ইউরোপের বড় দলগুলো হতাশ করেই চলেছে। ইংল্যান্ড-জার্মানি দ্বিতীয় রাউন্ডে উঠেছে ঠিক, কিন্তু তাদের খেলা ছিল চোখের জন্য খুবই পীড়াদায়ক।পরশু দুই পরাশক্তির সঙ্গে যুক্তরাষ্ট্র আর ঘানাও পেয়েছে শেষ ষোলোর টিকিট। যুক্তরাষ্ট্র অবশ্য তা ছিনিয়ে নিয়েছে। এই ছিনিয়ে নেওয়ার মানসিকতা সাধুবাদযোগ্য। এটারই বড় অভাব দেখছি এবারের বিশ্বকাপে।ইংল্যান্ড-জার্মানি যেন একই নৌকার যাত্রী। দুই দলের খেলায় পরিকল্পনার ছাপ খুঁজে পাওয়া আর অমাবস্যার চাঁদ দেখা একই ব্যাপার ছিল। একই সময় দুটি করে ম্যাচ হওয়ায় ইংল্যান্ড-আলজেরিয়া, জার্মানি-ঘানা ম্যাচ দুটির ওপরই মূলত চোখ রেখেছিলাম। কিন্তু বিরক্ত হয়ে নিজেকেই প্রশ্ন করেছি বারবার, ইউরোপের ‘সাহেব’দের এ কেমন ফুটবল!বিশ্বকাপের শুরু থেকেই ইংল্যান্ড খোঁড়াচ্ছিল। বিন্দুমাত্র ধার ছিল না তাদের খেলায়। শেষ গ্রুপ ম্যাচে দৌড়াদৌড়িটা হয়তো একটু বেশি করেছে, ওই পর্যন্তই। বল নিজেদের পায়ে ঠিকমতো রাখতে পারেনি, ছাড়তেও পারেনি। কাছে মিস পাস, দূরেও মিস পাস। মিস পাসের ছড়াছড়ি। তারপর দেখুন, ১: ১ অবস্থায় স্লোভেনিয়ার একজন খেলোয়াড়কেও কাটাতে পারেনি ইংলিশ খেলোয়াড়েরা! যেমন ধরুন, রুনির কথা। ...রুনি...রুনি...রুনি...কত আলোচনা তাঁকে নিয়ে ইংলিশ মিডিয়ায়! কিন্তু মাঠে তিনি আছেন, এটাই তো বোঝা কঠিন। একজন খেলোয়াড়কেও কাটানো সাধ্য যার হলো না, তিনি নাকি পেলে-ম্যারাডোনা হতে চান!কাঙ্ক্ষিত জয় তবু এলেও ইংল্যান্ড যে কাগুজে বাঘ, প্রমাণিত আরেকবার। ঠেলে-ধাক্কিয়ে গোল পেয়ে গেছে ইংল্যান্ড। এ জন্য স্লোভেনিয়ার গোলরক্ষকের কাছে কৃতজ্ঞ থাকা উচিত তাদের। একটা সময় মনে হলো, ইংল্যান্ড শেষ বাঁশি শুনতে উদগ্রীব। খেলা শেষ হলেই বাঁচে!জার্মানিও তথৈবচ। ইংল্যান্ড সম্পর্কে যা বলেছি, একই কথা জার্মানির বেলায়ও বলতে হচ্ছে। হুবহু যেন একই খেলা। তবে জার্মানি-ঘানা ম্যাচে প্রথম ১৩-১৪ মিনিট ফাউল ছিল না—বলার মতো এ একটি বিষয় আছে। ঘানাইয়ানরা শারীরিকভাবে শক্তসমর্থ, কিন্তু খেলায় বাজে ট্যাকল হয়নি। জিততে হবে, এ মানসিকতা নিয়ে খেলেছে ঘানা। সহজ সব সুযোগ নষ্ট করেও ভাগ্যক্রমে তারা দ্বিতীয় পর্বে।জার্মানির খেলায় ক্রমাবনতি লক্ষণীয়। একটা গোল করে সেটি ধরে রাখাই ছিল তাদের ধ্যানজ্ঞান। বাঁ দিক থেকে তেমন আক্রমণ হয়নি। ডান দিক থেকে বক্সে বল ফেলার চেষ্টা ছিল বটে, কিন্তু দেখা গেছে ডিফেন্সের ওপর দিয়ে বল মাঠের বাইরে।আত্মবিশ্বাসের অভাব ছিল গোটা দলের। পোডলস্কির মতো খেলোয়াড় নড়ে তো নড়ে না, চ্যালেঞ্জ করে তো করে না। ক্ষণিকের জন্য ওজিল জ্বলে উঠে গোলটা না করলে জার্মানির কপালে দুঃখ ছিল। জমাট রক্ষণই শেষ পর্যন্ত বিশ্বকাপে জার্মানিকে টিকিয়ে রেখেছে।অস্ট্রেলিয়া-সার্বিয়া ম্যাচটি যতটা দেখেছি, তাতে উপভোগ্যই ছিল। গতিময় খেলায় গোলগুলো ছিল দেখার মতো। দুর্ভাগ্য অস্ট্রেলিয়ার, জার্মানির কাছে চার গোল না খেলে তারাই তো যায় দ্বিতীয় রাউন্ডে।যুক্তরাষ্ট্র বিদায়ের কিনারে দাঁড়িয়েও লড়ে গেছে। অতিরিক্ত সময় ডনোভানের অসাধারণ ওই গোল এটাই প্রমাণ করে—শেষ বাঁশির আগে হাল ছেড়ো না বন্ধু।