'সিডন্স বলেছেন, দারুণ একটা জায়গা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন অ্যালান
শেন অ্যালান

১০ বছর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন সাউথ অস্ট্রেলিয়ার হয়ে। খেলা ছাড়ার পর নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দল ওয়েলিংটন ফায়ার বার্ডসের সহকারী কোচ থেকে শেন অ্যালান ডিট্জ এখন বাংলাদেশ মহিলা দলের প্রধান কোচ। বাংলাদেশের মহিলা ক্রিকেটারদের মধ্যে তিনি দেখতে চান বাঘের মতো আক্রমণাত্মক মানসিকতা

 নতুন দায়িত্ব নিয়ে নতুন জায়গায় এলেন। কেমন কাটল এই কয়টা দিন?
শেন অ্যালান ডিট্জ: দল হিসেবে আমরা কেমন এবং আমাদের শক্তিমত্তা ও দুর্বলতার দিকগুলোই জানার চেষ্টা করেছি এই কদিন। বিশ্বকাপের জন্যও আমি একটা পরিকল্পনা তৈরি করেছি।

 দলের শক্তিমত্তা আর দুর্বলতার জায়গাগুলো কী কী?
ডিট্জ: বোলিংয়ের চেয়ে ব্যাটিংটাই বেশি দুর্বল মনে হলো। ফিটনেস বা শারীরিক শক্তিও অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের খেলোয়াড়দের মতো নয়। তবে আমার মনে হয় পরিস্থিতি অনুযায়ী কখন কী করতে হবে, সেটা শেখানোই বড় কাজ হবে এখানে।

 যে সমস্যাগুলোর কথা বললেন, এগুলো কাটিয়ে ওঠা কতটা কঠিন?
ডিট্জ: আমি তো মনে করি খুব ভালো সম্ভাবনা আছে এখানে মহিলা ক্রিকেটের। এই মেয়েরা এর আগে পেশাদার ট্রেনিং পেয়েছে বলে মনে হয় না। পর্যাপ্ত টাকা খরচ করতে পারলে ২০১৭ বিশ্বকাপের জন্য খুব ভালো একটা দল গড়া সম্ভব।

 প্রাথমিকভাবে দলের সঙ্গে আপনার মূল কাজটা কী হবে?
ডিট্জ: দলটাকে আরও আক্রমণাত্মক মানসিকতার হতে হবে—এটাই আমাদের দর্শন এখন। আচরণটা অবশ্যই বাঘের মতো হতে হবে এবং প্রতিপক্ষের প্রতি-আক্রমণাত্মক থাকতে হবে। যেসব জিনিস দলের মধ্যে এখনো দেখিনি, তার মধ্যে এটাই সবার আগে। এই জিনিসটা বদলাতে চাই।

 বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত কাউকে সেভাবে চোখে পড়েছে?
ডিট্জ: অধিনায়ক সালমা, ওপেনার শুকতারা, পেস বোলার জাহানারা এবং স্পিনার কুবরা বিশ্বমানের খেলোয়াড়। এ ছাড়া আরও পাঁচ-ছয়জন আছে যারা বিশ্বমানের কাছাকাছি। বাকিদেরও যদি তাদের কাছাকাছি আনা যায়, খুব ভালো একটা দল দাঁড়িয়ে যাবে আমাদের।

 কাজ করার জন্য এখানকার সুযোগ-সুবিধা কেমন?
ডিট্জ: সুযোগ-সুবিধা অসাধারণ। সমস্যা একটাই, প্রস্তুতির জন্য সবাই একই জায়গা (মিরপুর) ব্যবহার করছে। সবাই-ই চাইবে তাদের জন্য আলাদা সুযোগ-সুবিধা থাকুক, কিন্তু সেটা হয়তো সম্ভব নয়। কাজেই আমাদের মিলেমিশেই কাজ করতে হবে।

 বাংলাদেশ সম্পর্কে আগে থেকে কেমন ধারণা ছিল আপনার?

ডিট্জ: সাউথ অস্ট্রেলিয়ায় আমি জেমি সিডন্সের সঙ্গে খেলেছি। এরপর ওই একই দলে তিনি আমার কোচও ছিলেন। পরে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে তাঁর সহকারী হিসেবে কাজ করেছি। সিডন্সই আমাকে বলেছেন, বাংলাদেশ দারুণ একটা জায়গা এবং আমার কাছে তা ভালোই লাগবে। আমাকে স্থানীয় কোচ এবং লোকজনের সঙ্গে মিশতে বলেছেন। আমিও সেই চেষ্টাই করছি।

 ভাষাগত কোনো সমস্যা কি হচ্ছে এখানে?
ডিট্জ: আমার মনে হয় মহিলা ক্রিকেটের কর্মসূচির মধ্যে ইংরেজি শিক্ষাও থাকা উচিত। মেয়েদের অবশ্যই ইংরেজি শেখা উচিত, কারণ বিশ্বকাপের প্রেজেন্টেশন হবে ইংরেজিতে। এদের কেউ যদি ক্রিকেট সুপারস্টার হতে চায়, যোগাযোগের মাধ্যম বাড়াতে হবে।