অনেক সমালোচনা সহ্য করেছেন। কিন্তু সেই সৌরভ গাঙ্গুলী আবার কলকাতা নাইট রাইডার্সের বড় ভরসা হয়ে উঠেছেন। দ্য টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পারফরম্যান্স ও দলের অবস্থা নিয়ে কথা বলেছেন সৌরভ গাঙ্গুলী
‘সুখী একটা ড্রেসিংরুম পেয়েছি’
ব্যাটিং ও ফিল্ডিং দুই বিভাগেই এবার সবাইকে বিস্ময় উপহার দিচ্ছেন। আপনার কী মনে হয়?সৌরভ গাঙ্গুলী: ১৫ বছর ধরে এই বিস্ময়ের কথা শুনে আসছি। আমি যে পারফর্ম করতে পারি, এটা লোকজন মানতে পারে না কেন? আমি ভালো করলেই তাদের কেন বিস্মিত হতে হবে? এসব আজও বুঝে উঠতে পারি না। যখন ভারতের হয়ে পারফর্ম করতাম, তখনো লোকে বিস্মিত হতো। আপনার দল (কলকাতা) নিয়ে আপনার মূল্যায়ন কী?সৌরভ: কিছু ম্যাচে আমাদের সংগ্রাম করতে হয়েছে। কিন্তু আমরা ভালো দল। অবশ্যই আমাদের আরও ধারাবাহিক হতে হবে। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমরা যেকোনো দলকে হারাতে পারব। এই মৌসুমে আপনারা বদলে গেলেন কীভাবে?সৌরভ: প্রধানত দলের মধ্যে দারুণ যোগাযোগ। গত বছর এটাই ছিল না। এখন খেলোয়াড়েরা জানে, শুধু পারফরম্যান্সটাই বিবেচনায় নেওয়া হবে, অন্য কিছু নয়। একজন খেলোয়াড় প্রথম একাদশে না থাকলে আমি তাকে ব্যাখ্যা করে বলি, সে কেন একাদশে নেই। খেলোয়াড়েরা কারণটা জানতে পারলে তারা অনেক ইতিবাচক থাকতে পারে। দলের মধ্যে এ রকম পারস্পরিক যোগাযোগের কারণেই এখন আমরা দারুণ সুখী একটা ড্রেসিংরুম পেয়েছি। একটা সঠিক পরিবেশ দরকার এবং সেটা এবার আমরা পাচ্ছি। আপনি কি ডেভ হোয়াটমোরের সঙ্গে একমত যে, জাতীয় দল নির্বাচনের চেয়ে আইপিএল একাদশ নির্বাচন কঠিন?সৌরভ: (হেসে) হ্যাঁ। এখানে বাধা-নিষেধ থাকায় আইপিএল একাদশ নির্বাচন খুব কঠিন কাজ। আপনি সব সময় অধিনায়কত্ব উপভোগ করেন। এক মৌসুম বিরতির পর আবার কেকেআরের দায়িত্ব নিয়েছেন। গত কয়েক সপ্তাহ কেমন গেল?সৌরভ: এখন পর্যন্ত ভালোই কেটেছে। তবে সামনে অনেকগুলো খুব কঠিন খেলা আসছে। প্রথম মৌসুমে (২০০৮) বলেছিলেন, টি-টোয়েন্টির অধিনায়কত্বটা শিখছেন। এখন তো একটা অভিজ্ঞতা হয়েছে। নতুন কিছু করার উদ্যোগ নিচ্ছেন?সৌরভ: আমার মনে হয়, আগের চেয়ে পরিস্থিতি এখন ভালো সামাল দিচ্ছি। ব্যাটিংটাও ভালো করছি। সবকিছুর পরও এটাই সত্যি, টি-টোয়েন্টিতে একটু অন্যকিছু করতে হয়। সেটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, আমার জন্য ওপেন করাই ভালো। তাহলে প্রথম ম্যাচ থেকেই ওপেন করেননি কেন?সৌরভ: আমরা আসলে সমন্বয় খোঁজার চেষ্টা করছিলাম। আর প্রথম দুই ম্যাচ তো একটা নির্দিষ্ট ওপেনিং জুটি নিয়ে (হজ-তিওয়ারি) জিতেছিলাম। শাহরুখ নাকি আপনাকে ওপেন করতে বলেছেন?সৌরভ: হ্যাঁ। শাহরুখ, ডেভ—দুজনই। এই মৌসুমে আইপিএলে কোনো ভিন্নতা দেখছেন?সৌরভ: পরিষ্কার দেখছি শচীনের দুর্দান্ত ফর্ম। বোলাররা ভালো করছে। জহির খান, লাসিথ মালিঙ্গা, আরও কয়েকজন তরুণ যেমন (সৌরভ) তিওয়ারি ভালো করছে। আইপিএলের চতুর্থ আসর নিয়ে ভাবছেন?সৌরভ: এখন আমি শুধু বর্তমান মৌসুম নিয়ে চিন্তা করছি, শুধু নিজেদের সেমিফাইনালে তোলার চেষ্টায় আছি। অনেকে ভয় পান যে, আপনি অবসর নিলে কেকেআরের জনপ্রিয়তা কমে যাবে...সৌরভ: (হেসে) দেখুন, আমি ২০১১ সালে খেলব। যদি সেবার ভালো করি, তাহলে ২০১২ সালেও খেলব। আশা করি, একই পোশাক পরেই খেলব। শেষ প্রশ্ন, বিজয়ী ও সাধারণের মধ্যে পার্থক্যটা কী?সৌরভ: মানসিকতা এবং সামর্থ্য... দুটোর সত্যিকারের সমন্বয়।