‘সুন্দর ফুটবলে’ গলদ দেখছেন দুঙ্গা!
কার্লোস দুঙ্গা জবাব দেওয়ার জন্য এবার ভিন্নপথ বেছে নিলেন। সেই শুরু থেকেই তাঁকে শুনতে হচ্ছে, দুঙ্গার ব্রাজিল সুন্দর ফুটবল খেলে না। ১৯৭০-এর ব্রাজিলের সুন্দর ফুটবলকে ১৯৯৪ বা এই ২০১০ বিশ্বকাপে নাকি তিনি গলা টিপে মেরেছেন!এত দিন দুঙ্গার জবাব ছিল, তিনি জয় চান, সুন্দর ফুটবল না। এবার দুঙ্গা বলছেন, সুন্দর ফুটবল প্রচারণাটাতেই গলদ আছে। এই ‘গলদ’টা দুঙ্গা খুঁজে পেয়েছেন টেলিভিশন সম্প্রচারে। ওয়েবসাইট।দুঙ্গার ভাষ্যমতে, ব্রাজিলের পুরোনো দিনের খেলাগুলোর ভালো অংশই শুধু প্রচার করা হয় বলে সেটাকে বেশি সুন্দর মনে হয়, ‘১৯৭০ সালে আমাদের বাড়িতে টেলিভিশন ছিল না। পরে যখন তারা হাইলাইটসগুলো দেখানো শুরু করল, শুধু ভালো অংশগুলোই দেখাত। কেউ কিন্তু ১৯৬৬ বিশ্বকাপ দেখায় না। কারণ, ব্রাজিল সেবার ভালো করেনি। আবার ১৯৫৮ বা ১৯৬২ বিশ্বকাপ থেকেও ভালো অংশগুলোই সম্প্রচারিত হয়েছে।’দুঙ্গার দাবি, তাঁর এই দলের ক্ষেত্রে ওই কাজ করলে, সুন্দরই মনে হবে, ‘যদি বর্তমান ব্রাজিল দলেরও সেরা অংশগুলো বেছে নিয়ে প্রচার করা হয়, সমর্থকেরা ভাববে এটা অসাধারণ একটা দল। কিন্তু এখন ভালো-খারাপ সবই দেখানো হয়।’আরও যুক্তি আছে দুঙ্গার। তিনি বলছেন, যথেষ্ট সময় ধরে আজকাল প্রস্তুতির সুযোগ না থাকায় আগের মতো ফুটবল আর খেলা যায় না, ‘১৯৭০ সালের দল চার মাস সময় পেয়েছিল প্রস্তুতির জন্য।’তবে সব মিলিয়ে লোকেদের এই পুরোনো দিনের প্রতি টানকে একটা দার্শনিক জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি বলছেন এটা আসলে প্রজন্মের মানসিকতার পার্থক্য, ‘আমার দাদু বাবাকে সব সময় বলতেন, তাদের দিনটা ভালো ছিল। আমার বাবাও আমাকে তা-ই বলতেন। আবার আমিও আমার ছেলেকে বলি, আমার দিনটা ভালো ছিল। আমি নিশ্চিত, আমার ছেলেও তার ছেলেকে এই কথা বলবে।’এসব স্মৃতিকাতরতায় আপত্তি নেই দুঙ্গার। কিন্তু কোচ হিসেবে এসব স্মৃতিকাতর লোকের চাপ যখন সামলাতে হয়, তখন বিরক্ত লাগে তাঁর, ‘চাপ তো বাড়ছেই। আমাদের সব সময় জিততে বলা হয়। কিন্তু জিতলে বলা হয়, তারা খুশি না। কারণ, আমরা সুন্দর কিছু দেখাতে পারিনি। যদি সেটা দেখাই তাহলেও তারা খুশি হয় না। কারণ, আমরা ছয়-সাত গোল করিনি। যদি ছয়-সাত গোল করি, তখন বলা হয় প্রতিপক্ষ ভালো ছিল না।’এই অভেদ্য চক্র কীভাবে ভেদ করবেন দুঙ্গা!