুইজারল্যান্ড-অস্ট্রিয়ার ওই ম্যাচ বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলপ্রসবিনী হয়ে আছে এখনো। অদ্ভুত এক ম্যাচ! ১৬, ১৭, ১৯ মিনিটে সুইজারল্যান্ডের তিন গোল। অস্ট্রিয়া যা ফেরত দেয় পরপর তিন মিনিটে (২৫, ২৬ ও ২৭)! ৩২ ও ৩৪ মিনিটে আরও দুটি। ৩৯ মিনিটে সুইজারল্যান্ড ব্যবধান কমায়। একবার ভেবে দেখুন, ৩৯ মিনিটে ৯ গোল! দ্বিতীয়ার্ধে ৬-৪, ৬-৫ হয়ে শেষ পর্যন্ত ম্যাচের ফল ৭-৫!৪-৪ ড্রয়ের ম্যাচটি ১৯৬২ চিলি বিশ্বকাপে—সোভিয়েত ইউনিয়ন বনাম কলম্বিয়া। ৬৮ মিনিট পর্যন্ত ৪-১ গোলে এগিয়ে সোভিয়েত ইউনিয়ন। তখনই এক কলম্বিয়ানের কর্নার কিক সরাসরি জালে ঢুকে যাওয়ার পর নাটকের শুরু। ৭২ ও ৮৬ মিনিটে আরও দুই গোল করে নিশ্চিত মনে হতে থাকা পরাজয়কে ড্র বানিয়ে ফেলল কলম্বিয়া।ফুটবল ইতিহাসে এ ম্যাচটির বিশেষ একটা তাৎপর্য আছে। ওই যে কর্নার কিক সরাসরি গোলে ঢুকে যাওয়া, সেটিতে ছিল সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষকের দিন শেষ হয়ে যাওয়ার ঘোষণা। সব সময় কালো পোশাক পরে খেলতেন বলে তাঁর নাম হয়ে গিয়েছিল ‘ব্ল্যাক স্পাইডার’। ফুটবলের একটু-আধটু খোঁজখবর রাখা পাঠকের কাছে নামটি বলা এরপর বাহুল্য মনে হতে পারে। তার পরও বলি—লেভ ইয়াসিন।যে তিনটি ম্যাচের কথা বললাম, সাম্প্রতিক সময়ে এর কাছাকাছি কামব্যাকের ঘটনা মনে পড়ছে একটিই। ১৯৮২ বিশ্বকাপের সেমিফাইনালে ৯০ মিনিট ১-১ গোলে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে ফ্রান্স এগিয়ে গিয়েছিল ৩-১ গোলে। তার পরও ম্যাচে সমতা ফেরায় পশ্চিম জার্মানি। টাইব্রেকারে জিতেও যায়! জার্মানির ওই কামব্যাকে রেফারির নির্লজ্জ পক্ষপাতিত্বের অবশ্যই বড় ভূমিকা ছিল। সেটির বিস্তারিত এখানে না-ই বলি।কামব্যাক দেখতে চাইছি; তবে এটাও জানি, সেই চাওয়া পূরণ হওয়ার নয়। আগের মতো দখিন দুয়ার খোলা ফুটবলের দিন যে অনেক আগেই শেষ। এখন দু গোলে এগিয়ে গেলেই ডিফেন্সের সামনে বাড়তি দুজনকে দাঁড় করিয়ে দেবেন কোচ। কামব্যাকের উদাহরণ হিসেবে যে তিনটি ম্যাচের কথা বললাম, তখন ছিল অন্য সময়। জয়-পরাজয় তখন এমন জীবন-মরণের প্রশ্ন হয়ে ওঠেনি। তখন খেলা হতো খেলার আনন্দে।আহা, আবার যদি ফিরে আসত সেই দিন!অকারণ আক্ষেপ। হারিয়ে যাওয়া দিন কি আর ফেরে! হারিয়ে যাওয়া মন!