‘সিক্সটিন সিক্স’ নেপিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ড ছোঁয়া আর ভাঙার মধ্যে পার্থক্য তো কিছু আছেই। রেকর্ড বইয়ে ঢোকার দিনটিতেও গ্রাহাম নেপিয়ারের তাই খানিকটা আক্ষেপ না থেকে পারেই না!স্টুয়ার্ট মিকারের বলটি মারার মতোই ছিল। কিন্তু পুল করতে গিয়ে টাইমিংয়ে একটু গড়বড়, বল আকাশে উঠে জমা পড়ল উইকেটরক্ষক স্টিভ ডেভিসের হাতে। ১৩০ বলে ১৯৬, ১৯ চার ও ১৬ ছয়। ক্যারিয়ারের প্রথম দ্বিশতক হলো না, পারলেন না সর্বোচ্চ ছক্কার রেকর্ডটিকে শুধুই নিজের করে নিতে। তবে চাইলে এর মাঝেও বেশ কিছু ইতিবাচক দিক খুঁজে নিতে পারেন নেপিয়ার। পিঠের চোটে গত জুনে ক্যারিয়ারটাই পড়ে গিয়েছিল শঙ্কায়। চিকিৎসাবিজ্ঞান শঙ্কাটাকে সত্যি হতে দেয়নি। গত এপ্রিলেই মাঠে ফিরেছেন, খেলেছেন কয়েকটি ৪০ ওভারের ম্যাচ। প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরলেন সারের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি ম্যাচ দিয়েই। আর ১১ মাস পর ফিরেই ইতিহাসে ঢুকে গেলেন, এটাও তো বিস্ময়। আরেকটি বিষয়, তাঁর ‘সিক্সটিন সিক্স’ পরিচয়টা তো অটুটই থাকল!হ্যাঁ, সারের বিপক্ষে ১৬ ছয় মারার আগে থেকেই তাঁর পরিচিতি ‘সিক্সটিন সিক্স’ নেপিয়ার। যেহেতু কাজটি তিনি আগেও করেছেন! টি-টোয়েন্টিতেও ব্যক্তিগত ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড ১৬টি এবং সেটিও তাঁর কীর্তি। ২০০৮ সালে টি-টোয়েন্টি কাপে সাসেক্সের বিপক্ষে ৫৮ বলে অপরাজিত ১৫২ রানের ইনিংসটির পথে মেরেছিলেন ১৬ ছয়। মূলত ওই ইনিংসটির জন্যই ২০০৯ আইপিএলে তঁকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএলে অবশ্য নেপিয়ার-ঝড় ওঠেনি। প্রথম ম্যাচে ১৫ রান ও ১টি উইকেট নিয়েছিলেন, পরে আর কোনো ম্যাচেই সুযোগ পাননি। তাঁর ক্যারিয়ারটাই অবশ্য আক্ষেপের গল্প এবং দায়টাও বেশির ভাগ তাঁর নিজেরই।ছক্কা-বৃষ্টি দিয়ে আজ যিনি আলোয়, মূলত তিনি বোলিং অলরাউন্ডার। বলা ভালো ‘মিনি অলরাউন্ডার।’ ১৭ বছর বয়সে যখন প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক, তাঁকে ভাবা হচ্ছিল ইংল্যান্ডের ভবিষ্যৎ ‘জেনুইন অলরাউন্ডার।’ ইংল্যান্ডকে ১৯৯৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছেন, একাডেমি দলেও ভালোই করছিলেন। কিন্তু ওই পর্যন্তই। সময়ের পরিক্রমায় সম্ভাব্য ‘জেনুইন অলরাউন্ডার’ একসময় হয়ে গেলেন ‘মিনি অলরাউন্ডার।’ পেস বোলিংটা মোটামুটি করেন, ব্যাট হাতে কিছু ক্যামিও ইনিংস—এই। চলতি ম্যাচের আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০৩ ম্যাচে উইকেট ২১০টি, সেঞ্চুরি মোটে ৩টি।২০০৮ সালের ওই ১৬ ছয়ের সৌজন্যেই ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ড দলে ছিলেন, জাতীয় দলের অভিজ্ঞতা বলতে ওইটুকুই। আরেকটি ‘১৬ ছয়’ কি তাঁর ভাগ্য কিছুটা ফেরাবে? বয়স হয়ে গেছে ৩১, ইংল্যান্ড দলে ফেরা কঠিন। তবে অসম্ভব নয়। এমন ইনিংসের পর টি-টোয়েন্টি দলে ফেরার সম্ভাবনা তো থাকেই। আর পুরোনো দল মুম্বাই ইন্ডিয়ানস বা অন্য আইপিএল দলগুলোই নিশ্চয়ই দৃষ্টি রাখছে!