'সিদ্ধান্তটা পুরোপুরিই ক্রিকেটীয়'
বিসিবি কর্মকর্তাদের মনে হয়েছিল, সিদ্ধান্তটা আবেগের বশে নেওয়া। তবে কাল বোর্ড সভাপতি নাজমুল হাসানের সঙ্গে এক ঘণ্টার বৈঠক শেষে শেন জার্গেনসেন পরিষ্কার করে দিলেন, বাংলাদেশ দলের কোচের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তিনি নিয়েছেন অনেক ভেবেচিন্তেই। আর সে কারণেই বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করে সরে আসলেন না পদত্যাগের সিদ্ধান্ত থেকে।
বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই অস্ট্রেলিয়ান ব্যাখ্যা করলেন তাঁর পদত্যাগের কারণ। জানালেন ভবিষ্যত্ পরিকল্পনাও—
বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা
এই মুহূর্তে কেবল এটাই বলতে পারি, বোর্ড সভাপতির সঙ্গে খুব ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে। যে বিষয়গুলো ছিল সেগুলোর সমাধান ও ব্যাখ্যা দেওয়া হয়েছে। খুবই ভালো কথাবার্তা হয়েছে। আমরা দল নিয়ে কথা বলেছি, ভবিষ্যত্ নিয়ে কথা বলেছি, মিডিয়ায় আসা বিষয়গুলো নিয়েও কথা হয়েছে। তবে এখনই খুব বেশি কিছু বলতে পারছি না কারণ, আমি পদত্যাগ করে সরে যেতে চাই। বোর্ড একটু পর সভায় বসবে এবং আমার ধারণা সেখানে অবশ্যই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আমার বিদায়টা ভারত সিরিজের পরে হবে নাকি আগে, বোর্ড সেই সিদ্ধান্ত নেবে।
বিসিবির অনুরোধ
হ্যাঁ, আমাকে বলা হয়েছে চাইলে আমি বিশ্বকাপের শেষ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে পারি। আমার মনে হয় এ নিয়ে বেশি কথা না বলাই ভালো। আমি পদত্যাগ করেছি, দুর্ভাগ্যজনক হলেও আপাতত এটুকুই বলার আছে। আমি প্রস্তাবটির জন্য ধন্যবাদ দিয়ে বলেছি, আমি চাচ্ছি না থাকতে। বোর্ড সিদ্ধান্ত নেবে সেটা কি এখন থেকেই নাকি ভারত সিরিজের পর। আমি তাদের বলেছি, তারা চাইলে সিদ্ধান্তটা তাত্ক্ষণিকভাবেও কার্যকর করতে পারে। আমার দ্রুত সরে যাওয়াটাই সম্ভবত সবচেয়ে ভালো।
যে কারণে পদত্যাগ
আমার পদত্যাগ দলের জন্য ভালো হবে, এ বিষয়টাও আমি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। কোচ হিসেবে আমি সব সময়ই দলের স্বার্থ আগে দেখি এবং সব সময় দলেরই একজন হয়ে থাকি। দলের জন্য এখন এটাই ভালো। সবচেয়ে ভালো হয় আমি পুরোপুরি সরে গেলে ছেলেরা যাতে ভারত সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দিতে পারে।
নতুন চাকরির প্রস্তাব
যারা মাঠে কাজ করে এবং কিছু দেওয়ার ক্ষমতা থাকে, তাদের সামনে সব সময়ই কোনো না কোনো সুযোগ থাকে। তবে এ মুহূর্তে বলার মতো নির্দিষ্ট কিছু আমার সামনে নেই। কিছু প্রস্তাব আছে যেগুলো গ্রহণ করলে আমি আমার বাড়ির অনেক কাছাকাছি থাকতে পারব। আমার সিদ্ধান্তের পেছনে ছোট হলেও এটা একটা কারণ। আমার একটা পরিবার আছে, গত ছয় বছর ধরে তাদের থেকে দূরে আছি। আমার স্ত্রী, বাচ্চারা সব সময়ই আমাকে সমর্থন দিয়ে গেছে। তবে আবারও বলি, এটা ছোট একটা কারণ, মূল কারণ তো অবশ্যই নয়। অনেকগুলো ভিন্ন ভিন্ন কারণে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা পুরোপুরিই ক্রিকেটীয়। গত কয়েক মাসে মাঠের বাইরে এমন কিছু ঘটনা ঘটেছে, যেগুলো কোচ হিসেবে আমাকে আমার অবস্থান বোঝাতে সাহায্য করেছে।
খেলোয়াড়, বিসিবি ও দর্শকদের ধন্যবাদ
খেলোয়াড়েরা যারা আমাকে সমর্থন করেছে এবং সুযোগ দিয়েছে একসঙ্গে কাজ করার, তাদের আন্তরিক ধন্যবাদ। আমরা অসাধারণ কিছু ফলাফল করেছি। এখানকার দর্শক-সমর্থকেরাও অবিশ্বাস্য রকমের সমর্থন দিয়েছে। আমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ বিসিবিকেও। পূর্ণ সদস্য কোনো দলের কোচ হওয়া আমার জন্য বিরাট এক সুযোগ ছিল। যাওয়ার আগে অপ্রীতিকর কিছু বলে এই জিনিসগুলো নষ্ট করতে চাই না।