‘সারাক্ষণ চিন্তা আকসুর রিপোর্ট নিয়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকসুর রিপোর্টের জন্য অপেক্ষার মধ্যেই নতুন সমস্যা প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে। ক্লাব খেলোয়াড়দের দাবি মানতে রাজি নয়, খেলোয়াড়েরা বলছেন দাবি না মানলে লিগই খেলবেন না। সঙ্গে বিপিএল বা বিসিবির নির্বাচনের মতো পুরোনো বিষয়গুলো তো আছেই। এসব ব্যাপারে বিসিবির চিন্তাভাবনা কী? সমস্যা সমাধানেরই বা কী উপায় দেখছেন বোর্ড সভাপতি? কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসব প্রশ্নেরই উত্তর দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান প্রিমিয়ার লিগ নিয়ে সংকট নাজমুল হাসান: এ মুহূর্তে লিগ করার মতো অবস্থা আমাদের ছিল না। ক্রিকেটাররা টানা খেলার মধ্যে থাকায় আর বৃষ্টিও এসে যাওয়ায় সেপ্টেম্বর-অক্টোবরে শুরুর পরিকল্পনা ছিল। এখন খেলা হবে কী করে? আমরা তো মাঠই দিতে পারব না। মিরপুর স্টেডিয়ামও বিশ্বকাপ প্রস্তুতির জন্য ছেড়ে দিতে হবে। সবাই হয়তো বলবে, আমার সময়ে সময়মতো লিগ হয়নি। এটা তাঁরা বলতে পারেন, কিন্তু আমি লোক দেখানো কিছু করতে চাই না। মুশফিক থেকে শুরু করে বিভিন্ন ক্রিকেটারদের অনুরোধে আমি সিসিডিএমকে লিগ শুরুর উদ্যোগ নিতে বলি। ক্লাব বা খেলোয়াড়েরা এখানে তাদের মতামত দিতে পারে, সেগুলো গ্রহণ করা না-করা সিসিডিএমের ব্যাপার। খেলা হবে কি হবে না, কীভাবে হবে সে ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিসিডিএম। প্রয়োজন পড়লে বিসিবি একটু সহায়তা করবে। তবে খেলা কীভাবে হবে, কোন পদ্ধতিতে হবে সে সিদ্ধান্ত ক্লাব বা খেলোয়াড়েরা নিতে পারে না। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের লিগ বয়কটের হুমকিনাজমুল: আমি এ রকম কথা এখনো কোনো খেলোয়াড়ের কাছ থেকে শুনিনি। বোর্ডও শোনেনি। আজ (গতকাল) বিসিবিতে এসেই জিজ্ঞেস করেছিলাম। তবে আপনারাও জানেন চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা খেলতে বাধ্য। বিসিবির টুর্নামেন্টে অবশ্যই তারা খেলতে বাধ্য। খেলব না মানেটা কী? একটু সময় দেন, ওরা বুঝে বলছে নাকি না বুঝে বলছে, সেটা দেখি। আমার দৃঢ়বিশ্বাস, সমস্যা দ্রুতই কেটে যাবে। সময়মতো খেলোয়াড়দের লটারি ও লিগ শুরু হবে কিনা নাজমুল: আর একটা ব্যাপার আছে। কিন্তু এটা নিয়ে আমি বেশি কিছু বলব না। আমি আকসুর রিপোর্টের জন্য অপেক্ষা করছি। আকসুর রিপোর্ট পাওয়ার আগে আসলে দলবদল করাটাও আমার জন্য খুব কঠিন। আল্লাহর কাছে দোয়া করি, আর একটা নামও না আসুক। কিন্তু যদি রিপোর্টে আর কারও নাম আসে, তখন কী হবে? তখন আমি কী অবস্থায় পড়ব, বলেন? আকসুর রিপোর্টের জন্য কি সব থেমে থাকবেনাজমুল: আমার কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার এখন আকসুর রিপোর্ট। আমার মাথায় সারাক্ষণ চিন্তা আকসুর রিপোর্ট নিয়ে। যেদিন শুনলাম, আশরাফুলের মতো একজন খেলোয়াড় স্বীকারোক্তি দিয়েছে, সেদিনের পর থেকে আমার মাথায় আকসু রিপোর্ট ছাড়া অন্যকিছুই আসছে না। আমি যদি কালকে রিপোর্ট পেয়ে যাই, তাহলে