‘সিরিজ জিততেই মাঠে নামব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের অধিনায়ক হয়েছিলাম এক বছরেরও বেশি সময় আগে। অধিনায়কত্ব শুরু করতে না করতেই চোটের জন্য ছিটকে পড়লাম মাঠের বাইরেই। দলে ফিরে ইংল্যান্ড সফর থেকে শুরু করে নিয়মিত অধিনায়কত্ব করছি। এই সময়ে ম্যাচ জিতেছি, হেরেছি। কিন্তু এটা আগে কখনোই করা হয়নি—দেশে জাতীয় দলের অধিনায়কত্ব করা হয়নি। আগামীকাল শুরু হচ্ছে আমার অধিনায়ক জীবনের নতুন সেই পর্ব। দেশের মাটিতে খেলা। সাধারণত সবাই এটাকে চাপ হিসেবে ধরে নেয়। কিন্তু আমার কাছে এটা বাড়তি একটা অনুপ্রেরণা। ঢাকার সমর্থকদের সামনে খেলব, দর্শক আমাদের হয়ে চিৎকার করবে; এটা তো আমাদের জন্য বিশাল পাওয়া হবে। আমি খুব ভালো করে জানি, পাওয়ার বিনিময়ে সমর্থকদের কিছু দিতেও হবে। সোজা কথায়, সমর্থকেরা মাঠে আসবে আমাদের জয় দেখতে। ইংল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে ওয়ানডেতে সব টেস্ট খেলুড়ে দেশকে কমপক্ষে একবার করে হারানোর কাজটা সম্পন্ন করেছি আমরা। এই নিউজিল্যান্ডকেই ওদের সর্বশেষ বাংলাদেশ সফরে হারিয়েছি। এবার নিশ্চয়ই ওদের বিপক্ষে প্রতিটা ম্যাচই আমরা জয়ের জন্য খেলব। এভাবে না বলে আরও পরিষ্কার করে বলতে চাই, আমরা এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের জন্যই মাঠে নামব। সেটা আমাদের পক্ষে সম্ভব। সবার জানা কথা, তার পরও বলি, সিরিজ জয়ের জন্য আমাদের সেরা খেলাটা খেলতে হবে। ‘সেরা খেলা’ কথাটা একটা কথার কথা বলে ধরে নেবেন না। নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে মাঝারি মানের পারফরম্যান্স করে বা এক বিভাগে ভালো করে ম্যাচ জেতা যাবে না। নিউজিল্যান্ড পৃথিবীর অন্যতম পেশাদার ক্রিকেট দল। যেকোনো পরিস্থিতিতে ওরা ম্যাচে ফেরার জন্য প্রস্তুত থাকে। ফলে আমাদের ‘সেরা খেলা’ কথাটার অর্থ হলো প্রতিটি বিভাগে ধারাবাহিক পারফরম্যান্স। আরেকটু পরিষ্কার করি। ধরা যাক, আমরা ব্যাটিংয়ে খুব ভালো করলাম, সামর্থ্যের ৮০ শতাংশ পারফরম্যান্স করলাম। কিন্তু বোলিংয়ে সামর্থ্যের ২০ শতাংশও দিতে পারলাম না। তাহলে বা এর উল্টোটা হলে কিন্তু ওরা ম্যাচ বের করে নেবে। আমাদের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন বিভাগেরই সামর্থ্যের ৬০ শতাংশ যদি মাঠে করে দেখাতে পারি; তাহলে প্রতিটি ম্যাচ জেতা সম্ভব।