‘সাড়া নেই’
অনুশীলনের জন্য ফতুল্লা স্টেডিয়াম অনুমোদন করল আর্জেন্টিনা? আর্জেন্টিনার সহকারী কোচ জুলিয়ান কামিনো ২১ আগস্ট ঢাকা ঘুরে যাওয়ার পর থেকে প্রশ্নটা সবার মুখে মুখে। কামিনো বলে যান, প্রধান কোচ আলেজান্দ্রো সাবেলার সঙ্গে কথা বলে ঢাকায় জানিয়ে দেবেন। কিন্তু সপ্তাহ অতিক্রান্ত হতে চলেছে, এখনো কিছুই জানায়নি আর্জেন্টিনা। এ কারণে অনুশীলন সেশনের টিকিটও বিক্রি করা যাচ্ছে না। বাফুফে পড়ে আছে বেকায়দায়। নানা অনুমাননির্ভর কথাবার্তা ভেসে বেড়াচ্ছে বাতাসে। কেউ বলছে ৪ সেপ্টেম্বর অনুশীলন হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে, কেউ বলছে ফতুল্লাতেই হবে।এদিকে ঢাকায় তো প্রতিদিনই এই প্রশ্ন শুনতে হচ্ছে বাফুফে কর্মকর্তাদের। কিন্তু তাঁরা কিছু বলতে পারছেন না। কাল তো ম্যাচ আয়োজক কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক গলায় খানিক উষ্মা ঢেলে বললেন, ‘আমরা তো বারবার ফোন করেই যাচ্ছি। কিন্তু কোনো সাড়াই তো নেই।’ঢাকা যোগাযোগ করছে আসলে ম্যাচ উদ্যোক্তা ভারতের সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে। সেলিব্রিটি বাফুফেকে জানাচ্ছে, ‘আর্জেন্টিনার কোনো খবর নেই।’ আগামীকাল আর্জেন্টিনার অগ্রবর্তীদল পা রাখবে কলকাতায়। আর কলকাতা এসেই নাকি অনুশীলন মাঠের ব্যাপারে বলবেন মেসিদের কোচ আলেজান্দ্রো সাবেলা।