আগের শিডিউলেই থাকব। কিন্তু তাড়াহুড়ো করে কিছু করতে চাই না। পরে যদি পুরো লিগটাই উল্টাপাল্টা হয়ে যায়, তখন কী হবে? কবে নাগাদ আকসুর রিপোর্টনাজমুল: শেষবার যখন ওরা এসেছিল (আসলে এবারের আগেরবার), তখন আমার সঙ্গে ওদের কথা হয়েছে। ওদের তখন একটা সাক্ষাৎকার বাকি ছিল। ওরা বলেছিল, তাতে নতুন কিছু উঠে না এলে পাঁচ দিনের বেশি সময় লাগবে না। এখনো যেহেতু দেয়নি, তাতে বোঝা গেল তদন্ত এখনো শেষ হয়নি। আইসিসির এজিএমে যোগ দিতে ২৫ তারিখ লন্ডন যাচ্ছি। এজিএম ও চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে আইসিসির ফুল টিম লন্ডনেই আছে। এ জন্য হয়তো তারা ভাবছে, কেউ এসে দিয়ে যাওয়ার কী দরকার, লন্ডনে তো দেখা হবেই। সেখানেই হয়তো আলাপ করবে। প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের টাকা কমে যাওয়া প্রসঙ্গেনাজমুল: কমে যাওয়ার কোনো কারণ দেখি না। আগের মতোই আছে। বলতে পারেন এ বছরে তাদের প্রত্যাশার তুলনায় কম। দু-একজন হয়তো কম পেতে পারেন, বাকিরা আগের মতোই পাবেন। একটা সময় কেবল প্রিমিয়ার লিগই হতো, আর ছিল জাতীয় দলের খেলা। এখন অনেক কিছু হয়। আমরা ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করেছি, বিপিএল করেছি, বোর্ডের বেতনভুক্তদের সঙ্গে বসে তাদের বেতন বাড়িয়েছি। তাদের আয় গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। তার পরও যদি খেলোয়াড়দের আরও প্রত্যাশা থাকে, আমি আপনাদের মাধ্যমে বলব, মাথার মধ্যে কেবল টাকার চিন্তা থাকলে আমাদের কপালে দুঃখ আছে। খেলোয়াড়দের সঙ্গে আলোচনা প্রসঙ্গেনাজমুল: আমার সঙ্গে কোনো খেলোয়াড় বসতে চায়নি। তবে সমাধান তো হবেই। সমস্যা থাকলে অবশ্যই সমাধান হবে। তবে আমার মনের কথাটাও শোনেন। আকসু নিয়ে সংবাদ সম্মেলন করার পর টিভিতে দেখলাম, কোয়াব নামে একটা সংগঠন বলছে খেলোয়াড়দের টাকা বাড়াতে হবে। খুব খারাপ লেগেছে। প্লেয়ারদের কোনো সংগঠন থাকলে তাদের ক্রিকেটারদের বোঝানো উচিত এটা কত বড় অন্যায়, এটা খারাপ কাজ। তোমরা এ থেকে দূরে থাক। ওদের ট্রেনিং দেওয়া উচিত। অথচ তারা সেই দিনই টাকার কথা বলল! বিসিবির নির্বাচন নাজমুল: নির্বাচন করতে গেলে একটা গঠনতন্ত্র দরকার। আমার কাছে দুটি গঠনতন্ত্র আছে। একটা ২০০৮-এর। আরেকটা গঠনতন্ত্র আমরা পেয়েছি অ্যাডহক কমিটি গঠনের সঙ্গে সঙ্গে। সেটাকে আমরা ২০১২-এর গঠনতন্ত্র বলছি। সমস্যা হলো, কোন গঠনতন্ত্রে নির্বাচনটা হবে? ২০১২-এর গঠনতন্ত্র আদালতে এখন পর্যন্ত আটকে থাকাতেই বিলম্ব হচ্ছে। ২০০৮-এর গঠনতন্ত্র আইসিসির নির্দেশনা মেনে করা হয়নি। সেজন্য এটা বদলানোর দরকার ছিল। আইসিসি যেটা মানবে না, সে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করে কোনো লাভ হবে না। আমাকে ১০-১৫ দিন পর আবার আরেকটা নির্বাচন করতে হবে। তা না হলে আইসিসির সদস্যপদ খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। গঠনতন্ত্রের ব্যাপারে ফয়সালা না হলে আমাদের কিছু করণীয় আছে বলে মনে হয় না। তবে আইসিসিরও বাধ্যবাধকতা আছে, সময়সীমা আছে। আমাদের এর মাঝেই একটা কিছু করতে হবে।