ব্যাটিংয়ে তামিমের না থাকাটা যে বড় একটা ধাক্কা, সেটা সবাই মানবেন। তার পরও ইমরুল, জুনায়েদ, নাফীস আছে; ওদের কাজ হলো ভালো শুরু করা; যেটা গত কিছুদিন তামিম নিয়মিত করছিল। এমন শুরুটা হলে পরে রিয়াদ (মাহমুদউল্লাহ), মুশফিক, সাকিব, নাঈমরা আছে; ওরা ভালো স্কোর করতে পারবে। বোলিংয়ে মূল চাপটা নিতে হবে সাকিব, রাজ্জাক ও আমাকে। আমাদের ৩০ ওভারের মধ্যে ভুলচুক করা চলবে না। আমরা কোনো গোলমাল করে ফেললে বাকি ২০ ওভারে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা আরও বিপজ্জনক হয়ে উঠবে। আমরা কাজটা ঠিকমতো করতে পারলে সুহাস (সফিউল), রুবেল, রিয়াদরা ঠিক সামলে নিতে পারবে।বোলিংয়ে খুব বড় একটা ব্যাপার হবে বাজে বলের সংখ্যা কমিয়ে আনা। ওরা ভালো বলেও কিন্তু শট খেলে ঝুঁকি নেবে। যদি আমরা ভালো বলের সংখ্যা বাড়াতে পারি, তাহলে ওদের ঝুঁকিপূর্ণ শটের পরিমাণ বাড়বে। আর ভালো বল বেশি করতে গেলে আমাদের মাঠে পরীক্ষা-নিরীক্ষা বেশি করা চলবে না।আমার তুরুপের তাস অবশ্যই সাকিব আল হাসান। বিশ্বের সেরা ওয়ানডে অলরাউন্ডার, সম্প্রতি কাউন্টিতে দুর্দান্ত খেলে এসেছে; আমার বড় ভরসা তো সে হবেই। তবে মনে রাখবেন, এই দলটা কিন্তু সাকিব বা আমার, কারও একার ওপর নির্ভরশীল নয়। আমাকে কি খুব বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছে? এই আত্মবিশ্বাসটা এসেছে এবারের অনুশীলন থেকে। আমাদের কঠোর পরিশ্রমের অনুশীলন এর আগেও হয়েছে। কিন্তু এমন বিভাগওয়ারি গোছানো অনুশীলন এর আগে কখনো হয়নি। আপনি দলে যেকোনো একজন খেলোয়াড়কে বেছে নিয়ে প্রশ্ন করে দেখতে পারেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নিয়ে তারা কত নিবিড় অনুশীলন করেছে। এই অনুশীলনের ফল দেখার জন্য আমার তর সইছে না। অবশ্য আমার এসব কথার মানে এই নয় যে, আমরা ভালো অনুশীলন করছি আর নিউজিল্যান্ড বসে আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে গেলে বেশ কিছুকাল ধরেই মূল হুমকির নাম ড্যানিয়েল ভেট্টোরি। বল হাতে ও কী জিনিস, সেটা দুনিয়ার সব ক্রিকেটারই জানে। আমাদের বিপক্ষে ও ব্যাট হাতেও অসাধারণ হয়ে ওঠে।আমাদের অবশ্য মূল চিন্তা করতে হবে বোলার ভেট্টোরিকে নিয়ে। ব্যাটসম্যান ভেট্টোরির আগে ওদের টপ-অর্ডারটা বড় মাথাব্যথা। রস টেলর, ব্রেন্ডন ম্যাককালাম, জেসি রাইডাররা খুব বিপজ্জনক ব্যাটসম্যান। অনেকেই নিউজিল্যান্ডের পেস অ্যাটাক নিয়ে কথা বলছে। কিন্তু আমার কাছে মনে হয় না ওদের পেস বোলিং আমাদের এই কন্ডিশনে খুব কার্যকর হবে। এই গরমে ওভার তিনেকের বেশি ১৪৫-এর ওপরে বল করা খুব কঠিন। ওরা কী করবে, সেটা ওদের ব্যাপার। কিন্তু আমাদের নিজেদের ক্রিকেটটা খেলতে হবে। আবার বলছি, ‘নিজেদের ক্রিকেট’ ব্যাপারটা হাওয়া কিছুই না। আমরা সত্যিই সেরা পারফরম্যান্স করতে পারলে নিউজিল্যান্ডকে বিপাকে ফেলা সম্ভব।• বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নিয়মিত কলাম লিখবেন শুধু প্রথম আলোতেই